Advertisement
  • দে । শ
  • জুন ২৫, ২০২৬

তারাতলার দুর্ঘটনায় মৃত্যু কাটোয়ার যুবকের

আরম্ভ ওয়েব ডেস্ক
তারাতলার দুর্ঘটনায় মৃত্যু কাটোয়ার যুবকের

তারাতলায় কারখানার নির্মীয়মাণ ছাদ ভেঙে মৃত্যু হল কাটোয়ার অগ্রদ্বীপ এলাকার গাজিপুরের বাসিন্দা রোহিত চৌধুরী (১৯) নামে এক যুবকের।  জখম  হয়েছেন রোহিতের পড়শি রামপ্রসাদ চৌধুরী নামে এক যুবক। দুজনেই মাস খানেক আগে  নির্মাণ শ্রমিক হিসেবে কলকাতায় কাজে গিয়েছিলেন।
বুধবার রাতে বাড়িতে ছেলের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এমন খবর আসে বলে জানান রোহিতের বাবা বেনারসি চৌধুরী। কলকাতার তারাতলায় নির্মীয়মাণ কারখানার ছাদ ধসে মর্মান্তিক দুর্ঘটনার শিকার রোহিত। এলাকার যুবকের মৃত্যুতে শোকের ছায়া। গুরুতর আহত  যুবক রামপ্রসাদ চৌধুরীর অবস্থা স্থিতিশীল বলে খবর এসেছে। রামপ্রসাদ কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার রোহিতের দেহ গ্রামে এলে এলাকাজুড়ে শোকের ছায়া নামে। প্রতিবেশীরা জানাচ্ছেন, আর্থিক অনটনের কারণে প্রায় এক মাস আগে রোহিত চৌধুরী কলকাতায় নির্মাণ শ্রমিক হিসেবে কাজে গিয়েছিলেন। পরিবারের অভাব দূর করার আশায় তিনি ঠিকাদারের অধীনে কাজ শুরু করেন। তারাতলার ওই নির্মীয়মাণ কারখানার ছাদ  আচমকাই ধসে পড়লে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যান রোহিত। রাতের দিকে ধ্বংসস্তূপ থেকে রোহিতের দেহ উদ্ধার করা হয়। গুরুতর জখম হন রামপ্রসাদ চৌধুরীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় বলে জানা যায়।

দুর্ঘটনার খবর পেয়ে মৃতের মা ও ভাই এলাকার কয়েকজনকে সঙ্গে নিয়ে কলকাতায় ছুটে যান। পরিবার সূত্রে জানা গিয়েছে, রোহিত ছিলেন সংসারের একমাত্র উপার্জনক্ষম সদস্য। তার বাবা মানসিকভাবে অসুস্থ হওয়ায় নিয়মিত কোনও কাজ করতে পারেন না। মা স্থানীয় বাজারে শাকসবজি বিক্রি করে কোনওরকমে সংসার চালাতেন। পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিতেই কাজের সন্ধানে কলকাতায় গিয়েছিলেন রোহিত। কিন্তু জীবিকার সন্ধানে গিয়ে প্রাণ হারাতে হল তাঁকে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!