- দে । শ
- ফেব্রুয়ারি ১০, ২০২৫
নারকেল ডাঙায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘিরে বাড়ছে জনরোষ। তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে দায়ের এফআইআর
নারকেলডাঙার খালপাড়ের বস্তিতে শনিবার রাতে আগুন লাগে। পুড়ে ছাই হয়ে যায় ৫০টি ঝুপড়ি ঘর। ঘটনায় ১ জনের মৃত্যু হয়েছে। ঘণ্টা চারেকের চেষ্টায় দমকলের ১৬টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। রবিবার সকালে এলাকা পরিদর্শনে যান মেয়র এবং স্থানীয় কাউন্সিলর। তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। মেয়র এলাকা ছাড়ার পর গন্ডগোল ওঠে চরমে।
শনিবার রাতে বিধ্বংসী আগুন লাগে নারকেলডাঙার খালপাড়ের বস্তিতে। অগ্নিকাণ্ডে পুড়ে মৃত্যু হয় এক জনের। সকালে তাঁর দেহ উদ্ধার করা হয় ঝুপড়ির ভিতর থেকে। দেহের অধিকাংশই পুড়ে গিয়েছিল। স্থানীয় সূত্রে জানা যায়, মৃতের নাম হাবিবুল্লা মোল্লা। স্থানীয়দের দাবি, ওই ব্যক্তি ঝুপড়িতে নিজের ঘরে ঘুমোচ্ছিলেন। আগুন ছড়িয়ে পড়লে ঘর থেকে বেরোনোর সুযোগ পাননি। দমকল দেরিতে আসায়, ক্ষোভ উগরে দিয়েছেন এলাকার মানুষ। স্থানীয়দের অভিযোগ, আগুন লাগার পর অন্তত দু’ঘণ্টা দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়নি, যদিও আগুন লাগার জায়গা থেকে দমকলের দফতর খুব বেশি দূরে ছিল না। সূত্রের খবর, কুড়ি মিনিটের রাস্তা হলেও, দমকল দু’ঘণ্টা পরে সেখানে যায়। সব পুড়ে ছাই হয়ে গিয়েছে ততক্ষণে। এর পাশাপাশি তাঁদের এও অভিযোগ, স্থানীয় তৃণমূল কাউন্সিলর তোলা নিয়ে খাল পাড়ে তৈরি করেছিলেন গুদাম। সেই গুদাম থেকেই আগুন লেগেছে বলে অভিযোগ। ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে এক ব্যক্তির মৃত্যুও হয়েছে।
ধিকিধিকি আগুন জ্বলছিল, মেয়র ফিরহাদ হাকিম পরিস্থিতি দেখতে ঘটনাস্থলে গেলে মানুষের বিক্ষোভ আছড়ে পড়ে। অভিযোগ, মেয়রকে উদ্দেশ্য করে ‘চোর চোর’ স্লোগান তোলেন এলাকাবাসীদের একাংশ। দ্রুত এলাকা পরিদর্শন করে ফিরহাদ হাকিম চলে যেতেই উত্তেজনার পরিস্থিতি দেখা দেয়। গন্ডগোল শুরু হয়। চেয়ার ভাঙা, ধাওয়া করা, হাতাহাতি- এসব শুরু হয়। উত্তেজনার পারদ ওঠে চরমে। নারকেলডাঙা থানায় দু’টি এফআইআর দায়ের হয়েছে বলে খবর।
লিখিত অভিযোগ করা হয়েছে হায়দার নওয়াজের অনুগামীদের তরফ থেকে। ৬ জনের নাম রয়েছে এই এফআইআরে। প্রথম নামই হল কলকাতা পুরসভার ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সচিন কুমার সিংহ। অভিযোগ, রড দিয়ে হামলা চালিয়েছেন সচিনের অনুগামীরা। এক ব্যক্তির মাথা ফেটে গিয়েছে বলে অভিযোগ। এর পাল্টা অভিযোগ দায়ের করেছেন সচিন কুমার সিংহের অনুগামীরা। সেখানে ১১ জনের নাম রয়েছে। অভিযোগ, হায়দার নওয়াজ, পাপ্পু খান- সহ অনেকেই আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালিয়েছেন। শ্লীলতাহানি করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, দুটো অভিযোগই নেওয়া হয়েছে। মামলা রুজু হয়েছে। ঠিক কী ঘটেছিল তা খতিয়ে দেখতে একাধিক সিসিটিভি ফুটেজ দেখছে পুলিশ। এইসব সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেবে পুলিশ। গতকাল এলাকায় দীর্ঘক্ষণ উপস্থিত ছিলেন কাউন্সিলর সচিন কুমার সিংহ। তাঁর বিরুদ্ধে অভিযোগ করেন হায়দার নওয়াজ। সচিন কুমার সিংহ পাল্টা অভিযোগ করেন, এবং বলেন তাঁকে খুন করার চক্রান্ত দেখতে পাচ্ছেন। এরপর নারকেলডাঙা থানার সামনে ধর্না দিয়েছিলেন তিনি। প্রশাসনের তরফে নিরাপত্তার আশ্বাস পেলে, এলাকা ছাড়েন কাউন্সিলর। মেয়র ফিরহাদ হাকিম জানান, “কোনও রাজনীতিতে যাব না। আইন অনুযায়ী সব কিছু হবে।” তিনি আরো বলেন, ‘‘সেচের জমিতে ওঁরা অনেক দিন ধরেই থাকছিলেন। গরিব মানুষদের সঙ্গে আমরা আছি। সরকারি নিয়ম মেনে যা করার করব। সেচ দফতর যদি অনুমতি দেয়, তবে ওখানে বাংলার বাড়ি হতে পারে।’’ তবে কী কারণে আগুন লাগল, তার উত্তর এখনো অজানা। দমকলের তরফেও কিছু জানানো হয় নি।
বাতাস ভারি হয়েছে নারকেল ডাঙার বস্তিতে, হাহাকারের সঙ্গে ঘনিয়ে এসেছে অনিশ্চয়তার কালো মেঘ। আগুন গিলে খেয়েছে মানুষের শেষ সঞ্চয়টুকুও। নুরজাহান বিবির বিড়ি বেঁধে উপার্জিত ২৫ হাজার টাকা আগুনে ছাই হয়ে গিয়েছে। সালিমা খাতুন মেয়ের বিয়ের জন্য পাঁচ বছর ধরে তিল তিল করে টাকা জমিয়ে কিনেছিলেন সোনার দুল, হার – সে সবই ভস্মীভূত হয়ে গেছে। ইমতিয়াজ খান আতিপাতি করে ধবংসস্তুপে খুঁজে চলেছেন প্রয়াত দাদুর শেষ স্মৃতি, ছবিখানা। রেহাই পায় নি উচ্চমাধ্যমিক পরিক্ষার্থী চাঁদনির অ্যাডমিট কার্ড। রবিবার সকালে আগুন নিয়ন্ত্রণে এলে ভস্মীভূত জিনিসের মধ্যে তার বই, অ্যাডমিট কার্ড, খাতা তন্ন তন্ন করেও খুঁজেও কিছুই পায়নি সে। স্তম্ভিত মুখে একটাই প্রশ্ন — আগুনে আমার সব শেষ হয়ে গেল। আমি পরীক্ষা দিতে পারব তো? এ দিন সকালে ঘটনাস্থলে গিয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছেন নারকেলডাঙা বস্তির সব হারানো ওই মানুষদের পাশে থাকার। কিন্তু এখন কোথায় থাকবেন? কী খাবেন? মাথার উপর ছাদ ফের হবে তো? এইসব প্রশ্নই ঘুরপাক খাচ্ছে ‘ঘরপোড়া লোক’-এর হতবাক দৃষ্টিতে।
❤ Support Us







