- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ৬, ২০২৫
‘শিকল পরিয়ে দেশে ফেরানো কেন?’- বিরোধীদের জবাব দিতে সংসদে মুখ খুললেন জয়শংকর
‘বিতাড়িত অবৈধবাসীদের সঙ্গে যাতে কোনও দুর্ব্যবহার না করা হয় তা নিশ্চিত করতে ভারত সরকার আমেরিকার সঙ্গে যোগাযোগ রেখেছিল… দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে এটাই প্রথম নয়, অতীতেও এমন হয়েছে’ — সংসদে জয়শঙ্কর
আমেরিকায় অবৈধভাবে বাস করা ভারতীয়দের দেশে ফেরাচ্ছে ট্রাম্প। বুধবার ১০৪ জনকে নিয়ে মার্কিন সামরিক বিমান নেমেছে অমৃতসরের মাটিতে। আগামী সপ্তাহে আমেরিকা সফরে যাওয়ার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সেখানে ‘বন্ধুত্বপূর্ণ’ আলোচনা হওয়ার কথা তাঁর। কিন্তু তার আগে যেভাবে ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানো হয়েছে, তা নিয়ে প্রশ্নের মুখে কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার সংসদের বাজেট অধিবেশনও উত্তেজনা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে সরগরম সংসদ ভবন। ভিডিওয় দেখা যাচ্ছে, এদের বিমানে তোলার সময় হাতকড়া ও পায়ে শিকল পরিয়ে রেখেছিল মার্কিন পুলিশ। আর সেই ঘটনাকে ‘অমানবিক’ ও ‘অপমানজনক’ বলে সংসদ চত্বরে মোদী সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন লোকসভার বিরোধী দলগুলি। হই-হট্টগোলের জেরে দুপুর পর্যন্ত লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন মুলতুবি হয়ে যায়। এরপর সংসদ ভবনের বাইরে হাতে প্রতীকী হাতকড়া পরে প্রতিবাদ জানান বিরোধী শিবিরের সাংসদরা। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গাঁধী, মল্লিকার্জুন খড়গে, প্রিয়ঙ্কা গাঁধী, অখিলেশ যাদব উপস্থিত ছিলেন সেখানে। সাংসদদের হাতে পোস্টারে বিরোধী লেখা ছিল, ‘মানুষ, বন্দি নই’, ‘প্রত্যেক ভারতীয়ের সম্মান, ন্যায় দিন, শিকল নয়’, ‘ভারতের হাতে হাতকড়ি, এই অপমান সহ্য করা হবে না’।
প্রবল বিক্ষোভের জেরে মুখ খুলতে বাধ্য হল সরকার। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর রাজ্যসভায় এ ঘটনা নিয়ে নিজেদের যুক্তি পেশ করেছেন। তিনি বলেছেন, প্রত্যেক দেশেরই অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর অধিকার রয়েছে এবং প্রত্যেক দেশেরই অবৈধবাসী ফেরত নেওয়া উচিত। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের নিজস্ব আইন রয়েছে বলে জানিয়ে কার্যত ট্রাম্প সরকারের হাতকড়া-শিকলের সাফাই দেন ভারতীয় বিদেশমন্ত্রী। সেই সঙ্গে জানান, মহিলা ও শিশুদের শিকল-হতাকড়া পরানো হয়নি। বিমানে শৌচাগার ব্যবহারেরও অনুমতি দেওয়া হয়েছে অবৈধবাসীদের। ‘বিতাড়িত অবৈধবাসীদের সঙ্গে যাতে কোনও দুর্ব্যবহার না করা হয় তা নিশ্চিত করতে ভারত সরকার আমেরিকার সঙ্গে যোগাযোগ রেখেছিল।’ ভারত মার্কিন সরকারের সঙ্গে অবৈধ বসবাসকারীদের ফেরত পাঠানো নিয়ে আবার কথা বলবে। তাঁদের সঙ্গে যাতে খারাপ ব্যবহার না করা হয়, সেকথা ওয়াশিংটনের কাছে তুলে ধরা হবে- দাবি করেছেন বিদেশমন্ত্রী।
এদিন রাজ্যসভায় তিনি বলেন, আইনি অভিবাসনে উৎসাহ দেওয়া দুদেশের পক্ষেই কল্যাণকর। কিন্তু, বেআইনিভাবে মানবপাচার কখনই মেনে নেওয়া যায় না । জয়শঙ্কর বিদেশনীতির কথা তুলে ধরে বলেন, সাধারণত বেআইনিভাবে ভিন দেশে বসবাসকারীদের ফেরত পাঠানো আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতির মধ্যে পড়ে। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, বেআইনিভাবে বিদেশে মানবপাচারের সঙ্গে যুক্ত দালাল ও দালালির সংস্থার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। যাঁরা ফিরে এসেছেন তাঁদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে এই সমস্ত দালালের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক পদক্ষেপ করা হবে।
এরপর জয়শংকরকে প্রশ্ন করে কংগ্রেস সাংসদ রণদীপ সুরজেওয়ালা জানতে চান, ”সরকার কি জানত ১০৪ জন ভারতীয়কে; যাঁদের মধ্যে ১৯ জন মহিলা, রয়েছে শিশুরাও হাতে হাতকড়া পায়ে শিকল পরিয়ে ৪০ ঘণ্টা বিমানে বসিয়ে দেশে ফেরত পাঠানো হয়েছে? জঙ্গিদের মতো করে এভাবে কি তাঁদের ফেরানোর কথা সরকার জানে? কত ভারতীয় এভাবে আটকে রয়েছে সেখানকার বন্দিশিবিরে?” সেই সঙ্গেই কলম্বিয়ার উদাহরণ দেখিয়ে তিনি জানতে চান, কলম্বিয়া তাদের দেশ থেকে আমেরিকায় যাও য়া অভিবাসীদের ফেরানো নিয়ে লাল চোখ দেখাতে পারলে মোদি সরকার পারল না কেন?
উত্তরে কার্যত সাফাইয়ের শুরে বিদেশমন্ত্রী বলেন, শুধুমাত্র ভারতীয় নয়, অন্য দেশের অবৈধবাসীদের ক্ষেত্রেও ট্রাম্প সরকার প্রত্যর্পণ নীতি প্রয়োগ করছে। সেই সঙ্গে, ইউপিএ জমানায় তথ্য-পরিসংখ্যান তুলে ধরে জানান, অতীতেও আমেরিকা অবৈধ ভাবে অভিবাসী ভারতীয়দের ফেরত পাঠিয়েছে। বেসরকারি উড়ানের বদলে সি-১৭ গ্লোবমাস্টার সামরিক পরিবহণ বিমান ব্যবহার করা হলেও এ ক্ষত্রে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর মানা হয়েছে বলে জয়শঙ্করের দাবি। তিনি বলেন, ২০০৯ সালে ৭৩৪, ২০১০ এ ৭৯৯, ২০১১ য় ৫৯৭, ২০১২ য় ৫৩০, ২০১ ৪য় ৫৯১, ২০১৫ য় ৭০৮, ২০১৬ য় ১৩০৩, ২০১৭ য় ১০২৪, ২০১৮ য় ১১৮০, ২০১৯ এ ২০৪২, ২০২০ তে ১৮৮৯, ২০২১ এ ৮০৫, ২০২২ এ ৮৬২, ২০২৩ এ ৬৭০, ২০২৪ এ ১৩৬৮ ও ২০২৫ সালে এ পর্যন্ত ১০৪ অবৈধ ভারতীয়দের ফেরত পাঠিয়েছে আমেরিকা।
বুধবার ভারতীয় অভিবাসীদের নিয়ে পঞ্জাবের অমৃতসরে নামে মার্কিন সেনাবাহিনীর সি-১৭ বিমান। কিন্তু ওই বিমান এবং ভারতীয় অভিবাসীদের ধারেকাছে সেই সময় ঘেঁষতে দেওয়া হয়নি সংবাদমাধ্যমকে। রাত পেরোতেই একে একে মুখ খুলতে শুরু করেছেন ভারতীয় অভিবাসীরা। আর তাতে উঠে এসেছে দুর্বিসহ যন্ত্রণার কথা । প্রশ্ন উঠছে ভারতের বিদেশ নীতি নিয়েও। ফেরত আসা অবৈধবাসীদের কয়েক জন জানিয়েছেন, পুরো বিমানযাত্রাতেই তাঁদের হাত-পা বাঁধা ছিল। বিমানটি মঙ্গলবার টেক্সাস থেকে রওনা দিয়েছিল। এই অবৈধ অভিবাসীদের মধ্যে ২৫ জন মহিলা এবং ১২ জন নাবালকও রয়েছেন। তাদের মধ্যে কনিষ্ঠতম সদস্যের বয়স চার বছর।
❤ Support Us






