- এই মুহূর্তে দে । শ
- সেপ্টেম্বর ১৩, ২০২৫
এবার দুর্গাপুজোতে অনুদান দেবে বঙ্গ বিজেপি, দায়িত্বে মিঠুন
দুর্গাপুজোর সময় ক্লাব ও পুজো কমিটিগুলিকে অনুদান দেওয়ার বিরোধিতায় এতদিন সরব ছিল বিজেপি। রাজ্য সরকারের এই উদ্যোগ নিয়ে আদালত পর্যন্ত ছুটেছিল গেরুয়া শিবির। অথচ বিধানসভা ভোটের আগে সেই বিজেপিই এবার জেলায় জেলায় পুজো কমিটিগুলিকে আর্থিক সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফলে প্রশ্ন উঠছে, এ কি তবে রাজনৈতিক দ্বিচারিতা?
দলীয় সূত্রে খবর, অনুদানের অর্থ বণ্টনের দায়িত্ব দেওয়া হয়েছে অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে। কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশলের নির্দেশে এই দায়িত্ব তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে। কারণ, ২০২১ সালের ভোটের আগে দিল্লি থেকে পাঠানো কোটি কোটি টাকা গায়েব হয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল। বহু ক্লাব টাকার মুখ দেখেনি, আবার যেসব ক্লাব টাকা পেয়েছিল তাদের অস্তিত্ব নিয়েও প্রশ্ন উঠেছিল। সেই তিক্ত অভিজ্ঞতার পরেই এবার জেলাস্তরের কোনও নেতাকে টাকা না পাঠিয়ে ক্লাব প্রতিনিধিদের সরাসরি মিঠুনের কাছ থেকে অর্থ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অন্যদিকে, ভোটের মুখে ফের জাঁকজমক করে দুর্গাপুজোর আয়োজন শুরু করেছে বঙ্গ বিজেপি। ২০২০-র ধাঁচে এ বছরও ইজেডসিসি-তে হবে পুজো। সেই বছর ভার্চুয়াল উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার উদ্বোধনের কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর। যদিও রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য দাবি করেছেন, “বিজেপি কোনও পুজো করছে না। এটি করছে পশ্চিমবঙ্গ সাংস্কৃতিক মঞ্চ নামে একটি সংগঠন।”
এই আয়োজনের অন্যতম উদ্যোক্তা দলের সাংস্কৃতিক সেলের আহ্বায়ক রুদ্রনীল ঘোষ জানাচ্ছেন, বাজেট ৩০ লক্ষ টাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে এবং দলের তরফে একটিও টাকা খরচ করা হচ্ছে না। তবে সমালোচকরা মনে করছেন, বাংলা বিরোধী তকমা ঘোচাতে এবং ভোটের আগে বাঙালির আবেগকে টানতেই বিজেপির এই উদ্যোগ।
অন্যদিকে, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া সঙ্ঘমিত্রা চৌধুরীর কটাক্ষ, “বিজেপি কেন শুধু ভোটের সময় দুর্গাপুজো নিয়ে মাতামাতি করে? মাঝের বছরগুলোতে কেন কোনও উৎসাহ থাকে না?”
❤ Support Us







