- মা | ঠে-ম | য় | দা | নে
- ফেব্রুয়ারি ২১, ২০২৫
টানা ৫ ম্যাচে হার, দুঃসময় কিছুতেই কাটিয়ে উঠতে পারছে না মহমেডান
দুঃসময় কিছুতেই কাটিয়ে উঠতে পারছে না মহমেডান স্পোর্টিং। এবার ঘরের মাঠেও হার জামশেদপুর এফসি-র কাছে। মহমেডানকে ২-০ ব্যবধানে হারিয়ে আইএসএলে প্লে-অফ প্রায় পাকা করে ফেলল খালিদ জামিলের দল। এই নিয়ে চলতি আইএসএলে দু-বারই জামশেদপুরের কাছে হারতে হল সাদা-কালো ব্রিগেডকে। পাশাপাশি আইএসএলে টানা ৫ ম্যাচে হার।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে জামশেদপুর। ২ মিনিটের মাথায় ইমরান খানের পাস থেকে গোল করার পরিস্থিতি তৈরি করে ফেলেছিলেন জর্ডন মারে। তাঁর শট মহমেডান রক্ষণে প্রতিহত হয়। যদিও গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি জামশেদপুরকে। ৬ মিনিটেই এগিয়ে যায়। ইমরানের ক্রসে মাথা ছুঁইয়েছিলেন মারে। তা প্রতিহত হলে বল পান জাভি হার্নান্দেজ। মহমেডান রক্ষণের জটলায় তাঁর প্রয়াসও জালে জড়ায়নি। ঋত্ত্বিক দাস গোল করে এগিয়ে দেন জামশেদপুরকে।
এগিয়ে যাওয়ার পর জাভি হার্নান্দেজ ও জাভি সিভেরিওরা মহমেডান রক্ষণের ওপর চাপ বজায় রাখেন। গোলের সুযোগও তৈরি হয়। কিন্তু কাজে লাগাতে পারছিল না।
দ্বিতীয়ার্ধে জামশেদপুর কোচ খালিদ জামিল কয়েকটি পরিবর্তন করেন। তার সুফলও মেলে। পরিবর্ত হিসেবে নামা নিখিল বারলা ইমরানের পাস থেকে জামশেদপুরকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন। বাকি সময়ে মহমেডান আর ম্যাচে ফিরতে পারেনি। এদিনের জয়ের সুবাদে ২১ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে তিনে উঠে এলো জামশেদপুর এফসি। ২০ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে এফসি গোয়া। ২১ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে মোহনবাগান সুপার জায়ান্ট। মহমেডান রয়েছে পয়েন্ট তালিকায় সকলের নীচে। ২১ ম্যাচে ১৪তম পরাজয়ে তাদের ঝুলিতে মাত্র ১১ পয়েন্ট।
❤ Support Us








