Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • ফেব্রুয়ারি ২৬, ২০২৫

দোষী রাজনীতিকদের আজীবন নির্বাচনী নিষেধাজ্ঞার বিষয় চূড়ান্ত হোক সংসদে, সুপ্রিমকোর্টকে জানাল কেন্দ্র

আরম্ভ ওয়েব ডেস্ক
দোষী রাজনীতিকদের আজীবন নির্বাচনী নিষেধাজ্ঞার বিষয় চূড়ান্ত হোক সংসদে, সুপ্রিমকোর্টকে জানাল কেন্দ্র

আইনজীবী অশ্বিনী উপাধ্যায় সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন যে সকল রাজনীতিবিদরা, যারা অপরাধমূলক মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন, তাদের আজীবনের মতো নির্বাচনী লড়াই থেকে নিষিদ্ধ করা হোক। কেন্দ্র সরকার ওই আবেদনকে চ্যালেঞ্জ করে একটি হলফনামা দাখিল করেছে। তাতে সারাজীবন নিষেধাজ্ঞাকে ‘অতিরিক্ত কঠোরতা’ বলে উল্লেখ করা হয়েছে।

সুপ্রিমকোর্টে আইনজীবী অশ্বিনী উপাধ্যায় জনস্বার্থ মামলা করে আবেদন করেছিলেন, যে সমস্ত সাংসদ, বিধায়ক বা রাজনীতিবিদরা অপরাধমূলক মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন, তাঁদের সারাজীবনের জন্য নির্বাচনী ময়দান থেকে নির্বাসিত করা হোক। পাশাপাশি সাংসদ-বিধায়কদের বিরুদ্ধে মামলার দ্রুত নিষ্পত্তির দাবিও করেছিলেন। বুধবার কেন্দ্রের তরফে তার বিরোধিতা করা হয়। উপাধ্যায়ের ওই আবেদনকে চ্যালেঞ্জ করে একটি হলফনামা দাখিল করা হয়, তাতে কারও উপর সারাজীবনের নিষেধাজ্ঞাকে ‘অতিরিক্ত কঠোরতা’ বলে উল্লেখ করা হয়েছে। কেন্দ্র জানায়, এটা সংসদীয় আলোচনার বিষয়। নির্বাচনে প্রতিনিধিদের নিষেধাজ্ঞার সময়সীমা সংসদই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। বর্তমানে ৬ বছর ভোটে লড়তে না পারার যে নিয়ম চালু আছে, সেটির পক্ষেই সওয়াল করেন কেন্দ্রতরফের আইনজীবিরা ।

কেন্দ্র সরকার আবেদনে বলেছে, অযোগ্যতার সময়কালের সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবলমাত্র সংসদের কাছে রয়েছে। যুক্তি ও নানা দিক বিবেচনা করে পার্লামেন্ট ভোটে লড়বার অযোগ্যতা বিষয়ের মেয়াদ নির্ধারণ করেছে। অযথা কঠোরতা প্রয়োগ করে কোনো লাভ নেই, তাতে সমাজে অস্থিরতা ছড়াতে পারে। তাঁর পিটিশনে অশ্বিনী উপাধ্যায় ‘জনপ্রতিনিধিত্ব আইন-১৯৫১’ এর ধারা ৮ আর ৯ কে চ্যালেঞ্জ করেছেন। ‘জনপ্রতিনিধিত্ব আইন-১৯৫১’ এর ধারা ৮[১]-এর অধীনে বলা হয়েছে, এরকম ক্ষেত্রে অযোগ্যতার মেয়াদ দোষী সাব্যস্ত হওয়ার তারিখ থেকে ৬ বছর। কারাদণ্ডের ক্ষেত্রে, মুক্তির তারিখ থেকে ৬ বছর। ধারা ৯- এর অধীনে, যেসব সরকারি কর্মচারী দুর্নীতি বা অন্য কোন কারণের জন্য বরখাস্ত হয়েছেন , তাঁরা এ ক্ষেত্রে বরখাস্তের তারিখ থেকে ৫ বছরের জন্য অযোগ্য বলে বিবেচিত হবে। উপাধ্যাযয়ের বক্তব্য ছিল, উভয় ক্ষেত্রেই অযোগ্যতা আজীবনের জন্য হওয়া উচিত।

সুপ্রিমকোর্টের হলফনামায় কেন্দ্র সরকার বলেছে, সময়ের সাথে সাথে শাস্তির মেয়াদ কমানো অসাংবিধানিক কিছু নয়। আইনের নীতিমালা তৈরি করবার পদক্ষেপ মাত্র। আবেদনকারীর উত্থাপিত প্রশ্নগুলির গভীর বিস্তৃতি আছে। কিন্তু তা স্পষ্টতই সংসদের আইনী নীতির মধ্যে পড়ে। এ বিষয়ে সেখানেই আলোচনা-পর্যালোচনার মধ্য দিয়ে নিয়মের পরিবর্তন করা সম্ভব। সুপ্রিম কোর্ট শুধুমাত্র আইনগুলিকে অসাংবিধানিক হিসাবে বাতিল করতে পারে, তবে আবেদনকারীর চাওয়া আজীবন নিষেধাজ্ঞার ঘোষণা দিতে পারে না। হলফনামায় এও বলা হয়েছে, বর্তমান আইনগুলি ‘সাংবিধানিকভাবে সঠিক’ এবং এর কারণে গণতন্ত্র ক্ষতিগ্রস্থ হয়নি। তাতে উল্লেখ করা হয়েছে, ‘ভারতের সংবিধান নির্বাচনী ক্ষেত্রে অযোগ্যতা নির্ণয়ে এ জাতীয় আরো আইন প্রণয়নের জন্য সংসদকে পরিসর দিয়েছে। সংসদের অযোগ্যতার মাপকাঠি নির্ধারণ ও সময়কাল – দুটি ক্ষেত্রেই নিয়ম আনতে পারে। সঙ্গবিধানের ১০২ আর ১৯১ অনুচ্ছেদে বলা হয়েছে, লোকসভার সংসদীয় ক্ষেত্রে সদস্যপদের যোগ্যতা-অযোগ্যতা হাউজের মাধ্যমে চিহ্নিত করা যায়।

২০১৩ সালে সুপ্রিম কোর্ট বলেছিল, ন্যূনতম ২ বছরের সাজাপ্রাপ্ত সাংসদ এবং বিধায়কদের ক্ষেত্রে আপিলের জন্য ৩ মাস সময় না পেয়ে, অবিলম্বে হাউস থেকে অযোগ্য ঘোষণা করা হবে। কংগ্রেস নেতৃত্বাধীন তৎকালীন ইউপিএ সরকার সেই নির্দেশ প্রত্যাখান করে। কংগ্রেস নেতা রাহুল গান্ধিও এর বিরোধিতা করেছিলেন। অধ্যাদেশটি শেষ পর্যন্ত বাতিল করা হয়েছিল। বর্তমানে, সংসদের বর্তমান ও প্রাক্তন সদস্য এবং আইনসভার সদস্যদের বিরুদ্ধে প্রায় ৫,০০০ মামলা বিচারাধীন। সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় সরকারের কাছ থেকে নতুন করে প্রতিক্রিয়া চেয়েছে। শুনানির পরবর্তী তারিখ ৪ মার্চ। বেঞ্চ এই বিষয়ে অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামণির সহায়তা চেয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!