Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ২১, ২০২৫

ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুতে চিকিৎসা গাফিলতির অভিযোগ । ঘটনার তদন্তের নির্দেশ দিলেন পূর্ব বর্ধমান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক

আরম্ভ ওয়েব ডেস্ক
ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুতে চিকিৎসা গাফিলতির অভিযোগ । ঘটনার তদন্তের নির্দেশ দিলেন পূর্ব বর্ধমান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক

কালনার গ্রামকালনা এলাকার স্কুলছাত্রী সাধনা বসাকের (১১) অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় কালনা হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগের তদন্ত করা হবে বলে জানালেন পূর্ব বর্ধমান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জয়রাম হেমব্রম। জানান, ‘ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর তদন্ত কমিটি তৈরি করে সেই পদক্ষেপ নেওয়া হবে।’ সেই তদন্তের দিকেই তাকিয়ে রয়েছে সাধনার শোকসন্তপ্ত পরিবার।

কালনার গ্রামকালনার বাসিন্দা সাধনা কালনার ধাত্রীগ্রাম উচ্চ বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে পড়ত। শনিবার দুপুরে স্কুল ছুটির পর হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সে। শিক্ষিকাদের জানায়, তার মাথায় প্রচণ্ড যন্ত্রণা করছে। এরপরেই সে বমি করতে থাকে। স্কুল কর্তৃপক্ষ তার বাড়িতে খবর দেন। ছাত্রীর বাবা বিষ্ণু বসাক তাকে কালনা হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা চলাকালীন তার শারীরিক অবস্থার অবনতি হতেই তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে মৃত পড়ুয়ার পরিবার জানতে পারে যে, কালনা হাসপাতালে তার সাপে কামড়ানোর চিকিৎসা করা হয়েছে। এরপরেই সাধনার বাবা পেশায় তাঁতশ্রমিক বিষ্ণু বসাক ও মা শম্পা বসাক কালনা হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তোলেন। তারা জানান, ‘মেয়ে স্কুলে অসুস্থ হয়ে পড়ে। টোটোয় করে নিয়ে যাওয়ার সময় মেয়ের ঘুম পাচ্ছিল। কালনা হাসপাতালের চিকিৎসক-নার্সরা জিজ্ঞাসা করে মেয়েকে কিছু কামড়েছে কিনা। মেয়ে জানায়, ওকে কিছু কামড়ায়নি। তা সত্বেও ওরা সাপে কামড়ানোর ইঞ্জেকশন দেয় স্যালাইনের ভিতরে। মেয়ের অবস্থা খারাপ বলে এরপর ওরা বর্ধমান হাসপাতালে পাঠিয়ে দেয় মেয়েকে। ওখানে ডাক্তাররা মেয়েকে মৃত বলে জানান।’ তাদের অভিযোগ, ‘মেয়েকে সাপে কামড়ায়নি, তা সত্ত্বেও সাপে কামড়ানোর চিকিৎসা করা হয়। ভুল চিকিৎসায় মেয়ে মারা যায়।’ প্রশ্ন উঠছে, সাধনাকে সাপে কামড়ানোর চিকিৎসা কেন করা হল? কালনা হাসপাতালের ব্যাখ্যা, ছাত্রীটিকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। সাপে কামড়ানোর উপসর্গ দেখেই চিকিৎসা করা হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!