- এই মুহূর্তে বৈষয়িক
- ফেব্রুয়ারি ১৮, ২০২৫
এলন মাস্কের সংস্থা নিয়োগ প্রক্রিয়া শুরু করলো ভারতে
এলন মাস্কের মালিকানাধীন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা ইনকর্পোরেটেড আনুষ্ঠানিকভাবে ভারতে তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। যা দেশীয় বাজারে তাদের দীর্ঘ প্রত্যাশিত প্রবেশের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
১৪ ফেব্রুয়ারি ওয়াশিংটন ডিসিতে টেসলার সিইও এলন মাস্ক এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেই বৈঠকের পর এই অগ্রগতি হয়েছে। এলন মাস্ক ও নরেন্দ্র মোদীর উভয়ের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল উদ্ভাবন, মহাকাশ অনুসন্ধান, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং টেকসই উন্নয়নে ভারত-মার্কিন সহযোগিতা জোরদার করা। উভয়েই আধুনিক প্রযুক্তি, উদ্যোক্তা এবং শাসনব্যবস্থা, ভারতের জন্য টেসলার দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্যপূর্ণ দিকগুলি নিয়েও আলোচনা করেন।
সোমবার বৈদ্যুতিক যানবাহন গাড়ি নির্মাতা সংস্থাটি মুম্বই মেট্রোপলিটন অঞ্চলে কনজিউমার এনগেজমেন্ট ম্যানেজার পদের জন্য লিঙ্কডইনে বিজ্ঞপ্তি জারি করেছে। এই পদটি পূর্ণ সময়ের অন–সাইট পদ, যা দেশে সরাসরি উপস্থিতি গড়ে তোলার জন্য টেসলার প্রতিশ্রুতির ইঙ্গিত দেয়। টেসলার এই নিয়োগ প্রক্রিয়া ভারতে তাদের বাজার সম্প্রসারণের বৃহত্তর কৌশলের একটা পদক্ষেপ। সংস্থাটি সম্প্রতি মোট ১৩টি চাকরির বিজ্ঞাপন প্রকাশ করেছে, যার মধ্যে গ্রাহকমুখী এবং পরিচালনামূলক উভয় ভুমিকাই অন্তর্ভুক্ত রয়েছে।
বৈদ্যুতিক গতিশীলতা এবং পুনর্নবীকরণযোগ্য শক্তির ক্ষেত্রে বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় টেসলার ভারতে সীমিত উপস্থিতি থাকলেও বছরের পর বছর ধরে সম্প্রসারণের কথা বিবেচনা করছে। সর্বশেষ চাকরির বিজ্ঞপ্তির মাধ্যমে, কোম্পানিটি বিশ্বের তৃতীয় বৃহত্তম অটোমোবাইল বাজারে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য দৃঢ় পদক্ষেপ নিচ্ছে। শিল্প বিশেষজ্ঞরা মনে করেন যে টেসলার নিয়োগের এই উদ্যোগ কোম্পানির বিক্রয় ও পরিষেবা কার্যক্রম স্থাপন এবং অবশেষে ভারতে উৎপাদন শুরু করার পূর্বসূরী হতে পারে। এই পদক্ষেপটি ভারত সরকারের বৈদ্যুতিক যানবাহন গ্রহণ এবং স্থানীয় উৎপাদনের জন্য প্রচেষ্টার সাথে সামঞ্জস্যপূর্ণ, যা উৎপাদন সংযুক্ত প্রণোদনা প্রকল্পের অধীন। যদিও টেসলা ভারতে তাদের গাড়ি লঞ্চের জন্য কোনও আনুষ্ঠানিক সময়সুচি ঘোষণা করেনি। তবে তাদের সক্রিয় নিয়োগ ইঙ্গিত দেয় যে প্রস্তুতি পুরোদমে চলছে।
গত বছর ডিসেম্বরে এলন মাস্ক জানান, কর্তৃপক্ষ কর্তৃক কোম্পানির দুটি ডিভাইস বাজেয়াপ্ত করার পর সশস্ত্র সংঘাতে আক্রান্ত এলাকা ও মাদক চোরাচালানের সাথে যুক্ত অঞ্চল থেকে স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা ভারতে বন্ধ ছিল। তাছাড়া, মাস্ক টেসলার বৈদ্যুতিক যানবাহনের উপর শুল্ক কমানোর পক্ষে সওয়াল করে আসছেন। তিনি ভারতে টেসলার সাশ্রয়ী মূল্যের বৈদ্যুতিক যানবাহন মডেল রপ্তানি করার ইচ্ছা প্রকাশ করেছেন, তবে তা নির্ভর করবে দেশটি তার আমদানি শুল্ক কমাবে কিনা, তার উপর।
❤ Support Us






