Advertisement
  • দে । শ
  • মার্চ ৮, ২০২৫

রাজ্যের জলজীবন মিশন প্রকল্পে ‘সজল গ্রাম’-এর স্বীকৃতি পেল ঘূণি

আরম্ভ ওয়েব ডেস্ক
রাজ্যের জলজীবন মিশন প্রকল্পে ‘সজল গ্রাম’-এর স্বীকৃতি পেল ঘূণি

পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য গ্রামের সব বাড়িতেই পাইপলাইনের সংযোগের কাজ সম্পন্ন। বাড়ি বাড়ি প্রথম দফার পানীয় জল পৌঁছানোর কাজও শুরু হয়েছে। এই কারণেই জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের তরফে পূর্বস্থলী ২নং ব্লকের ঘূণি গ্রামকে ‘সজল গ্রাম’ হিসেবে স্বীকৃতি দেওয়া হল। এই স্বীকৃতি দান উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়, পঞ্চায়েত প্রধান সঙ্গীতা মাঝি-সহ জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের আধিকারিকরা।

প্রায় ২ দশক আগে পূর্বস্থলী ১ ও ২নং ব্লকের বেশ কয়েকটি এলাকায় ভূগর্ভের পানীয় জলে মাত্রাতিরিক্ত আর্সেনিক ধরা পড়ে। ১নং ব্লকের মাদ্রা-সহ কয়েকটি গ্রামে আর্সেনিকোসিসে আক্রান্ত হন বহু বাসিন্দা। কয়েকজনের মৃত্যু হয়। আর্সেনিক আক্রান্তদের চিকিৎসা ও পরিশ্রুত পানীয় জল সরবরাহের ব্যাপারে তৎকালীন বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ ওঠে। এলাকার তৃণমূল নেতা স্বপন দেবনাথের (বর্তমানে মন্ত্রী) নেতৃত্বে ‘আর্সেনিক প্রতিরোধ কমিটি’ গড়ে আর্সেনিক মুক্ত এলাকা গড়ার আন্দোলন শুরু হয়। তৃণমূল রাজ্যের শাসনক্ষমতায় আসার পর ভূগর্ভের জল ও ভূপৃষ্ঠের জল শোধন করে বাড়ি বাড়ি সরবরাহের ফলে পরিস্থিতি  নিয়ন্ত্রণে এসেছে। সেইসঙ্গে জল অপচয় রোধে এলাকাজুড়ে ধারাবাহিকভাবে সচেতনতার প্রচার চালানোর কাজও চলছে।

রাজ্য সরকারের ‘জলজীবন মিশন প্রকল্পে’ পূর্বস্থলীর মুকশিমপাড়া পঞ্চায়েতের ঘুণি, হালদিন’পাড়া, সাতপোতা গ্রামে পানীয় জল পৌঁছানোর উদ্যোগ নেওয়া হয়। ঘূণি গ্রামের ২৫০ টি পরিবারের প্রতিটি বাড়িতে জলের সংযোগ দেওয়া হয়েছে। ধীরে ধীরে এলাকার প্রতিটি গ্রামকেই জলজীবন মিশন প্রকল্পের আওতায় এনে ‘সজল গ্রামের তকমা দেওয়া হবে’ বলে জানালেন বিধায়ক তপনবাবু।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!