- দে । শ
- সেপ্টেম্বর ১৪, ২০২৬
সালারে উত্তেজনা, বোমার আঘাতে জখম এএসআই । মোতায়েন বিশাল পুলিশ বাহিনী
মুর্শিদাবাদের সালার থানার খাঁড়েরা গ্রামে জুয়ার আসরে অভিযান চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে গুরুতর জখম হলেন এক পুলিশ আধিকারিক। রবিবার রাতে ঘটনাটি ঘটে। আহত পুলিশকর্মীর নাম সাদেক আলি। তিনি সালার থানার এএসআই পদে কর্মরত। তাঁকে উদ্ধার করে বহরমপুরের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে খাঁড়েরা গ্রামে একটি জুয়ার আসর বসার খবর পেয়ে সেখানে অভিযান চালায় সালার থানার পুলিশ। অভিযোগ, পুলিশ ঘটনাস্থলে পৌঁছতেই দুষ্কৃতীরা পালানোর চেষ্টা করে। সেই সময় পুলিশকে লক্ষ্য করে পর পর বোমা ছোড়া হয়। দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতেই গুরুতর জখম হন এএসআই সাদেক আলি। তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা তৈরি হয়। রাতেই খাঁড়েরা গ্রামে পৌঁছন মুর্শিদাবাদ পুলিশ জেলার পদস্থ আধিকারিকরা। অভিযুক্ত দুষ্কৃতীদের খোঁজে শুরু হয় তল্লাশি অভিযান। পুলিশ জানিয়েছে, ঘটনায় বেশ কয়েক জনকে আটক করা হয়েছে। হামলার সঙ্গে কারা জড়িত এবং ঘটনার নেপথ্যে আরও কেউ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
সোমবার সকালেও খাঁড়েরা গ্রামের পরিস্থিতি থমথমে। নতুন করে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। জুয়ার আসরে পুলিশের অভিযান চলাকালীন কী ভাবে এই হামলার ঘটনা ঘটল, হামলায় আর কারা জড়িত এবং বোমা হামলার নেপথ্যে কী কারণ ছিল—সব দিক খতিয়ে দেখছে সালার থানার পুলিশ।
❤ Support Us







