- দে । শ
- ফেব্রুয়ারি ২৮, ২০২৫
প্রাক্তন স্বামীর কাছে ফিরতে চেয়েছিলেন সুমিতা
মধ্যমগ্রামের আঁচ লাগল নাদনঘাটে। যে সুমিতা ঘোষকে থেঁতলে, টুকরো টুকরো করে নৃশংসভাবে খুন করা হয়েছে, তিনি নাদনঘাটের সুদীপ্ত ঘোষের স্ত্রী। প্রথমটায় সুদীপ্ত বুঝতে পারেননি। পরে জানতে পারেন নিহত সুমিতা তারই প্রাক্তন স্ত্রী। প্রতিবেশীর মৃতদেহ সৎকার করতে শ্মশানে যাচ্ছিলেন। বললেন, ‘খুবই খারাপ লাগছে। আর কী বলব !’
খোঁজখবর নিয়ে জানা গেল, সম্ভবত খুন হয়ে যাবেন আঁচ করেই সুমিতা কয়েকদিন আগে নাদনঘাটে প্রাক্তন স্বামীর কাছে আশ্রয় নিতে আসেন। গোটা এলাকা চক্কর দিয়ে সুদীপ্তর দেখা না পেয়ে হতাশ হয়ে মধ্যমগ্রামে ফিরে যান। সুমিতার সঙ্গে বিয়ে হলেও অবশ্য বেশিদিন সংসার করেননি সুদীপ্ত। স্ত্রী ছেড়ে চলে গেলেও আর বিয়ে করেননি। নেই সন্তানাদিও। আহেরিটোলায় প্রাক্তন স্ত্রীর সুমিতা ঘোষের ট্রলিতে ভরা টুকরো-টুকরো দেহ প্রাক্তন স্বামী সুদীপ্তর হৃদয়কে ‘ভারাক্রান্ত’ করেছে। ২০১৭-১৮ সালে বিবাহ বিচ্ছেদ হয়। তবে কী কারণে এই সম্পর্কের ছেদ পড়ে, তা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি সুদীপ্তবাবু।
২০০৪ সালে নাদনঘাট কালীতলা এলাকার বাসিন্দা সুদীপ্ত ঘোষের সঙ্গে বিয়ে হয় সুমিতাদেবীর। এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা গেল, তেরো-চোদ্দো বছরের দাম্পত্য জীবন কাটানোর পর পারিবারিক অশান্তির কারণেই দাম্পত্য সম্পর্ক ছিন্ন হয়। সুদীপ্তবাবু বর্তমানে তেমন কিছু না করলেও একসময় বেসরকারি কোম্পানিতে কাজ করতেন। ফলে তাকে বেশিরভাগ সময় বাইরেই থাকতে হত। গ্রামের বাড়িতে তিনি খুব অল্প সময়ই থাকতেন। স্ত্রী সুমিতাও বেশিরভাগ সময় বাপেরবাড়িতে থাকতেন। মাঝেমধ্যে গ্রামের শ্বশুরবাড়িতে আসতেন। ফের নাদনঘাটে এসেছিলেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। আশ্রয় মেলেনি। শেষমেশ দুনিয়া থেকেই নিকেশ করা দেওয়া হল সুমিতাকে।
❤ Support Us







