Advertisement
  • এই মুহূর্তে স | হ | জ | পা | ঠ
  • জুন ৬, ২০২৫

ঋণগ্রহীতাদের জন্য স্বস্তির বার্তা: ৫০ বেসিস পয়েন্ট রেপো রেট কমাল রিজার্ভ ব্যাঙ্ক

আরম্ভ ওয়েব ডেস্ক
ঋণগ্রহীতাদের জন্য স্বস্তির বার্তা: ৫০ বেসিস পয়েন্ট রেপো রেট কমাল রিজার্ভ ব্যাঙ্ক

ভারতীয় অর্থনীতির সাম্প্রতিক পরিস্থিতি, বৈশ্বিক অনিশ্চয়তা সত্ত্বেও, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ঋণগ্রহীতাদের জন্য সুখবর দিয়েছে। জুন মাসের মুদ্রানীতি বৈঠকের শেষে আবারো রেপো রেট পয়েন্ট কমানোর কথা ঘোষণা করেছে আরবিআই। নতুন নিয়মে প্রধান ঋণদান হার বা রেপো রেট ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে ৫.৫% হয়েছে। ফলে, দীর্ঘমেয়াদী ঋণের যেমন বাড়ির ঋণ বা গাড়ির ঋণের ক্ষেত্রে ইএমআই কমবে। যা অর্থনীতির দিক থেকে যেমন গুরুত্বপূর্ণ, তেমনই সাধারণ ঋণগ্রহীতাদের জন্য এক বড় স্বস্তির বার্তা।

অল্প কথায় বললে, রেপো রেট হলো সেই সুদের হার, যার ভিত্তিতে দেশের বাণিজ্যিক ব্যাঙ্কগুলি রিজ়ার্ভ ব্যাঙ্কের থেকে স্বল্পমেয়াদি ঋণ নেয়। এই হার কমলে ব্যাঙ্কগুলোও কম সুদে অর্থ পায়, ফলে তারা গ্রাহকদের ঋণের উপর সুদের হার হ্রাস করতে পারে। নয়া সিদ্ধান্তে ঋণগ্রহীতারা বিশেষভাবে উপকৃত হবেন, বিশেষ করে যারা বাড়ির ঋণ নিয়েছেন। উদাহরণস্বরূপ, ৩০ লক্ষ টাকার ২০ বছরের হোম লোনের ক্ষেত্রে, রেপো রেট কমানোর পর মাসিক কিস্তি প্রায় ২,০০০ টাকা কমে যেতে পারে।

আরবিআই-এর গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন, এই সিদ্ধান্তটির পেছনে বড় কারণ হচ্ছে দেশের অর্থনীতি দ্রুতগতিতে এগিয়ে চলেছে ও মুদ্রাস্ফীতি উল্লেখযোগ্যভাবে কমেছে। তিনি বলেছেন, ‘ভারতের অর্থনীতি স্থানীয় এবং বিদেশী বিনিয়োগকারীদের জন্য অসীম সুযোগ সৃষ্টি করছে, আমরা দ্রুত আয় বৃদ্ধির পথে রয়েছি।’ রিজার্ভ ব্যাংক তার চলতি আর্থিক বছরে খুচরা মুদ্রাস্ফীতি ৩.৭% এবং জিডিপি প্রবৃদ্ধি ৬.৫% হওয়ার পূর্বাভাস দিয়েছে। ত্রৈমাসিক ভিত্তিতে, ২০২৫ সালের এপ্রিল-জুনে ২.৯%, জুলাই-সেপ্টেম্বরে ৩.৪%, অক্টোবর-ডিসেম্বরে ৩.৯%, এবং জানুয়ারি-মার্চে ৪.৪% জিডিপি বৃদ্ধির পূর্বাভাস রয়েছে। মালহোত্রা আরো জানান, ‘খাদ্য মুদ্রাস্ফীতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ভারতের সামগ্রিক অর্থনৈতিক দৃষ্টিভঙ্গিও শক্তিশালী ও স্থিতিশীল। আমাদের লক্ষ্য দ্রুত আর টেকসই অর্থনৈতিক বৃদ্ধি অর্জন করা।’ রেপো রেট হ্রাসের সঙ্গে সঙ্গেই রিজ়ার্ভ ব্যাঙ্ক তাদের মুদ্রানীতির অবস্থান বদলে ‘নিউট্রাল’ থেকে ‘অ্যাকোমোডেটিভ’-এ নিয়ে এসেছে। অর্থাৎ, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় আরো নমনীয় নীতি গ্রহণ করে অর্থনৈতিক বৃদ্ধি ও স্থিতিশীলতাকে গুরুত্ব দিচ্ছে আরবিআই।

রেপো রেট কমানোর ফলে, দেশের সব বাণিজ্যিক ব্যাঙ্ক এবং রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলি ঋণের সুদের হার কমাতে পারবে। ফলে, যারা ভাসমান সুদের হারে বাড়ির ঋণ বা গাড়ির ঋণ নিয়েছেন, তাদের মাসিক কিস্তি কমবে। ২০২৫ সালে প্রথমবারের মতো রেপো রেট কমিয়ে তা ৫.৫০%-এ নামিয়ে আনার কারণে এটি ঋণগ্রহীতাদের জন্য একটি বড় স্বস্তি। বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখার জন্য অত্যন্ত কার্যকরী হবে। ব্যাঙ্কিং মহলের একাংশের মতে, এই রেট হ্রাসের পর রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কগুলি আগামী কয়েক সপ্তাহের মধ্যে তাদের ঋণের সুদের হার পুনর্বিবেচনা করতে পারে। বিশেষত হোম লোন ও গাড়ির ঋণে সুদের হার ০.২৫% থেকে ০.৫০% পর্যন্ত কমানোর সম্ভাবনা রয়েছে। এতে নতুন ঋণগ্রহীতাদের জন্য যেমন সুবিধা, তেমনই পুরোনো গ্রাহকদের ইএমআই কমার সম্ভাবনাও উজ্জ্বল। এছাড়াও, সুদের হার কমলে লগ্নিকারীদের মধ্যে ঋণ নেওয়ার প্রবণতা বাড়ে, যার ফলে ব্যবসা-বাণিজ্য, পরিকাঠামো নির্মাণ, এবং গৃহনির্মাণ খাতে গতি আসে। অর্থনীতির গতি পায় বাড়তি অক্সিজেন।

উল্লেখ্য, চলছি বছর ফেব্রুয়ারি ও এপ্রিল মাসে ২৫ বেসিস পয়েন্ট করে রেপো রেট কমানো হয়েছিল। তবে, এই মুহূর্তে আরও আক্রমণাত্মক মনোভাব নিয়ে ৫০ বেসিস পয়েন্ট সুদ কমানো হলো। রেপো রেট কমানোয় এটা পরিষ্কার, আরবিআই ধীরে ধীরে সুদের হার সহজতর করে বাজারে চাহিদা বাড়াতে চাইছে। করোনা-পরবর্তী সংকট কাটিয়ে উঠতে এই পদক্ষেপ এক বড় উৎসাহের বার্তা হতে পারে ব্যবসায়ীদের কাছে। আর সাধারণ মানুষের কাছে, বিশেষত যাঁরা বাড়ি কেনার স্বপ্ন দেখছেন, তাঁদের জন্যও এটা এক বাস্তব স্বপ্নপূরণের পথে নতুন সম্ভাবনা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!