- দে । শ
- সেপ্টেম্বর ১২, ২০২৬
কলকাতা-টোকিও সরাসরি বিমান চালুর সম্ভাবনা! পুনর্নবীকরণযোগ্য শক্তিতে বিনিয়োগে আগ্রহী জাপান
কলকাতা থেকে জাপানের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালুর সম্ভাবনা আরও জোরালো হল। শুক্রবার কলকাতার শিল্পসদনে রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়ের সঙ্গে জাপানের একটি প্রতিনিধিদলের বৈঠকে এ বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। সরাসরি বিমান পরিষেবা চালু হলে দু-দেশের মধ্যে যোগাযোগ আরও সহজ হওয়ার পাশাপাশি বাণিজ্যিক সম্পর্কও আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে রপ্তানি ও আমদানি ক্ষেত্রে লেনদেন বৃদ্ধির সম্ভাবনা তৈরি হবে।
এ দিনের বৈঠকে কলকাতাকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহারের পাশাপাশি কলকাতা থেকে জাপানের উদ্দেশে সরাসরি বিমান চালুর বিষয়েও আলোচনা হয়। বিষয়টি নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে দিল্লির সঙ্গে কথা বলা হবে বলে জানা গিয়েছে। শুধু বিমান পরিষেবা নয়, পশ্চিমবঙ্গের পুনর্নবীকরণযোগ্য শক্তি বা রিনিউয়েবল এনার্জি ক্ষেত্রেও বিনিয়োগ নিয়ে জাপানের প্রবল আগ্রহের কথা বৈঠকে উঠে এসেছে। জাপান এ ক্ষেত্রে রাজ্যে বড়ো ধরনের কাজ করতে চায় বলে জানান শিল্পমন্ত্রী। এর পাশাপাশি আরও কয়েকটি ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে।
আগামী বছর ভারত-জাপান দ্বিপাক্ষিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষে পশ্চিমবঙ্গে বিশেষ খাদ্য ও সাংস্কৃতিক উৎসব আয়োজনের পরিকল্পনাও রয়েছে। এই অনুষ্ঠানে জাপানের প্রত্যক্ষ অংশগ্রহণ থাকবে বলে বৈঠকে জানানো হয়েছে। জাপানের বিদেশ প্রতিমন্ত্রী সাতু আয়ানোর সঙ্গে আসা প্রতিনিধিদলের সঙ্গে কলকাতার শিল্পসদনে অনুষ্ঠিত বৈঠকে শিল্পমন্ত্রী তাপস রায় পশ্চিমবঙ্গের বর্তমান শিল্পবান্ধব পরিবেশের কথা তুলে ধরেন। তিনি জানান, জাপানের সংস্থাগুলি যে কোনো ক্ষেত্রে রাজ্যে বিনিয়োগ করতে চাইলে পশ্চিমবঙ্গ সরকার তাদের স্বাগত জানাবে এবং প্রয়োজনীয় সহযোগিতা করবে।
দক্ষিণ-পশ্চিম এশিয়া বিভাগের সিনিয়র কো-অর্ডিনেটর ইয়াকোতো ফুমিনোরিও পশ্চিমবঙ্গে বিনিয়োগের বিষয়ে আশাবাদ প্রকাশ করেন। তাঁর কথায়, রাজ্যে বিনিয়োগের জন্য ইতিমধ্যেই কয়েকটি সম্ভাবনাময় ক্ষেত্র চিহ্নিত করা হয়েছে। শিল্পমন্ত্রী তাপস রায় বলেন, ‘নবীকরণযোগ্য শক্তিক্ষেত্রে বড় কাজ করতে চায় জাপান। আরও বেশ কিছু বিষয়ে কথা হয়েছে। আমরা চাই জাপান রাজ্যে লগ্নি করুক।’
উল্লেখ্য, পশ্চিমবঙ্গের সঙ্গে জাপানের শিল্প ও বিনিয়োগ সংক্রান্ত যোগাযোগ নতুন নয়। এর আগেও একাধিক বৈঠকে জাপান সেমিকন্ডাক্টর শিল্পে বিনিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। এবার তার পাশাপাশি পুনর্নবীকরণযোগ্য শক্তিক্ষেত্রে বড় অঙ্কের বিনিয়োগের সম্ভাবনাও সামনে এল। সরাসরি কলকাতা-জাপান বিমান পরিষেবা চালু হলে এই বিনিয়োগ ও বাণিজ্যিক যোগাযোগ আরও গতি পেতে পারে বলেই মনে করা হচ্ছে।
❤ Support Us






