- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ১৩, ২০২৫
লোকসভায় নতুন ইনকাম ট্যাক্স বিল পেশ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের, ওয়াক-আউট করলেন বিরোধীরা
১৯৬১ সালের আয়কর আইনের বদল ঘটাতে সংসদে পেশ নতুন বিল। বিরোধীদের তীব্র প্রতিবাদের মাঝেই নতুন ইনকাম ট্যাক্স বিল পেশ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের। আয়কর আইন আরও সহজ হবে না জটিল হবে, সে প্রশ্নও ঘুরপাক খাচ্ছে আমজনতার মনে। অর্থমন্ত্রকের দাবি নতুন পদ্ধতিতে যে কেউ সরাসরি কর ব্যবস্থা বুঝতে পারবেন, প্রয়োজন হবে না কোনো আইনজীবি বা সিএ-এর।
বৃহস্পতিবার সকাল থেকেই লোকসভায় চলছে হট্টগোল। দুপুর ২ টোয় বিরোধীদের ওয়াক-আউটের মাঝেই লোকসভায় নতুন ইনকাম ট্যাক্স বিল পেশ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের। ১৯৬১ সালের আয়কর আইনের বদল ঘটাতে চলেছে এই বিল। আয়কর সংক্রান্ত আইনের ধারা এবং আয়কর জমার পদ্ধতি আরও সহজ করার লক্ষ্যেই এই পদক্ষেপ বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
তিনি জানিয়েছেন, বর্তমান বিলটি সহজ করার লক্ষ্যেই সরকার একটি নতুন আয়কর বিল চালু করেছে, যার ৬২২ পৃষ্ঠার মধ্যে ৫৩৬টি ধারা, ২৩টি অধ্যায় এবং ১৬টি তফসিল রয়েছে। ‘কর বছর’ শব্দটি চালু করা হয়েছে, যা ‘মূল্যায়ন বছর’ শব্দটির পরিবর্তে নিয়ে আসা হয়েছে। এর সময় সীমা অর্থবর্ষের সঙ্গে সামঞ্জস্য রেখে ১ এপ্রিল থেকে ৩১ মার্চ পর্যন্ত ধার্য করা হয়েছে। করদাতাদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করে এমন কোনো কিছুই রাখা হবে না। নতুন আয়কর বিল থেকে ‘৫৪ ই’ ধারার মতো অনেক অপ্রয়োজনীয় নিয়ম বাদ দেওয়া হয়েছে। এটি এমন একটি বিভাগ যা আবাসিক বাড়ির সম্পত্তি বিক্রি থেকে উদ্ভূত মূলধন লাভের উপর কর কীভাবে সাশ্রয় করা যায় তার নিয়ম ঠিক করে। এর সঙ্গে সঙ্গে, অনেক পুরনো নিয়ম এবং ছাড় সরিয়ে দেওয়া হয়েছে, যা আর প্রাসঙ্গিক নয়।
নতুন বিলে উল্লেখ করা করেছে, আয় অনুসন্ধানের সময় যদি ভার্চুয়াল বা ডিজিটাল সম্পদ পাওয়া যায় ‘অপ্রকাশিত আয়’ বিভাগে অন্তর্ভুক্ত করা হবে। এর মাধ্যমে নিশ্চিত করা হচ্ছে যে ডিজিটাল সম্পদ, যেমন ক্রিপ্টোকারেন্সি ইত্যাদির জন্য সঠিক ট্যাক্স কাঠামোর তৈরি করা হচ্ছে। অর্থাৎ এখন থেকে এগুলিকেও মূলধনী সম্পদ হিসেবে বিবেচিত হবে এবং তাদের উপর কর আরোপ করা হবে। সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেসকে কর সংক্রান্ত নিয়ম তৈরি করতে, বাস্তবায়ন করতে এবং ঘন ঘন আইনী পরিবর্তনের প্রয়োজন ছাড়াই ডিজিটাল মনিটরিং সিস্টেমের মাধ্যমে কাজ করবার কথা বলা হয়েছে। এছাড়াও নয়া বিলে বলা হয়েছে, যদি কেউ নতুন ব্যবসা বা কাজ শুরু করা হয়, তাহলে তার কর বছর সেই দিন থেকে শুরু হবে এবং একই আর্থিক বছরের শেষে শেষ হবে। এছাড়াও, করদাতাদের শংসাপত্রও দেবার বিষয়টি যুক্ত করা হয়েছে, যাতে করদাতারা তাঁদের অধিকার রক্ষা করতে পারেন এবং একই সঙ্গে করব্যবস্থা স্বচ্ছ হয়।
যদিও, নতুন আয়কর বিল নিয়ে বিরোধীদের একাংশের তরফে প্রবল আপত্তি ওঠে। কেরালার কোল্লামের সাংসদ এনকে প্রেমাচন্দ্রন নতুন বিল সম্পর্কে জানান, ১৯৬১ সালের আইনের তুলনায় এই বিলে সেকশন বা ধারার সংখ্যা বেড়েছে। এর জবাবে সীতারামন বলেন, ‘আগে বোঝা উচিত, আইন কোথায় কী রয়েছে এবং কোথায় তার পরিবর্তন করা হয়েছে।’ তৃণমূল সাংসদ সৌগত রায় আয়কর বিলের এই পরিবর্তনকে ‘মেকানিক্যাল’ বলে অভিযোগ করেন। সওয়াল জবাবের এক পর্যায়ে বিরোধীরা ওয়াক আউট করলে, নতুন আয়কর বিল সংসদের সিলেক্ট কমিটির কাছে রিভিউয়ের জন্য পাঠাতে লোকসভার স্পিকার ওম বিড়লাকে অনুরোধ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। পরবর্তী অধিবেশনে প্রথমেই এ নিয়ে আলোচনা করবার অনুরোধ জানান। পাশাপাশি সীতারমণ জানিয়েছেন নতুন বিলের মাধ্যমে কোনও নতুন কর আনা হচ্ছে না, বিল সংশোধন হচ্ছে মাত্র। এরপরই ১০ মার্চ বেলা ১১টা পর্যন্ত অধিবেশন মুলতুবি থাকবার ঘোষণা লোকসভার স্পিকার ওম বিড়লা।
❤ Support Us






