Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ২৯, ২০২৫

স্নাতকোত্তর মেডিক্যাল প্রবেশিকায় ‘ডোমিসাইল’ ভিত্তিক সংরক্ষণের প্রস্তাব খারিজ শীর্ষ আদালতের

আরম্ভ ওয়েব ডেস্ক
স্নাতকোত্তর মেডিক্যাল প্রবেশিকায় ‘ডোমিসাইল’ ভিত্তিক সংরক্ষণের প্রস্তাব খারিজ শীর্ষ আদালতের

দেশে স্নাতোকত্তর মেডিক্যাল প্রবেশিকায় ‘ডোমিসাইল’ ভিত্তিক সংরক্ষণ খারিজ শীর্ষ আদালতের। সংবিধানের ১৪ অনুচ্ছেদ উল্লেখ করে আবাসিক-ভিত্তিক সংরক্ষণ অসংবিধানিক, অনুমতিযোগ্য নয় বলে জানিয়েছে কোর্ট। শীর্ষ আতালতের এ রায় ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ এই রায়ের ফলে ‘স্টেট কোটা’ বা ‘রাজ্যভিত্তিক সংরক্ষণ’এর আওতায় স্নাতোকোত্তরে মেডিক্যাল প্রবেশিকায় নিট (ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট) পরীক্ষার ক্ষেত্রে একমাত্র প্রাধান্য পাবে মেধা।

বুধবার সুপ্রিম কোর্টে বিচারপতির ঋষিকেশ রায়, সুধাংশু ধুলিয়া, ওসভিএন ভাট্টির যৌথ বেঞ্চে মামলার শুনানি ছিল। শুরুতেই বিচারপতিরা স্পষ্ট ভাবে জানান, ‘পিজি মেডিকেল কোর্সে বাসস্থান ভিত্তিক সংরক্ষণ সংবিধানের ১৪ অনুচ্ছেদের স্পষ্টভাবে লঙ্ঘন।’ বেঞ্চ আরো বলছে, ‘আমরা সকলেই ভারতীয় সীমানার মধ্যে ডোমিসাইলড। ফলে ‘প্রোভিন্সিয়াল’ বা ‘স্টেট ডোমিসাইল’ বলে কিছু নেই। একটাই ডোমিসাইল আছে – আমরা সকলে ভারতবাসী।’

এই বার্তা দিয়ে কোর্ট তার পর্যবেক্ষণ প্রসঙ্গে তুলে ধরেছে সংবিধানের ১৯ অনুচ্ছেদকে। সংবিধানের ওই অনুচ্ছেদ অনুসারে, প্রতিটি নাগরিককে দেশের যে কোনো স্থানে বসবাস, বাণিজ্য এবং পেশা গ্রহণের অধিকার প্রদান করে। এদিন বেঞ্চের সাফ কথা ছিল ,’সংবিধান আমাদের অধিকার দেয় ভারতের মধ্যে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার ক্ষেত্রে নিজের পছন্দটি বেছে নেওয়ার।’ আদালত মামলার স্পর্শকাতরতা বুঝে বলেছে, আজকের রায় ইতিমধ্যেই প্রদত্ত আবাসিক-ভিত্তিক (ডোমিসাইল) সংরক্ষণগুলিকে কোনোভাবে প্রভাবিত করবে না এবং যে শিক্ষার্থীরা এই ধরনের নির্বাচনের মানদণ্ডের ভিত্তিতে তাঁদের ডিগ্রি সম্পন্ন করেছে তাঁদেরও কোনো ক্ষতি হবে না।

২০১৯ সালে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে ডোমিসাইল ভিত্তিক সংরক্ষণ সম্পর্কিত একটি মামলা ওঠে। সেবারেও কোর্ট সংরক্ষণকে অসংবিধানিক বলে উল্লেখ করেছিল। । পরে আবেদনকারীরা মামলায় সুপ্রিম কোর্টে মামলা করেন। দুই বিচারপতির বেঞ্চ ঘটনার গুরুত্বের দিকে তাকিয়ে, মামলা তিন বিচারপতির বেঞ্চের কাছে পাঠায়। সেই মামলায় এদিন কোর্ট স্পষ্টভাবে বার্তা দিয়েছে ও নিশ্চিত করেছে যে, পিজি মেডিকেল কোর্সে ভর্তি মেধা-চালিত থাকবে এবং কোনও রাজ্যই, ‘সীমাবদ্ধ আবাসিক মানদণ্ড’ আরোপ করতে পারবে না।

উল্লেখ্য, ২০২৩ সালে বাংলার ‘ডোমিসাইল বি’ বাতিলের দাবি উঠেছিল। প্রতিবাদী ছাত্রদের অভিযোগ ছিল, রাজ্যের মেডিক্যাল কলেজগুলোয় ৮৫% রাজ্য কোটায় মেডিকেলে ভর্তির ক্ষেত্রে ‘ডোমিসাইল বি’ র সুযোগ নিয়ে ডাক্তারিতে ভর্তি হয় বিহার-ইউপি সহ অন্যান্য রাজ্যের ছাত্র-ছাত্রীরা। এদিকে, বাংলার মেধাবী ছাত্রছাত্রীরা বঞ্চিত হচ্ছে। বিক্ষোভের চাপে পড়ে, সে সময় প্রকাশ্যে ২ বার ‘ডোমিসাইল বি’ বাতিলের কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তা কার্যকর করা হয়নি। সর্ব ভারতীয় নিট পরীক্ষা চালু হওয়ার পর থেকেই রাজ‍্যের হাতে ৮৫% আসন আছে, যাতে ভর্তিপ্রক্রিয়া হবে ‘ডোমিসাইল এ’ – এর মাধ‍্যমে। বাংলা ছাড়া আর কোনো রাজ‍্যে “ডোমিসাইল বি” নেই। অভিযোগ ছিল এই “ডোমিসাইল বি” র মাধ‍্যমে প্রতিবছর এরাজ‍্যে মেডিক্যালে ভর্তিতে দুর্নীতি ঘটছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!