Advertisement
  • প্রচ্ছদ রচনা বি। দে । শ
  • মার্চ ১, ২০২৫

ট্রাম্প জেলেনস্কির বৈঠক উত্তাপ ছড়ালো ইউরোপ জুড়ে । ইউক্রেনকে সহায়তার আশ্বাস পুতিন বিরোধীদের

আরম্ভ ওয়েব ডেস্ক
ট্রাম্প জেলেনস্কির বৈঠক উত্তাপ ছড়ালো ইউরোপ জুড়ে । ইউক্রেনকে সহায়তার আশ্বাস পুতিন বিরোধীদের

ইউক্রেন যুদ্ধ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপে তার মিত্রদের মধ্যে বিভেদ প্রকাশ্যে চলে এল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে হোয়াইট হাউস ছেড়ে বেরিয়ে গেলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জেলেনস্কির অভিযোগ, ওভাল অফিসে আলোচনার সময় তাঁর সঙ্গে ‘‌অসম্মানজনক’‌ আচরণ করা হয়েছে। হোয়াইট হাউস থেকে বেরিয়ে যাওয়ার পর ইউক্রেনের প্রেসিডেন্ট অবশ্য সোশ্যাল মিডিয়ায় ৪ বার ধন্যবাদ জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে। ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বাকবিতণ্ডার পর ইউরোপীয় ইউনিয়নের নেতারা তাঁর পাশে দাঁড়িয়েছেন।

সামরিক সহায়তা এবং খনিজ চুক্তি নিয়ে আলোচনার জন্য শুক্রবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠক বসেছিল। বৈঠক চলাকালীন জেলেনস্কিকে তিরস্কার করেন এবং হঠাৎ করে খনিজ চুক্তি বাতিল করেন। ট্রাম্প বলেছিলেন যে, রাশিয়ার সাথে যুদ্ধবিরতির দিকে প্রথম পদক্ষেপ হবে। পাশাপাশি জেলেনস্কিকে সতর্ক করে দিয়ে আরও বলেছিলেন, তিনি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন এবং যখন শান্তির জন্য প্রস্তুত হবেন, তখন যেন আলোচনায় বসেন।

ট্রাম্প, ভাইস–প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং জেলেনস্কির মধ্যে রুদ্ধদ্বার বিঠক চলছিল। কিন্তু প্রকাশ্য বিরোধের কারণে এই বৈঠক সংক্ষিপ্ত করা হয়। জেলেনস্কি হোয়াইট হাউস থেকে দ্রুত বেরিয়ে যান এবং খনিজ চুক্তি বাতিল ঘোষণা করার জন্য সাংবাদিক সম্মেলন করেন। ট্রাম্পের সঙ্গে বাকবিতণ্ডা হওয়ার পর জেলেনস্কি দুঃখ প্রকাশ করেছেন। পাশাপাশি জোর দিয়ে বলছেন যে তাদের সম্পর্ক আবার আগের মতোই হবে।

এদিকে, ডোনাল্ড ট্রাম্পের সাথে হোয়াইট হাউসে তীব্র বাকবিতণ্ডার পর ইউরোপীয় ইউনিয়নের নেতারা ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির প্রতি তাঁদের সমর্থন জানিয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি প্রধান ঘোষণা করেছেন যে, মুক্ত বিশ্বের একজন নতুন নেতার প্রয়োজন। পরোক্ষভাবে তাঁরা, ডোনাল্ড ট্রাম্পের প্রতি অনাস্থা প্রকাশ করেছেন। যদিও ইউরোপীয় নেতারা মার্কিন প্রেসিডেন্টের নাম উল্লেখ করেননি, তবে শুক্রবার গভীর রাতে তাদের মন্তব্য ইউক্রেন যুদ্ধ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপে তার ঐতিহ্যবাহী মিত্রদের মধ্যে বিদ্যমান বিভেদকে উন্মোচিত করে ।

এক সোশ্যাল মিডিয়া পোস্টে ইউরোপীয় ইউনিয়েনের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতির উচ্চ প্রতিনিধি কাজা কালাস লিখেছেন, ‘‌ইউক্রেন হল ইউরোপ! আমরা ইউক্রেনের পাশে আছি। আমরা ইউক্রেনের প্রতি আমাদের সমর্থন বৃদ্ধি করব যাতে তারা আক্রমণকারীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে পারে। আজ এটা স্পষ্ট হয়ে গেল যে মুক্ত বিশ্বের একজন নতুন নেতার প্রয়োজন। এই চ্যালেঞ্জ গ্রহণ করা আমাদের, ইউরোপীয়দের উপর নির্ভর করে।’‌

জেলেনস্কিকে সরাসরি সম্বোধন করে ইউরোপীয় ইউনিয়েন কমিশনের সভাপতি উরসুলা ভন ডের লেইন লিখেছেন, ‘‌আপনার মর্যাদা ইউক্রেনীয় জনগণের সাহসিকতার প্রতি সম্মান প্রদর্শন করে। শক্তিশালী হোন, সাহসী হোন, নির্ভীক হোন। আপনি কখনই একা নন।’‌ তিনি আরও বলেন, ‘‌একটি ন্যায্য ও স্থায়ী শান্তির জন্য আমরা আপনার সাথে কাজ চালিয়ে যাব।’‌ ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, যিনি মাত্র একদিন আগে হোয়াইট হাউসে ট্রাম্পের সাথে দেখা করেছিলেন, তিনি জেলেনস্কিকে ফোন করে তাঁর সমর্থন জানান। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং ইউক্রেনের মধ্যে একটি জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছেন। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের লড়াই গণতন্ত্রের প্রতিরক্ষা। নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোর এই ঘটনাটিকে ‘‌গুরুতর এবং হতাশাজনক’‌ বলে বর্ণনা করেছেন। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন যে এই বিরোধের পর তার দেশ ইউক্রেনের পাশে থাকবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!