- মা | ঠে-ম | য় | দা | নে
- মার্চ ৬, ২০২৫
আর্কাদাগের কাছে হেরে এএফসি চ্যালেঞ্জ লিগের সেমিফাইনালের রাস্তা কঠিন করে ফেলল ইস্টবেঙ্গল
আইএসএলে–র শুরু থেকেই জঘন্য পারফরমেন্স। কোচ বদল। কার্লেস কুয়াদ্রাতের পরিবর্তে অস্কার ব্রুজোর হাতে দায়িত্ব তুলে দিয়েছিলেন ইস্টবেঙ্গল কর্তারা। দায়িত্ব নিয়েই দলকে বদলে দিয়েছিলেন ব্রুজো। ফুটবলারদের মনোবল ফিরিয়ে নিয়ে এসে দলকে এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে তুলেছিলেন। স্বপ্ন দেখিয়েছিলেন সেমিফাইনালের। কিন্তু কোয়ার্টার ফাইনালের প্রথম পর্বের ম্যাচে ঘরের মাঠে তুর্কমেনিস্তানের আর্কাদাগের কাছে হেরে শেষ চারে ওঠার রাস্তা কঠিন করে ফেলল ইস্টবেঙ্গল। ম্যাচের ফল ১–০। দ্বিতীয় লেগে অ্যাওয়ে ম্যাচে ২ গোলের ব্যবধানে জিততে না পারলে এএফসি চ্যালেঞ্জ লিগে অভিযান শেষ লাল–হলুদের।
তুর্কমেনিস্তানের অর্কাদাগ মোটেই শক্তিশালী প্রতিপক্ষ নয়। দলে কোনও বিদেশি নেই। এইরকম দলের বিরুদ্ধেও নিজেদের মেলে ধরতে পারল না ইস্টবেঙ্গল। গোটা ম্যাচে গোলের মতো সেরকম কোনও পরিস্থিতিও তৈরি করতে পারেননি দিয়ামানতাকোস, মেসি বাউলিরা। আইএসএল চলার মাঝেই তুর্কমেনিস্তানের বিরুদ্ধে মাঠে নামতে হয়েছে অস্কার ব্রুজোর দলকে। ফুটবলাররা যে ক্লান্ত ছিলেন, খেলা দেখেই বোঝা গেছে। সবথেকে বড় পার্থক্য গড়ে দিয়েছে আর্কাদাগের ফুটবলারদের বড় চেহারা। রক্ষণে আনোয়ার আলির না থাকাটাও সমস্যায় ফেলেছে ইস্টবেঙ্গলকে।
আনোয়ার আলি না থাকায় আর্কাদাগের বিরুদ্ধে হেক্টর ইউস্তের সঙ্গে স্টপারে জিকসন সিংকে নামিয়েছিলেন অস্কার ব্রুজো। গোটা মরশুমের মতো এদিনও দলকে ভোগালেন হেক্টর। ম্যাচের ১০ মিনিটে তাঁরই ভুলে একমাত্র গোলটা তুলে নেয় আর্কাদাগ। হেক্টরের ভুল পাস থেকে বল পেয়ে তিরকিসভ শানাজা দেন গুরবানভকে। গোল লক্ষ্য কর কোনাকুনি শট নেন গুরবানভ। লালচুংনুঙ্গার পায়ের ফঁাক দিয়ে বল জালে জড়িয়ে যায়। ৪৫ মিনিটে গুরবানভের হেড দারুণ দক্ষতার সঙ্গে বঁাচান লাল–হলুদ গোলকিপার প্রভসুখন গিল। প্রথমার্ধের শেষলগ্নে ইস্টবেঙ্গলের সামনে একটা সুযোগ এসেছিল। কাজে লাগাতে পারেননি মেসি বাউলি।
দ্বিতীয়ার্ধের পুরোটাই ইস্টবেঙ্গলের দাপট। কিন্তু গোলমুখ খুলতে পারছিলেন না মেসি, দিয়ামানতাকোসরা। ৭১ মিনিটে রিচার্ড সেলিস সহজ সুযোগ পেয়েছিলেন। সল ক্রেসপোর শট আর্কাদাগের এক ডিফেন্ডারের গায়ে লেগে সেলিসের কাছে আসে। তাঁর হেড বাইরে চলে যায়। ম্যাচের শেষ মুহূর্তে বিষ্ণুর পাস থেকে শট নিয়েছিলেন সল ক্রেসপো। তাঁর সেই শট দারুণ দক্ষতায় বঁাচান আর্কাদাগ গোলকিপার। শেষপর্যন্ত ঘরের মাঠে ১–০ ব্যবধানে হেরে সেমিফাইনালে যাওয়ার রাস্তা কঠিন করে ফেলল ইস্টবেঙ্গল।
❤ Support Us








