Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ২১, ২০২৫

দুরন্ত সামির ৫ উইকেট, শুভমানের সেঞ্চুরি, বাংলাদেশের বিরুদ্ধে সহজ জয় ভারতের

আরম্ভ ওয়েব ডেস্ক
দুরন্ত সামির ৫ উইকেট, শুভমানের সেঞ্চুরি, বাংলাদেশের বিরুদ্ধে সহজ জয় ভারতের

চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে যশপ্রীত বুমরা ছিটকে যাওয়ার পর অনেকেই অশনি সংকেত দেখেছিলেন। তাঁর অভাব মেটাবেন কে। সদ্য ফিট হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন মহম্মদ সামি। তিনি বুমরার অভাব মেটাতে পারবেন? যাবতীয় আশঙ্কা উড়িয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে জ্বলে উঠলেন সামি। তাঁর দুরন্ত বোলিংয়ে উড়ে গেল বাংলাদেশ। বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করল ভারত।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। প্রথম ওভারেই জ্বলে ওঠেন মহম্মদ সামি। ষষ্ঠ বলে তুলে নেন সৌম্য সরকারকে (০)। পরের ওভারেই অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে (০) ফেরান হর্ষিত রানা। ষষ্ঠ ওভারে আবার ধাক্কা মহম্মদ সামির। এবার তাঁর শিকার মেহেদী হাসান মিরাজ (৫)। নবম ওভারে পরপর দু’বলে তানজিদ হাসান (২৫ বলে ২৫) ও মুশফিকুর রহিমকে (০) তুলে নিয়ে বাংলাদেশকে একেবারে আইসিইউ-তে পাঠিয়ে দেন অক্ষর প্যাটেল। হ্যাটট্রিকও পেয়ে যেতে পারতেন। কিন্তু জাকের আলীর ক্যাচ স্লিপে তালুবন্দি করতে পারেননি রোহিত শর্মা।

৯ ওভারের মধ্যেই ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে রীতিমতো কাঁপছিল বাংলাদেশ। চাপের মুখে দুরন্ত ব্যাটিং করে দলকে টেনে নিয়ে যান তৌহিদ হৃদয় ও জাকের আলী। অবশেষে জুটি ভাঙেন সেই মহম্মদ সামি। জাকির আলীকে তুলে নেন। ১১৪ বলে ৬৮ রান করে আউট হন জাকির আলী। এরপর ক্রিজে নেমে ঝড় তোলার চেষ্টা করেন রিশাদ হোসেন। ১২ বলে ১৮ রান করে তিনিও সামির শিকার। শেষ পর্যন্ত ৪৯.৪ ওভারে ২২৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন তৌহিদ হৃদয়। ১১৮ বলে ১০০ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। দুরন্ত বোলিং করে ৫৩ রানে ৫ উইকেট তুলে নেন মহম্মদ সামি। ৩১ রানে ৩ উইকেট নেন হর্ষিত রানা। ৪৩ রানে ২ উইকেট অক্ষর প্যাটেলের।

ইংল্যান্ড সিরিজ থেকেই ভারতীয় ব্যাটাররা যেরকম ফর্মে রয়েছেন, বাংলাদেশের এই রান রোহিত শর্মাদের কাছে মোটেই কঠিন ছিল না। দুর্দান্ত শুরু করেছিলেন দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। ওপেনিং জুটিতে তোলা ৬৯ রানই ভারতের জয়ের ভিত গড়ে দেয়। ৩৬ বলে ৪১ রান করে আউট হন রোহিত শর্মা। বিরাট কোহলি অবশ্য বড় রান পাননি ৩৮ বলে ২২ রান করে তিনি রিশাদ হোসেনের বলে আউট হন। শ্রেয়স আয়ার ১৭ বলে করেন ১৫, অক্ষর প্যাটেল ১২ বলে ৮।

১৪৪ রানের মধ্যে ৪ উইকেট হারালেও দলকে চাপে পড়তে দেননি শুভমান গিল ও লোকেশ রাহুল। এই জুটি ভারতকে ধীরে ধীরে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়। ৪৬.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৩১ রান তুলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ১২৯ বলে ১০১ রান করে অপরাজিত থাকেন শুভমান গিল। অন্যদিকে লোকেশ রাহুল ৪৭ বলে ৪১ রান করে অপরাজিত থাকেন। বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন ৩টি, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান ১টি করে উইকেট নেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!