Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ১২, ২০২৬

রক্ষণাবেক্ষণের জের, রবিবার ব্লু লাইনে আংশিক মেট্রো বন্ধ, যাত্রীদের ভোগান্তির আশঙ্কা

আরম্ভ ওয়েব ডেস্ক
রক্ষণাবেক্ষণের জের, রবিবার ব্লু লাইনে আংশিক মেট্রো বন্ধ, যাত্রীদের ভোগান্তির আশঙ্কা

রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী রবিবার, ১৩ সেপ্টেম্বর, কলকাতা মেট্রোর ব্লু লাইনে আংশিকভাবে ব্যাহত হতে চলেছে পরিষেবা। ওইদিন ব্লু লাইনে ট্রাফিক ও পাওয়ার ব্লকের পাশাপাশি মেট্রো স্টেশনে একাধিক রক্ষণাবেক্ষণের কাজ চলবে। শুক্রবার সন্ধ্যায় কলকাতা মেট্রোর তরফে জারি করা বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে।

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, গীতাঞ্জলি ও কবি নজরুল স্টেশনের মধ্যবর্তী অংশে রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। এর জেরে রবিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ব্লু লাইনের একটি বড় অংশে মেট্রো চলাচল বন্ধ থাকবে। এই সময় মহানায়ক উত্তমকুমার থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তমকুমার পর্যন্ত মেট্রো পরিষেবা নির্দিষ্ট সময়সূচি মেনেই চালু থাকবে। সন্ধ্যা সাড়ে ৬টার পর রক্ষণাবেক্ষণের কাজ শেষ হলে পরিস্থিতি স্বাভাবিক হবে। তখন দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত গোটা ব্লু লাইনে ফের মেট্রো পরিষেবা পাওয়া যাবে।

জানা যাচ্ছে, রবিবার ব্লু লাইনে একসঙ্গে একাধিক কাজ চলবে। গীতাঞ্জলি ও কবি নজরুল স্টেশনের মধ্যে রক্ষণাবেক্ষণের কাজের পাশাপাশি ট্রাফিক ও পাওয়ার ব্লকও থাকবে। সেই কারণেই মহানায়ক উত্তমকুমার থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত পরিষেবা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের অসুবিধার কথা মাথায় রেখে এই আংশিক পরিষেবা বন্ধের জন্য আগাম দুঃখপ্রকাশ করেছে মেট্রো কর্তৃপক্ষ। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত বিস্তৃত ব্লু লাইন কলকাতা মেট্রোর অন্যতম ব্যস্ততম রুট। প্রতিদিন এই পথে বিপুল সংখ্যক যাত্রী যাতায়াত করেন। রবিবার ছুটির দিন হলেও যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে মেট্রোর মধ্যে সময়ের ব্যবধান কমিয়ে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মেট্রো কর্তৃপক্ষের নির্ধারিত সূচি অনুযায়ী, সকালের দিকে প্রায় ১৫ মিনিট অন্তর মেট্রো চলবে। সন্ধ্যার পর পরিষেবা স্বাভাবিক হলে দুই মেট্রোর মধ্যে সময়ের ব্যবধান আরও কমিয়ে ১০ মিনিট করা হবে। তবে পুজোর মুখে ছুটির দিনে ব্লু লাইনের একটি গুরুত্বপূর্ণ অংশে দীর্ঘ সময় মেট্রো পরিষেবা বন্ধ থাকায় যাত্রীদের বেশ কিছুটা সমস্যায় পড়তে হতে পারে। বিশেষ করে রবিবার কেনাকাটা বা অন্যান্য কাজে বেরনো মানুষের সংখ্যা বেশি থাকে। ফলে মহানায়ক উত্তমকুমার থেকে শহিদ ক্ষুদিরাম অংশের যাত্রীদের সন্ধ্যার আগে যাতায়াতের ক্ষেত্রে বাড়তি পরিকল্পনা করতে হবে বলেই মনে করা হচ্ছে। সন্ধ্যা সাড়ে ৬টার পর অবশ্য দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত ব্লু লাইনে সম্পূর্ণ মেট্রো পরিষেবা স্বাভাবিক হয়ে যাবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!