- এই মুহূর্তে বি। দে । শ
- মার্চ ৮, ২০২৫
সিরিয়ায় সংঘর্ষে নিহত ২৫০, বিদ্রোহীদের অস্ত্রসহ আত্মসমর্পণের আবেদন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট শারার
সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল–আসাদের অনুগামীদের অস্ত্রসহ আত্মসমর্পণ করার আবেদন জানালেন সেদেশের অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল–শারা। সিরিয়ার উত্তর–পশ্চিমাঞ্চলীয় লাতাকিয়া প্রদেশে বাশার আল–আসাদের সম্প্রদায় আলাউইতের দেশের নতুন শাসকদের ওপর বড় ধরনের হামলার ঘটনার পরই তিনি বিদ্রোহীদের আত্মসমর্পন করার আহ্বান জানিয়েছেন।
বিদ্রোহীদের উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে আহমেদ আল–শারা বলেন, ‘আপনারা সিরীয় নাগরিকদের আক্রমণ করে ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। আপনাদের দ্রুত অস্ত্র জমা দিয়ে আত্মসমর্পণ করুন।’ সিরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় থেকে শারার এই বক্তব্যটি সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হয়েছে। ভাষণে শারা আরও বলেছেন, ‘একচেটিয়াভাবে রাষ্ট্রের হাতে অস্ত্র রাখার লক্ষ্যে সরকার অঙ্গীকারবদ্ধ হয়েছে। অনিয়ন্ত্রিত অবস্থায় আর কোনও অস্ত্র থাকবে না।’ গতছর ডিসেম্বরে বিদ্রোহী গোষ্ঠীদের যে জোট বাশার আল–আসাদ সরকারকে উৎখাত করেছিল, সেই জোটকে নেতৃত্ব দিয়েছিলেন শারা।
বৃহস্পতিবার সিরিয়ার পশ্চিম উপকূলে বাশার আল–আসাদের অনুগামী আলাউইত সম্প্রদায়ের সঙ্গে সিরিয়ার সরকারি নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়। পশ্চিম উপকূলে এই সংঘর্ষ ছড়িয়ে পড়ার পর ২৫০ জনেরও বেশি মানুষ নিহত হন। শুক্রবার সিরিয়ার উপকূলীয় অঞ্চলে পাঁচটি পৃথক ঘটনায় আলাউইত সম্প্রদায়ের ১৬২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এক ভিডিও ফুটেজে দেখা গেছে, একটা বাড়ির বাইরে বেসামরিক পোশাক পরা বেশ কয়েকটি মৃতদেহকে স্তূপ করে রাখা হয়েছে। কাছাকাছি রক্তের দাগ এবং মহিলাদের কাঁদতে দেখা গেছে। আর একটা ভিডিওতে দেখা গেছে, সামরিক পোশাক পরিহিত বাহিনী কাছ থেকে সাধারণ মানুষদের গুলি করছে।
বৃহস্পতিবারের সংঘর্ষের পর ব্যাপক নিরাপত্তা অভিযান শুরু হয়েছে। সিরিয়ার উপকূলীয় প্রদেশ লাতাকিয়া ও তারতুসে পর্যন্ত কারফিউ জারি রয়েছে। এই এলাকাগুলি ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল–আসাদের গোষ্ঠী আলাউইত সম্প্রদায়ের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত।
❤ Support Us






