- এই মুহূর্তে
- মে ১৩, ২০২২
‘দোকান বন্ধ, ২ বোতল ঠাণ্ডা বিয়ার এনে দেবেন?’— ১০০ ডায়াল করে যুবকের আবদার, হতভম্ব পুলিস ।
প্রতীকী চিত্র ।
রাত আড়াইটে! পুলিশের এমারর্জেন্সি বা আপৎকালীন নম্বর ১০০ ডায়াল করলেন তেলেঙ্গনার বাসিন্দা। বললেন, তিনি মারাত্মক বিপদে পড়েছেন! তড়িঘড়ি ছুটে এল পুলিশের দল! তারপর যা ঘটল, তাতে পুলিশের চোখ কপালে! খবরটি সামনে আসতে নেটিজেনদেরও মুখ হাঁ !
পুলিশ সূত্রে জানা যায়, মধু নামে বিকারাবাদের ২২ বছরের যুবক পুলিশের ১০০ নম্বর ডায়াল করে জানান তিনি খুব বিপদে পড়েছেন, জরুরি দরকার! এর পর পুলিশ এলে তিনি তাঁদের কাছে আবদার রাখেন, ‘ দু’ বোতল ঠান্ডা বিয়ার এনে দেবেন?’ সাধারণত ১০০ নম্বরে ফোন করা হয় কোনও জরুরি ক্ষেত্রে বা আপৎকালীন পরিস্থিতিতে। কিন্তু মধু যা করলেন তাতে ভ্যাবাচ্যাকা খেয়ে গিয়েছিলেন পুলিশকর্মীরা।
পুলিশ জানান, যুবক যখন ফোন করেছিলেন, তখনই তাঁর গলা শুনে বোঝা যায়, তিনি মদ্যপ অবস্থায় রয়েছেন। কন্ট্রোলরুমের দায়িত্বপ্রাপ্ত পুলিশ জানতে চান, কী রকম বিপদে পড়েছেন তিনি? যুবক জানান, ফোনে বিপদের কথা বলা যাবে না! দৌলতাবাদে মধুর বাড়িতে পুলিশ কনস্টেবল ছুটে যান, আর তারপরই রীতিমতো হোঁচট খান তাঁরা। মধু তাঁদের কাছে আবদার করেন, শহরে সব মদের দোকান বন্ধ হয়ে গিয়েছে, তাঁরা কি তাঁকে ২ বোতল ঠাণ্ডা বিয়ার এনে দিতে পারবেন?
বলাবাহুল্য, মধুর এহেন কীর্তিতে চটে যান পুলিশ কর্মীরা! মধুকে দু’চার ঘা দিয়েও দেন। তার বিরুদ্ধে একটি অভিযোগও দায়ের হয়! পরের দিন থানায় তলব করা হয় মধুকে, সঙ্গে ছিলেন তার বাবাও!
এই প্রথম নয়! মার্চ মাসেও তেলেঙ্গনার আরেক বাসিন্দাকে আটক করা হয়েছিল, কারণ তিনি ৬ বার ১০০ ডায়াল করে পুলিশকে বলেছিলেন, তাঁর স্ত্রী মাংস রান্না করছে না! সুবিচার চেয়ে স্ত্রীর নামে পুলিশে অভিযোগ জানান তেলঙ্গনার যুবক নবীন। ঘটনাটি ঘটে তেলঙ্গনার চেরলা গোয়ারাম গ্রামে। রাতে মত্ত অবস্থায় বাড়ি ফিরে স্ত্রীকে পাঁঠার মাংস রান্না করার নির্দেশ দেন নবীন। মত্ত অবস্থায় ঘরে ফেরায় রান্না করতে অস্বীকার করেন তাঁর স্ত্রী। তার পরই নবীন পুলিশকে ফোন করেন।
❤ Support Us







