- এই মুহূর্তে দে । শ
- মার্চ ১২, ২০২৫
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মিটিং-মিছিল নিষেধাজ্ঞা প্রত্যাহার, চলবে কড়া নজরদারি। নির্দেশ হাইকোর্টের
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতরে মিটিং-মিছিল নিয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কলকাতা হাইকোর্ট। পূর্ববর্তী নির্দেশ অনুযায়ী, কোনো রাজনৈতিক সংগঠন ১৩ মার্চ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মিটিং, মিছিল বা অন্য কোনো রাজনৈতিক কর্মসূচী করতে পারবে না বলে যে আদেশ দেওয়া হয়েছিল, বুধবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তা প্রত্যাহার করে নেন। আদালতের বক্তব্য, ‘রায়ের ওই অংশ ইতিমধ্যেই কার্যকর হয়েছে। এখন আর আদালত নিজে থেকে এই বিষয়টি নিয়ন্ত্রণ করতে চায় না। এখন থেকে কোনও সংগঠন যদি মিটিং-মিছিল করতে চায়, তাহলে তাঁদের প্রশাসনের কাছে আবেদন জানাতে হবে। প্রশাসন আবেদন খতিয়ে দেখে অনুমতি দেবে।’ গত রবিবার যাদবপুর ৮বি বাসস্ট্যান্ড থেকে থানা পর্যন্ত বিজেপির মিছিল নিয়ে দায়ের হওয়া মামলার শুনানির সময় আদালত বিশ্ববিদ্যালয় চত্বরে রাজনৈতিক কার্যকলাপ নিয়ন্ত্রণে নিষেধাজ্ঞা জারি করেছিল। তবে, আজকের রায়ে আদালত সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে জানিয়ে দিল, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রশাসনই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
এর আগে, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে পুলিশের প্রবেশাধিকার চেয়ে রাজ্য সরকার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছিল। তবে আদালত রাজ্যের সেই আবেদন খারিজ করে জানায়, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিচালন কমিটি রয়েছে, যারা এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। আদালত এই ব্যাপারে কোনও হস্তক্ষেপ করবে না। ইতিমধ্যে পুলিশি আউটপোস্ট করার অনুমতি চেয়ে লালবাজার থেকে চিঠি পাঠানো হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে। বিশ্ববিদ্যালয়ের ভেতরে নজরদারি বাড়াতেই আউটপোস্ট করতে চায় লালবাজার। সম্প্রতি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়ির নীচে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র ইন্দ্রানুজ রায়ের চাপা পড়ার ঘটনা আলোড়ন ফেলে দেয়। এ নিয়ে কলকাতা হাইকোর্ট বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কলকাতা পুলিশকে নির্দেশ দেন, তাঁরা যেন এফআইআর দায়ের করে, আহতদের বক্তব্য রেকর্ড করে। সেইসঙ্গে গোয়েন্দা বিভাগের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেন বিচারপতি ঘোষ।
যাদবপুরের নয়া বিতর্ক, গ্রাফিতিকাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে কলকাতা পুলিশ। অজ্ঞাতপরিচয় কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে বলে জানা গেছে। তদন্তের স্বার্থে বেশ কয়েকজন পড়ুয়াকে দ্বিতীয়বারের জন্য তলব করেছে যাদবপুর থানা। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, প্রথম দফায় ডাকা হলেও অনেকে হাজির না হওয়ায় ফের তাঁদের ডাকা হচ্ছে।এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক বলেছেন, ‘আমরা এর আগে কয়েকজন ছাত্র-ছাত্রীকে ডেকে পাঠিয়েছিলাম, কিন্তু তাঁরা আসেননি। তাই তাঁদের দ্বিতীয়বার তলব করা হলো।’ যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে রাজনৈতিক উত্তেজনা ছড়ানো নিয়ে পুলিশ কড়া অবস্থান গ্রহণ করেছে। ক্যাম্পাসে বিভিন্ন রাজনৈতিক স্লোগান ও বিতর্কিত গ্রাফিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। তদন্তকারীরা জানতে চাইছেন, এসব কারা করেছে, কেন করেছে। পুলিশ খতিয়ে দেখছে, বিতর্কিত গ্রাফিতির মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংঘাত সৃষ্টি করা হচ্ছে কিনা। যদি এমন কিছু প্রমাণ পাওয়া যায়, তবে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র উদ্দীপন কুন্ডু পুলিশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। অভিযুক্ত ছাত্র আদালতে স্বস্তি পেল না। বুধবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জানিয়ে দেন, ওই ছাত্রের নাম এফআইআরে রয়েছে। এই পরিস্থিতিতে আদালত তদন্তে হস্তক্ষেপ করবে না। অভিযুক্ত ছাত্রকেও তদন্তে সহযোগিতা করতে হবে। বিচারপতি ঘোষের পর্যবেক্ষণ, ‘অভিযুক্ত হিসাবে নাম থাকা ওই ছাত্রকে ছাড় দেওয়া হলে ভুল বার্তা যেতে পারে’ মামলাকারী ছাত্রের আইনজীবী আদালতে দাবি করেন, শুধু বারবার তলব করাই নয়, পুলিশের পক্ষ থেকে তাঁর মোবাইল ফোন জমা রাখার নির্দেশও দেওয়া হয়েছে। তাঁর আইনজীবী যুক্তি দেন, মোবাইল ফোন ব্যক্তিগত সম্পদ। সুপ্রিম কোর্ট মোবাইলকে ব্যক্তিগত ডিভাইস হিসেবে স্বীকৃতি দিয়েছে। তা পুলিশ কীভাবে দাবি করতে পারে? পুলিশ কি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রদের হয়রানি করছে। তখন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই বিষয়ে পুলিশকে নির্দেশ দেন, ‘উদ্দীপনকে যেন নতুন করে মোবাইল কিনতে বাধ্য না করা হয়, পুলিশকে তা নিশ্চিত করতে হবে। তদন্তের প্রয়োজনে পুলিশ মোবাইল ফোন নিলেও তা অক্ষত অবস্থায় ফেরত দিতে হবে।’ এই মামলার পরবর্তী শুনানি আগামী ৪ এপ্রিল নির্ধারিত হয়েছে। আদালত পুলিশ ও ছাত্র উভয়পক্ষ-কে হলফনামা জমা করবার নির্দেশ দিয়েছে।
❤ Support Us






