- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ২২, ২০২৫
জরাজীর্ণ ‘সুভাষ আশ্রম’, পরিণত হানা বাড়িতে।উঠলো সংরক্ষণের দাবি
১৯৩২ সালে জেলে যাওয়ার আগে নেতাজি সুভাষচন্দ্র বসু শেষ জনসভাটি করেছিলেন কাটোয়ায়। গঙ্গা লাগোয়া ‘দীনদয়াল মুমূর্ষু সেবাশ্রম ভবনে’ টানা ৩ দিন (মতান্তরে ২ দিন) থেকে স্বাধীনতা যুদ্ধের ছক কষা থেকে শুরু করে এলাকায় বেশ কয়েকটি সভায় ভাষণ দেন নেতাজি। নেতাজির রাত্রিবাসের স্মৃতি জড়ানো এই ভবনটি ফরওয়ার্ড ব্লকের কার্যালয় হয়। নামকরণ হয় ‘নেতাজি সুভাষ আশ্রম।’ কাটোয়ার কাঠগোলাপাড়ায় ১১ শতক জায়গার উপর তৈরি ভবনের সামনে বসানো হয় নেতাজির আবক্ষ মূর্তি। স্বাধীনতার ইতিহাসের নানা স্মৃতিজড়ানো ভবনটি সংস্কারের অভাবে হানাবাড়িতে পরিণত হয়েছে। খসে পড়ছে ইট-পলেস্তারা। ঘুণ ধরেছে কড়ি-বরগা, জানলা-দরজায়। ২ বছরের উপর তালাবন্ধ থাকায় আগাছায় ছাওয়া গোটা ভবনটি এখন বিষধর সাপেদের ডেরা। মানুষজন যেতে ভয় পান। গৌরবের ইতিহাসের সাক্ষী এই ভবনটি আমূল সংস্কারের দাবি তুলছেন শহরের বিশিষ্ট মানুষজন। এলাকার বাসিন্দা কল্প গুহ, রণজিৎ মণ্ডলরা বলছিলেন, ‘সকল মতের ঊর্ধ্বে উঠে অবিলম্বে সংস্কার করা হোক ভবনটি।’
এই দাবি পূরণ নিয়েই শুরু হয়েছে তরজা। কাটোয়ার বাসিন্দা ফরওয়ার্ড ব্লকের পূর্ব বর্ধমান জেলা নেত্রী মাধবী দাস বলছিলেন, ‘ভবনটি সংস্কারের জন্য পুরসভার কাছে আবেদন করি। কিন্তু পুরসভা নানারকম শর্ত দেয়। সেগুলো মানা সম্ভব নয়।’ এ প্রসঙ্গে কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি বললেন, ‘নেতাজির স্মৃতিধন্য এই ভবনটি সংস্কার করতে আমরা খুবই আগ্রহী। কিন্তু ওটাতো একটা রাজনৈতিক দল (ফরওয়ার্ড ব্লক) ব্যবহার করে। সরকারি অর্থেতো রাজনৈতিক দলের কার্যালয় সংস্কার করা যায় না। ওই দল ভবনটি ছেড়ে দিলেই আমূল সংস্কার করা হবে। একটা সংগ্রহশালা গড়ারও ইচ্ছে রয়েছে।’
কাটোয়ার প্রাচীন ইতিহাস গবেষক রণদেব মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলে জানা গেল, শুরুতে এই ভবনটির স্বত্ত্বাধিকারী ছিলেন যদুপতি চ্যাটার্জি নামে এক সম্পন্ন জমিদার। ভবনটিতে বসবাস করতেন শ্মশানের শবদাহকর্মের দায়িত্বপ্রাপ্ত ফুলেশ্বরী ওরফে ফুলি নামে এক মহিলা। এছাড়া এই ভবনে মৃত্যুপথযাত্রীদের গঙ্গাবাস ও শবযাত্রীদের রাঁধা-খাওয়ার ব্যবস্থা ছিল। পরে ভবনটির অধিকার নিয়ে হাইকোর্টে যদুপতির সঙ্গে ফুলেশ্বরীর মামলা হয়। যদুপতি মামলার ডিক্রি পাওয়ায় ফুলেশ্বরী ভবনটির অধিকার ছেড়ে দেন। নিজের বাবা দীনদয়াল চট্টোপাধ্যায়ের স্মৃতিতে যদুপতি ভবনটির ‘দীনদয়াল আশ্রম’ নামকরণ করে জনসেবার কাজে উৎসর্গ করেন। এখানে বেশকিছুদিন জাতীয় বিদ্যালয় পরিচালিত হয়। এখানে ১০০টি চরকা ও ৫টি তাঁতযন্ত্র ছিল। ১৯২১ সালে এটি ‘কংগ্রেস আশ্রমে’ পরিণত হয়। নেতাজি এখানে আসার পর থেকে নামকরণ হয় ‘নেতাজি সুভাষ আশ্রম’।
❤ Support Us






