Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ২০, ২০২৫

অত্যাধিক ডট বল খেলার খেসারত দিতে হল পাকিস্তানকে, নিউজিল্যান্ডের কাছে হার ৬০ রানে

আরম্ভ ওয়েব ডেস্ক
অত্যাধিক ডট বল খেলার খেসারত দিতে হল পাকিস্তানকে, নিউজিল্যান্ডের কাছে হার ৬০ রানে

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে পাকিস্তান অধিনায়ক মহম্মদ রিজওয়ান স্বীকার করে নিয়েছিলেন, তাঁর দলের চাপ নেওয়ার দক্ষতার অভাবের কথা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে তার সেই আশঙ্কায় সত্যি হয়ে দাঁড়াল। কিউইদের বড় রানের চাপ সামলাতে পারলেন না বাবর আজমরা। নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে হার দিয়ে চ্যাম্পিয়ন ট্রফি অভিযান শুরু করল আয়োজক পাকিস্তান।

করাচির জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে নিউজিল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠান পাকিস্তান অধিনায়ক মহম্মদ রিজওয়ান। দুই জোরে বোলার শাহিন আফ্রিদি ও নাসিম শাহ শুরুতে দলকে ব্রেক থ্রু এনে দিতে পারেননি। পাকিস্তানের প্রথম সাফল্য আসে স্পিনার আব্রার আহমেদের হাত ধরে। আক্রমণে এসেই অষ্টম ওভারে তিনি তুলে নেন ডেভন কনওয়েকে (১০) পরের ওভারেই কেন উইলিয়ামসনকে (১) ফেরান নাসিম শাহ। দলীয় ৭৩ রানের মাথায় ড্যারিল মিচেলকে (১০) তুলে নেন হ্যারিস রউফ ।

এরপর শুধুই দুই কিউয়ি ব্যাটার উইল ইয়ং ও টম লাথামের দাপট। এই দুই ব্যাটার পাকিস্তান বোলারদের ওপর আধিপত্য শুরু করে। দুজনের ১১৮ রানের জুটি নিউজিল্যান্ডের বড় রানের ভিত গড়ে দেয়। ১১৩ বলে ১৫৭ রান করে আউট হন উইল ইয়ং। এরপর গ্লেন ফিলিপসকে সঙ্গে নিয়ে দলকে ৩০০ রানের গন্ডি পার করে দেন টম লাথাম। ৩৯ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হন ফিলিপস। ১০৪ বলে ১১৮ রান করে অপরাজিত থাকেন টম লাথাম। নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩২০ রান তোলে নিউজিল্যান্ড। পাকিস্তানের হয়ে নাসিম শাহ ও হ্যারিস রউফ দুটি করে উইকেট নেন।

জয়ের জন্য ৩২১ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুতে বিপাকে পড়েছিল পাকিস্তান। কারণ তাদের পরিকল্পনা ব্যাঘাত ঘটিয়েছিল ফখর জামানের চোট। ফিল্ডিং করার সময় চোট পেয়েছিলেন পাকিস্তানের এই ওপেনার। দুই পর্ব মিলিয়ে প্রায় ৩০ ওভার মাঠের বাইরে ছিলেন। ফলে প্রথম কুড়ি মিনিট তাঁর ব্যাটিং করার সুযোগ ছিল না। এদিন বাবর আজমের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন সৌদ শাকিল। শুরুতেই এতটাই ডট বল খেলেন পাকিস্তানের দুই ওপেনার সেটাই ম্যাচের পার্থক্য গড়ে দেয়। প্রথম ৭ ওভারে পাকিস্তান ১ উইকেট হারিয়ে তোলে মাত্র ১৪ রান। ১৯ বলে ৬ রান করে আউট হন সৌদ শাকিল। প্রথম ১০ ওভারে ওঠে ২২/১। ২৫ ওভারের মধ্যে ১০৪ টি ডট বল খেলে পাকিস্তান। ফলে পরের দিকে আর চাপ নিতে পারেনি।

শাকিলকে হারানোর পর মহম্মদ রিজওয়ানের মন্থর ব্যাটিং পাকিস্তানকে আরও চাপে ফেলে দেয়। দশম ওভারের শেষ বলে রিজওয়ান (১৪ বলে ৩) যখন আউট হন, পাকিস্তানের রান ২ উইকেটে ২২। পিঠের সমস্যা নিয়ে ফখরও জামানও (৪১ বলে ২৪)। বেশিক্ষণ টিকতে পারেননি। এরপর বাবর আজম ও আগা সালমান জুটিই পাকিস্তানকে যা একটু আশা জোগায়। বাবর-সলমানের চতুর্থ উইকেট জুটিতে ৫৯ বলে ওঠে ৫৮ রান। এর মধ্যে ২৮ বলে ৪২ রানই সলমানের। একপ্রান্ত আগলে রেখে বাবর রানের চেয়ে বল খেলেছেন বেশি। তৈয়ব তাহিরের (১) ব্যর্থতা চাপ আরও বাড়িয়ে দেয়। ক্রিজে আঁকড়ে পড়ে থেকে লড়াই চালান বাবর আজম। তবে উইকেটে থিতু হয়ে হাফ সেঞ্চুরি করলেও বাবর শেষ পর্যন্ত বেশিদূর এগোতে পারেননি। নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনারের বলে উইলিয়ামসনের হাতে ক্যাচ দেন ৯০ বলে ৬৪ রানে।

১৫৩ রানে ষষ্ঠ উইকেট হারানোর পর পাকিস্তান এরপরও যে ২৫০ রানের গন্ডি পার করেছে, তাতে মূল অবদান খুশদিল শাহর। সাতে নামা এই বাঁহাতি ৪৯ বলে খেলেন ৬৯ রানের ইনিংস। তবে দলের হার আটকাতে পারেননি। ৪৭.২ ওভারে ২৬০ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ২৮৪ বলের মধ্যে ১৬২টি ডট খেলেছেন পাক বোলাররা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!