Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • মার্চ ৮, ২০২৫

বাজার থেকে ভেজাল ওষুধ প্রত্যাহারে কড়া নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর

আরম্ভ ওয়েব ডেস্ক
বাজার থেকে ভেজাল ওষুধ প্রত্যাহারে কড়া নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর

কেন্দ্রীয় সরকারের ওষুধের মান নির্ধারণকারি সংস্থার পরীক্ষায় এরাজ্যের বিপুল সংখ্যক ওষুধ পরীক্ষায় পাশ করতে পারেনি। এই সব অনুত্তীর্ণ ওষুধ হাসপাতাল ও দোকান থেকে তুলে নেওয়া ও ব্যবহার বন্ধ করতে বৃহস্পতিবার রাতে ১২ দফার নির্দেশিকা জারি করেছেন রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম। সঠিকভাবে নির্দেশ মানা হচ্ছে কি না তা খতিয়ে দেখতে পরিদর্শনে নামবে রাজ্যের ড্রাগ কন্ট্রোল।

গত ৩ মাসে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের গুণমান পরীক্ষায় ফেল করেছে অন্তত ৪০০ টি ওষুধ। তালিকায় রয়েছে  পশ্চিমবঙ্গের একাধিক সংস্থার তৈরি নিত্যদিনের ব্যবহার করা বহু ওষুধও। পরীক্ষায় দেখা গিয়েছে গুণগত মান ঠিক নেই অনেক ওষুধে, প্যাকেটে অষুধ কম, এক প্যাকেটে অন্য ওষুধ, কোনো ওষুধ শরীরে দ্রবীভূত হচ্ছে না, একই স্ট্রিপে থাকা  ট্যাবলেট ভিন্ন ভিন্ন,  কোনোটিতে আবার ডোজের গরমিল। এসব তথ্য সামনে আসতেই রাজ্য স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তাদের কপালে ভাঁজ পরে।  এবার সে নিয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে তাঁরা। পরীক্ষায় অনুত্তীর্ণ ওষুধ হাসপাতাল ও দোকান থেকে তুলে নেওয়া ও ব্যবহার বন্ধ করতে বৃহস্পতিবার রাতে ১২ দফার নির্দেশিকা জারি করেছেন রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম। সঠিকভাবে নির্দেশ মানা হচ্ছে কি না তা খতিয়ে দেখতে পরিদর্শনে নামবে রাজ্যের ড্রাগ কন্ট্রোল। ইতিমধ্যে, সমস্ত ওষুধ ব্যবসায়ী, হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রকে সতর্ক করে দেওয়া হয়েছে। নির্দেশ অনুযায়ী, অনুত্তীর্ণ ও গুণগত মান বজায় রাখতে ব্যর্থ ওষুধের বিক্রি সম্পূর্ণ বন্ধ করতে হবে, না হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের গুণমান পরীক্ষায় ধরা পড়ে যে, দেশের বিভিন্ন সংস্থার তৈরি প্রায় ৩০০টি ওষুধ মান পরীক্ষায় ফেল করেছে। এর মধ্যে রয়েছে একাধিক নামী সংস্থার বহুল প্রচলিত ওষুধও, যা সাধারণ মানুষ নিত্যদিন ব্যবহার করেন। বাজার থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষা করে কেন্দ্রীয় সংস্থা জানিয়েছে, এই ওষুধগুলি ‘নট ফর স্ট্যান্ডার্ড কোয়ালিটি ড্রাগস’ বা মানহীন ওষুধের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে।  রিপোর্ট প্রকাশের পর, চিকিৎসক সমাজ ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়ে। বিশেষজ্ঞদের মতে, এই মানহীন ওষুধ ব্যবহারে রোগ নিরাময়ের বদলে স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হতে পারে। এমন পরিস্থিতিতে রাজ্য সরকার জরুরি ভিত্তিতে কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে।

স্বাস্থ্য সচিবের নির্দেশে যে ১২ দফা নির্দেশিকা জারি করা হয়েছে, তাতে বলা হয়েছে, বাজার থেকে বাতিল ওষুধ অবিলম্বে সরিয়ে ফেলতে হবে। খুচরো ও পাইকারি বিক্রেতাদের নিশ্চিত করতে হবে যে এই ওষুধ আর বিক্রি না হয়। সমস্ত জেলা, মহকুমা ও ব্লকের সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে অবিলম্বে এরকম ওষুধের ব্যবহার বন্ধ করতে হবে।  হোলসেলার ও ডিস্ট্রিবিউটরদের জন্য কড়া নির্দেশ দিয়ে বলা হয়েছে,  যদি কেউ এই নিষিদ্ধ ওষুধ বিক্রি চালিয়ে যায়, তবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে, এমনকি লাইসেন্স বাতিলও করা হতে পারে। ওষুধের দোকান, হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে বাতিল হওয়া অষুধের তালিকা সর্বসমক্ষে প্রকাশ করা বাধ্যতামূলক করা হয়েছে। রাজ্য স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটেও এই তালিকা আপলোড করা হবে, যাতে সাধারণ মানুষ সহজেই জানতে পারেন কোন ওষুধগুলি ব্যবহার করা যাবে না। তবে বিজ্ঞপ্তি জারি করেও নিশ্চিন্ত হতে পারছে না স্বাস্থ্য দফতর। হাসপাতাল ও ওষুধের দোকানে নজরদারি চালানো হবে। হতে পারে হঠাৎ পরিদর্শন বা সারপ্রাইজ ভিজিট। যদি কোথাও বাতিল ওষুধের বিক্রি বা মজুত পাওয়া যায়, তবে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। অনুত্তীর্ণ ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলির বিরুদ্ধে তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যে কোথাও জাল ওষুধের কারখানা বা গুদাম আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তবে পদক্ষেপ গ্রহণের আগে ওষুধ ব্যবসায়ীদের সংগঠনগুলোর সহযোগিতায় চালানো হবে সতর্কতা ও সচেতনতা বৃদ্ধি অভিযান। যাতে সাধারণ মানুষ সহজেই জানতে পারেন, বাতিল ওষুধের বদলে কোনটি ব্যবহার করা যাবে। রাজ্যে নিম্নমানের ওষুধের পাশাপাশি জাল ওষুধের বিপদও দিন দিন বাড়ছে। এই বিষয়ে ওষুধ ব্যবসায়ীদের সংগঠন বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন উদ্বেগ প্রকাশ করেছে। সংগঠনের মুখপাত্র শঙ্খ রায়চৌধুরী জানিয়েছেন, ‘জাল ও ভুয়ো ওষুধের সমস্যা মারাত্মক। এটি শুধু সাধারণ মানুষের স্বাস্থ্য নয়, ওষুধ ব্যবসাকেও বড়সড় ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে।’ বিডিসিএ-র অভিযোগ, দেশের প্রায় ৩৫ শতাংশ জাল ওষুধ তৈরি হয় ভারতেই। পাশাপাশি, চিন ও মিশরেও জাল ওষুধ তৈরির রমরমা রয়েছে। সংগঠনের তরফে জানানো হয়েছে, ওষুধের দাম কমানোর প্রতিযোগিতায় অনেক ব্যবসায়ী অনির্ভরযোগ্য ডিস্ট্রিবিউটরের কাছ থেকে ওষুধ সংগ্রহ করছেন, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সংগঠনের এক পদস্থ কর্তা বলেন, ‘ওষুধের মূল্য নিয়ন্ত্রণ করতে গেলে কেন্দ্রীয় সরকারকে জিএসটি কমানোর বিষয়ে ভাবতে হবে। একই ওষুধের দাম এক জায়গায় এক রকম, অন্য জায়গায় অন্য রকম হতে পারে না। এটা নিয়ন্ত্রণ করা দরকার।’ এদিকে, রাজ্য সরকারের এই কড়া নির্দেশ ও তদারকি ব্যবসায়ীদের ওপর কী ধরনের প্রভাব ফেলবে, তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। কিছু ব্যবসায়ী এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও, অনেকেই মনে করছেন, এটি হঠাৎ করে বাস্তবায়ন করা কঠিন হতে পারে। পদক্ষেপ কতটা কার্যকর হয়,  নিম্নমানের ওষুধের সমস্যা কতটা নিয়ন্ত্রণে আসে, সেটাই এখন দেখার বিষয়।

তবে স্থাস্থ্য দফতরের মতে,  প্রশাসনিক পদক্ষেপের পাশাপাশি সাধারণ মানুষের উপরেও কিছু দায়িত্ব বর্তায়।  প্রথমেই বাতিল ওষুধের তালিকা দেখে নেওয়া উচিত। কোনো ওষুধ নিয়ে সন্দেহ হলে নিকটস্থ হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্র থেকে পরামর্শ নেওয়া উচিত। নির্ভরযোগ্য ওষুধ বিক্রেতার কাছ থেকেই ওষুধ কেনা উচিত, যাতে জাল ওষুধের সম্ভাবনা এড়ানো যায়।  ওষুধ কেনার সময় বারকোড চেক করা দরকার।  প্রেসক্রিপশন ছাড়া ওষুধ না কেনাই ভালো।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!