Advertisement
  • বৈষয়িক
  • জুলাই ২৩, ২০২৫

বাজারে মিশ্র সংকেত, তবু মুনাফায় জোরালো ঝলক ইউকো ব্যাঙ্কের

আরম্ভ ওয়েব ডেস্ক
বাজারে মিশ্র সংকেত, তবু মুনাফায় জোরালো ঝলক ইউকো ব্যাঙ্কের

বাজারে মিশ্র সংকেত, চাপে অর্থনীতি। তবু এ আবহেই মুনাফায় শক্ত ভিত গড়ল ইউকো ব্যাঙ্ক। চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে রাষ্ট্রায়ত্ত এই ব্যাঙ্ক নিট মুনাফা করেছে প্রায় ৬০৭ কোটি, গত অর্থবর্ষের তুলনায় ১০.১৬ শতাংশ বেশি। জুন মাসে শেষ হওয়া ত্রৈমাসিকের ফলাফলে, বিপুল অগ্রগতি জানিয়ে ব্যাংক কর্তৃপক্ষ বলেছে, ব্যয় নিয়ন্ত্রণ ও ঋণ ব্যবস্থাপনায় কড়াকড়ির সুফলই এই মুনাফা। শুধু নিট লাভ নয়, কার্যকরী মুনাফার দিক থেকেও রেকর্ড স্পর্শ করেছে ইউকো। বেড়েছে ১৮.২৪ শতাংশ। অঙ্কে যা দাঁড়িয়েছে ১,৫৬২ কোটি। বিশ্লেষকদের মতে, অনিশ্চিত বাজার পরিস্থিতিতে ব্যাঙ্কের কর্মদক্ষতা ভবিষ্যতের স্থিতিশীলতার বার্তা দিচ্ছে।

তথ্য অনুযায়ী, চলতি অর্থবর্ষে এ পর্যন্ত ইউকো ব্যাংকের মোট ব্যবসার পরিমাণ দাঁড়িয়েছে ৫ লক্ষ ২৩ হাজার ৭৩৬ কোটি। ব্যবসা বৃদ্ধির হার ১৩.৫১ শতাংশ। যার মধ্যে ঋণদানের অঙ্কই ২ লক্ষ ২৫ হাজার কোটি ছাড়িয়ে গিয়েছে। বছরে ঋণ বৃদ্ধির হার ১৬.৪৮ শতাংশ। পাশাপাশি আমানতও বেড়েছে ১১.৩৭ শতাংশ হারে, পৌঁছে গিয়েছে প্রায় ২ লক্ষ ৯৯ হাজার কোটি টাকায়। বিশেষজ্ঞদের মতে, ঋণ ও আমানত দু-ক্ষেত্রেই এমন ভারসাম্যপূর্ণ বৃদ্ধি ব্যাঙ্কের মূলধন কাঠামোকে অনেকটাই মজবুত করছে।

ব্যাঙ্কের নিট ইন্টারেস্ট ইনকাম, অর্থাৎ সুদ আয় ও সুদ প্রদানের ব্যবধান বেড়ে হয়েছে ২,৪০৩ কোটি, গত বছরের তুলনায় প্রায় ৭ শতাংশ বেশি (গত অর্থবর্ষে ছিল ২,২৫৪ কোটি)। এটি কোনো ব্যাঙ্কের মূল আয়ের নির্ভরযোগ্য সূচক। ইউকোর কর্মকর্তা ভবিক জোশির বক্তব্য, ‘বাজারে চলমান অনিশ্চয়তা সত্ত্বেও ইউকো ব্যাংক যে ভাবে অপারেটিং স্তরে শক্ত অবস্থান ধরে রেখেছে, তাতে আরো একবার প্রমাণ হলো আমাদের ভিত কতটা মজবুত। ব্যয় নিয়ন্ত্রণ ও ঝুঁকি ব্যবস্থাপনায় দক্ষতা ব্যাঙ্ককে এ শিখরে পৌঁছে দিয়েছে।’ তিনি জানিয়েছেন, তাদের মোট অনাদায়ী ঋণের অনুপাত ৬৯ বেসিস পয়েন্ট কমেছে। জিএনপিএ বর্তমানে ২.৬৩ শতাংশে এসে দাঁড়িয়েছে, যা আগের ত্রৈমাসিকে ছিল ২.৬৯ শতাংশ। নিট এনপিএ কমে হয়েছে ০.৪৫ শতাংশ (আগে ছিল ০.৫০%)। এই পতন স্পষ্ট ইঙ্গিত দেয়, ঋণ পুনরুদ্ধারে কার্যকর হয়েছে ইউকোর ঝুঁকি নিয়ন্ত্রণ কৌশল। ব্যাঙ্কের ঋণবই ও আমানতের ভিত্তিতে এই চমকপ্রদ বৃদ্ধিকে অনেকে ভবিষ্যতের টেকসই লাভের ভিত্তি হিসেবে দেখছেন। অবশ্য আগের প্রান্তিকের তুলনায় কিছুটা মুনাফা হ্রাস পেয়েছে বলে জানিয়েছে সূত্র। তবে বিনিয়োগ মহলের ধারণা, সম্পদের গুণমান ও মূল ব্যবসার স্বাস্থ্যে যে ইতিবাচকতা দেখা যাচ্ছে, তা মধ্য ও দীর্ঘমেয়াদে ইউকো ব্যাঙ্ককে স্থিতিশীল পথেই এগিয়ে নিয়ে যাবে।


  • Tags:
❤ Support Us
ভেসে যায় নধরের ভেলা, ভেসে যায় বেহুলা পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
ঈশানবঙ্গের শক্তি পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
error: Content is protected !!