- দে । শ প্রচ্ছদ রচনা
- জানুয়ারি ২৪, ২০২৫
‘ধর্মপালনের সঙ্গে লাউডস্পিকার বাজানোর কোনো সম্পর্ক নেই’, মন্তব্য মুম্বাই হাইকোর্টের
লাউডস্পিকার বা মাইক বাজানো কোনো ধর্মেই অপরিহার্য নয়, মন্তব্য করে মুম্বাই হাইকোর্ট রাজ্যকে উপাসনালয় থেকে শব্দ দূষণ রোধ করার নির্দেশ দিয়েছে। রায়ের সপক্ষে আদালত জানিয়েছে, তাঁরা জনস্বাস্থ্যের উপর জোর দিতে চাইছেন। এতে কোনো ধর্মের সাংবিধানিক অধিকার লঙ্ঘনের হচ্ছে না। মসজিদ ও মাদ্রাসার লাউডস্পিকার ব্যবহারের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয়া হয়েছে।
ধর্মপালন বা ধর্মীয় উৎসবের অনুষ্ঠানে তারস্বরে মাইক বা লাউড স্পিকার বাজানো অপরিহার্য নয়। পুলিশকে শব্দদূষণ রোধে যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। মসজিদ ও মাদ্রাসায় লাউডস্পিকারের যছেচ্ছ ব্যবহারের বিরুদ্ধে মামলায় রায় দিতে গিয়ে মুম্বাই হাইকোর্ট জানিয়েছেন, জনস্বাস্থ্যের উপর জোর দিতে চাইছেন। এতে কোনো ধর্মের সাংবিধানিক অধিকার লঙ্ঘনের হচ্ছে না। তাঁদের এই রায়কে ঘৃণা ছড়ানোর কাজে যেন ব্যবহার করা না হয় সে বিষয়েও সতর্ক করা হয়েছে। আদালত রাজ্য সরকার ও পুলিশকে নির্দেশ দিয়ে বলেছে, লাউডস্পিকার ও মাইকে উন্নত কোনো নির্মাণ-প্রযুক্তি ব্যবহার করে শব্দের উচ্চমাত্রা নিয়ন্ত্রণ করতে হবে। ধর্মনিরপেক্ষভাবে সমস্ত প্রার্থনাস্থল, মন্দির-মসজিদ-গির্জায় এই নিয়ম লাগু করতে হবে।
মুম্বাই হাইকোর্টে কুরলার দুটি আবাসনের নাগরিক কমিটি মামলা দায়ের করেছিল। তাঁদের অভিযোগ ছিল, এলাকায় বেশ কিছু মসজিদে এবং মাদ্রাসায় দেদার লাউডস্পিকার বাজানো হয়। কিন্তু অভিযোগ করলেও পুলিশ নিষ্ক্রিয় থাকে। প্রশাসনকে বারবার জানিয়েও কোনো কাজ হয়নি। সেই মামলায় শুক্রবার মুম্বাই হাই কোর্টের বিচারপতি এএস গড়করি এবং এসসি চন্দকের ডিভিশন বেঞ্চ ওই মামলায় তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ করে জানিয়েছেন, ”সাধারণত সহ্যের সীমা না ছাড়ালে মানুষ শব্দদূষণ নিয়ে অভিযোগ করে না। তাই এই ধরনের অভিযোগ এলে পুলিশের দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।” বিচারপতি যুক্ত করেছেন, শব্দদূষণ বিধি, ২০০০ প্রয়োগ ও কঠোরভাবে তা মান্য করার অধিকার পুলিশকে দেওয়া আছে। ফলে লাউডস্পিকার চালিয়ে কোনও ধর্মীয় প্রতিষ্ঠানের অধিকার নেই পরিবেশে শব্দদূষণ ঘটানো। দুই বিচারপতি রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে, প্রশাসনের তরফে যে কোনো জায়গাতে মাইক বাজলে তা পরিমাপ করতে, শব্দের মাত্রা ছাড়ালে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে মাইকের ব্যবহারের অনুমতি খারিজ করা হবে।
বিগত কয়েক বছরে ধর্মীয়স্থলে মাইক মাজানো নিয়ে সমালোচনা চলছে। বিশেষ করে মসজিদ ও মাদ্রাসাগুলোয় তারস্বরে লাউডস্পিকার বাজানো হয় বলে অভিযোগ জানিয়ে আসছে হিন্দুত্ববাদী সংগঠনগুলি। বজরং দল এবং শ্রীরামসেনার মতো সংগঠনগুলি এখন মসজিদে লাউডস্পিকার ব্যবহার নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছে ৷ ‘মসজিদে লাউডস্পিকার ব্যবহার করে আজান দেওয়া উচিত নয়। তাদের আপত্তির সুরাহা না হলে মসজিদের কাছে লাউডস্পিকারে ভজন বাজানোর হুমকি দিয়েছিলেন তাঁরা।’ সম্প্রতি মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রধান রাজ ঠাকরে মহারাষ্ট্র সরকারকে মসজিদ থেকে লাউডস্পিকার সরানোর আহ্বান জানান। ২০০৫ সালের ২৮ অক্টোবর, সুপ্রিম কোর্টে বিচারপতি আরসি লাহোটি এবং বিচারপতি অশোক ভানের ডিভিশন বেঞ্চ শব্দদূষণ সংক্রান্ত মামলায় রায় দিয়েছিল যে, বছরের ১৫ দিন উৎসব উপলক্ষে মধ্যরাত পর্যন্ত লাউডস্পিকার ব্যবহার করার অনুমতি দেওয়া যেতে পারে। কিছু রাজ্যের পুনরাই আপিলের ভিত্তিতে রাত ১০ টা থেকে সকাল ৬ টার মধ্যে লাউডস্পিকার ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করে সর্বোচ্চ আদালত।
২০২২ সালে এলাহাবাদ হাই কোর্টেও ধর্মীয় স্থলে লাউডস্পিকার বাজানো সংক্রান্ত মামলায় একই রকমের পর্যবেক্ষণ করা হয়েছিল। সে সময় কোর্ট জানিয়েছিল, মসজিদে লাউডস্পিকার বাজানো মৌলিক অধিকার নয়।
❤ Support Us






