- এই মুহূর্তে বি। দে । শ
- মার্চ ৪, ২০২৫
মার্কিন সামরিক সহায়তা রদ ইউক্রেনে
ইউক্রেনকে সামরিক সহযোগিতা প্রদান সাময়িকভাবে বন্ধ করে দিল মার্কিন যুক্তরাষ্ট্র। ওভাল অফিসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে উত্তপ্ত বাক–বিতণ্ডার পর সামরিক সাহায্য বন্ধ করার সিদ্ধান্ত নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যতক্ষণ না ইউক্রেনীয় নেতারা মার্কিন সমর্থন ও শান্তির প্রতি আরও কৃতজ্ঞতা প্রকাশ করবেন, ততক্ষণ পর্যন্ত সহযোগিতা বন্ধ থাকবে। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সহযোগিতা বন্ধ স্থায়ীভাবে নয়, সাময়িক সময়ের জন্য।
মার্কিন যুক্তরাষ্ট্রের যেসব সামরিক সরঞ্জাম এই মুহূর্তে ইউক্রেনে নেই, সেগুলি সাময়িক সহযোগিতা বন্ধের আওতায় পড়বে। এর মধ্যে রয়েছে উড়োজাহাজ, অস্ত্র, যেগুলি ইউক্রেনে যাওয়ার জন্য পোল্যান্ডে রয়েছে। সামরিক সাহায্য বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকর করার জন্য ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে নির্দেশ দিয়েছেন।
ট্রাম্প প্রশাসনের এক শীর্ষ কর্তা সংবাদমাধ্যমকে বলেছেন, ‘এই সামরিক সাহায্য বন্ধ স্থায়ীভাবে নয়। সাময়িক বিরতি। এখনই এই নির্দেশ কার্যকর করা হচ্ছে। ইউক্রেনীয় নেতারা সৎ বিশ্বাসে শান্তি আলোচনার প্রতিশ্রুতি না দিলে সামরিক সহায়তা বন্ধ থাকবে।’
গত সপ্তাহে ওভাল অফিসে আলোচনার সময় ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কিছু কঠোর কথা শুনিয়েছিলেন। ট্রাম্প ইউক্রেন প্রেসিডেন্টকে বলেছিলেন ওয়াশিংটনের সহযোগিতার বিষয়ে জেলেনস্কির আরও কৃতজ্ঞ হওয়া উচিত। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও জেলেনস্কির মন্তব্যের প্রতি অসম্মতি প্রকাশ করেছিলেন। রাশিয়ার বিরুদ্ধে প্রায় তিন বছর ধরে চলা যুদ্ধে ইউক্রেনকে কয়েক শ কোটি ডলারের সহযোগিতা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
❤ Support Us






