- এই মুহূর্তে বি। দে । শ
- ফেব্রুয়ারি ২৪, ২০২৫
দেশে শান্তি ফেরাতে পদ ছাড়তে রাজি, বার্তা জেলেনস্কির। ন্যাটোর সদস্য হতে কোন পথে হাঁটবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ?
রাষ্ট্রপতি পদ তাঁর কাছে বড় নয়। ইউক্রেনে শান্তি ফিরিয়ে নিয়ে আসাটাকেই তিনি বেশি গুরুত্ব দিচ্ছেন। তাই দেশে শান্তি ফিরিয়ে নিয়ে আসা ও ইউক্রেনের ন্যাটো সদস্যপদের জন্য প্রয়োজনে প্রেসিডেন্ট পদ ছেড়ে দিতে প্রস্তুত ইউক্রেনের ভলোদিমির জেলেনস্কি।
রবিবার জেলেনস্কি বলেছেন, প্রেসিডেন্ট পদ ছেড়ে দিলে যদি ইউক্রেনের জন্য শান্তি নিশ্চিত হয়, তাহলে তিনি পদত্যাগ করবেন। এমনকি দেশের ন্যাটো সদস্যপদ লাভের জন্য তাঁর অবস্থান পরিবর্তন করতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন। রবিবার কিয়েভে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলেনস্কি বলেন, ‘যদি ইউক্রেনের শান্তির জন্য সত্যিই আমাকে প্রেসিডেন্টের পদ থেকে সরে যেতে হয়, তাহলে আমি সেটা করতে প্রস্তুত। প্রয়োজনে ইউক্রেনের ন্যাটোর সদস্যপদের জন্যও অবিলম্বে এটা করতে পারি।’
আসলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কিকে ‘নির্বাচন ছাড়াই স্বৈরশাসক’ বলার পর এই মন্তব্য করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার আক্রমণের পর থেকে ইউক্রেন সামরিক আইনের অধীনে রয়েছে, যার ফলে নির্বাচন বাধাগ্রস্ত হচ্ছে। জেলেনস্কি আশা প্রকাশ করেছেন যে, ট্রাম্প কিয়েভ এবং মস্কোর মধ্যে মধ্যস্থতার চেয়েও বেশি কিছু প্রস্তাব করবেন। সাংবাদিকদের তিনি বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প যা করছেন, তা যথেষ্ট নয়। আমি সত্যিই চাই মধ্যস্থতার চেয়েও বেশি কিছু করুক।’ তিনি মার্কিন নিরাপত্তা গ্যারান্টির প্রয়োজনীয়তার ওপরও জোর দিয়েছেন। পারস্পরিক বোঝাপড়ার আহ্বান জানিয়ে জেলেনস্কি বলেন, ‘ট্রাম্পের কাছ থেকে নিরাপত্তা গ্যারান্টি অত্যন্ত প্রয়োজন।’
আসন্ন শীর্ষ সম্মেলনের দিকে তাকিয়ে রয়েছেন জেলেনস্কি। তিনি বলেন, ‘আসন্ন শীর্ষ সম্মেলনে ১৩ জন নেতা সশরীরে এবং ২৪ জন অনলাইনে উপস্থিত থাকবে। এই সম্মেলন একটি গুরুত্বপূর্ণ মোড় হতে পারে।’ জেলেনস্কি নিরাপত্তা সহায়তার বিনিময়ে ইউক্রেনের প্রাকৃতিক সম্পদে মার্কিন প্রবেশাধিকার নিয়ে ওয়াশিংটনের সাথে আলোচনার কথাও বলেন।
❤ Support Us






