- এই মুহূর্তে বি। দে । শ
- ফেব্রুয়ারি ২৮, ২০২৫
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার মাদ্রাসায় বিস্ফোরণ, নিহত কমপক্ষে ৫
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের নওশেরার মাদ্রাসায়, শুক্রবারে সাপ্তাহিক প্রার্থণাসভা চলাকালীন বোমা বিস্ফোরণ ঘটেছে। আহত হয়েছেন বহু মানুষ, নিহত কমপক্ষে ৫ জন। ঘটনাস্থলে রয়েছে পুলিশ ও উদ্ধারকারী দল। প্রাথমিক তদন্তে এটিকে আত্মঘাতী হামলা বলে সন্দেহ করছে তদন্তকারী কর্মকর্তারা।
শুক্রবার উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে তালিবানপন্থী মাদ্রাসায় সাপ্তাহিক জুম্মার নামাজ চলছিল সেখানকার মসজিদে। সামনেই ইসলাম ধর্মের পবিত্র রমজান মাস, তাই মসজিদে জনসমাগমও বেশি ছিল। আচমকা হামলায় বহু মানুষ আহত হয়েছেন, নিহত কমপক্ষে ৫ । মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা করছে পুলিশ এবং প্রশাসন। জরুরি সেবা সংস্থা এরইমধ্যে অন্তত ১১২২ জনকে উদ্ধার করেছে।
জেলা পুলিশের প্রধান আব্দুল রশিদ বলেছেন, ‘খাইবার পাখতুনখোয়া প্রদেশের আক্কোরা খট্টক জেলায় এই বিস্ফোরণ ঘটেছে।মৃত ও আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। ‘
উত্তর-পশ্চিম পাকিস্তানের এই অংশ আলিবান অধ্যুষিত। ওই মাদ্রাসার সঙ্গে তালিবানের যোগাযোগ সুপরিচিত। এ পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, বিস্ফোরণের পর তাৎক্ষণিক পেশোয়ারের সব হাসপাতাল এবং স্বাস্থ্যসেবা কেন্দ্রে জরুরি অবস্থা ঘোষণা করেছে। ওই প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গন্ডাপুর এই ঘটনার ‘তীব্র নিন্দা’ জানিয়ে সংশ্লিষ্টদের দ্রুত একটি রিপোর্ট জমা দেয়ার নির্দেশ দিয়েছেন। নওশেরায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
বিস্ফোরণের সময় সেখানে উপস্থিত ছিলেন জামিয়ত-ই-ইসলামের নেতা মওলানা হালিম উল হাক্কানি ও মাদ্রাসার ছাত্র-শিক্ষকরা। পুলিশের অনুমান মওলানা হাক্কানিই ছিলেন বিষ্ফোরণের প্রধান টার্গেট। রাজনৈতিক ব্যক্তিত্ব হাক্কানি, জেইউইএস-এর প্রধান। তাঁর বাবা সামিউল হকের প্রয়াণের পর তিনি মাদ্রাসার প্রধানের ভূমিকা পালন করছেন। এই মাদ্রাসাটি ১৯৬৪ সালে জামিয়া দারুল উলুন হাক্কানিয়া ও জমিয়তে উলামায়ে ইসলামের স্কলার মাওলানা আব্দুল হক হাক্কানী প্রতিষ্ঠা করেন। এর আগে ওই মাদ্রাসার বিরুদ্ধে বেনজির ভুট্টো হত্যা চক্রান্তের সঙ্গে জড়িত থাকবার অভিযোগ উঠেছিল। যদিও মাদ্রাসা কর্তৃপক্ষ সব অভিযোগ অস্বীকার করে এসেছে।
আজকের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি এটিকে ‘কাপুরুষোচিত’ আর ‘জঘন্য সন্ত্রাসবাদের কর্মকাণ্ড’ বলে উল্লেখ করেছেন। মাওলানা হক ও অন্যান্য হতাহতদের প্রতি সমবেদনা প্রকাশ করে, আহতদের উন্নত চিকিৎসা সেবা দেওয়ার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া বার্তা দিয়ে বলেছেন, ‘এ ধরনের কাপুরুষোচিত এবং জঘন্য কর্মকাণ্ড ঘটিয়ে আমাদের সংকল্পকে থামিয়ে দিতে পারবে না কেউ। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিও এই বিস্ফোরণের নিন্দা জানিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে এ ঘটনায় গভীর শোকপ্রকাশ করা হয়েছে।
❤ Support Us






