Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • অক্টোবর ২২, ২০২৫

সনাতনপন্থীদের রাজনৈতিক সংগ্রামের ইতিহাস দেশে উপেক্ষিত, মন্তব্য যোগীর

আরম্ভ ওয়েব ডেস্ক
সনাতনপন্থীদের রাজনৈতিক সংগ্রামের ইতিহাস দেশে উপেক্ষিত, মন্তব্য যোগীর

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, ইতিহাসে ব্রিটিশ ও ফরাসি উপনিবেশবাদের আলোচনা যতটা হয়, তার তুলনায় ‘রাজনৈতিক ইসলাম’-এর ভূমিকা, যা তাঁর দাবি অনুযায়ী সনাতন ধর্মকে সবচেয়ে বড় আঘাত দিয়েছে, তা প্রায় উপেক্ষিত রয়ে গিয়েছে।

গোরখপুর বিভাগ আয়োজিত আরএসএস-এর শতবর্ষ উপলক্ষে ‘বিচার-পরিবার কুটুম্ব স্নেহ মিলন’ ও ‘দীপোৎসব সে রাষ্ট্রোৎসব’ অনুষ্ঠানে যোগী বলেন, “আমাদের পূর্বপুরুষরা ইসলামিক রাজনীতির বিরুদ্ধে বড় বড় সংগ্রাম করেছেন, অথচ ইতিহাসে এই দিকটি প্রায় সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছে।”

তিনি বলেন, “ছত্রপতি শিবাজি মহারাজ, গুরু গোবিন্দ সিং, মহারানা প্রতাপ ও মহারানা সাঙ্গার মতো মহান যোদ্ধারা ‘পলিটিক্যাল ইসলাম’-এর বিরুদ্ধে যুদ্ধ করেছেন। আমাদের পূর্বপুরুষরা শুধু ব্রিটিশ ও ফরাসিদের বিরুদ্ধেই নয়, পলিটিক্যাল ইসলামের বিরুদ্ধেও লড়েছিলেন। কিন্তু ইতিহাসে কোথাও তার উল্লেখ নেই। ব্রিটিশ উপনিবেশবাদের কথা হয়, ফরাসি উপনিবেশবাদের কথাও হয়, কিন্তু পলিটিক্যাল ইসলাম, যা আমাদের ধর্মবিশ্বাসকে দুর্বল করেছে, তার কোনও আলোচনা হয় না,” মন্তব্য যোগীর।

আরএসএস-এর ভূমিকাকে প্রশংসা করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, “সংঘের শতবর্ষের যাত্রাপথে অসম্ভবকে সম্ভব করা হয়েছে। সমাজবাদী পার্টি, কংগ্রেস ও ইন্ডিয়া জোটের নেতারা যখন রামমন্দির নিয়ে প্রশ্ন তুলছিলেন, তখন সংঘের স্বয়ংসেবকরা তাদের সংকল্পে অটল ছিলেন যে মন্দির অবশ্যই নির্মিত হবে। লাঠিচার্জ, গুলি, নানা বিধিনিষেধ সত্ত্বেও তারা পিছিয়ে যাননি। আজ অযোধ্যার এই মহিমান্বিত রামমন্দির তাদের দৃঢ় বিশ্বাসের প্রতীক।”

যোগী আদিত্যনাথ অভিযোগ করেন, আজও নানা নামে ‘পলিটিক্যাল ইসলাম’-এর কার্যকলাপ চলছেই।

তিনি আরও জানান, উত্তরপ্রদেশ সরকার রাজ্যে হালাল সার্টিফিকেটযুক্ত পণ্যের বিক্রি নিষিদ্ধ করেছে, কারণ তাঁর দাবি, এই বিক্রির লাভ ধর্মান্তর, লাভ জিহাদ ও সন্ত্রাসবাদী কার্যকলাপে ব্যবহৃত হচ্ছিল।

আরএসএস শতবর্ষ উপলক্ষে উদ্যোগগুলির প্রসঙ্গে মুখ্যমন্ত্রী পাঁচটি মূল রূপান্তরের কথা বলেন— সামাজিক সম্প্রীতি, পারিবারিক মূল্যবোধ, পরিবেশ রক্ষা, দেশীয় পণ্যের মাধ্যমে আত্মনির্ভরতা, এবং নাগরিক দায়িত্ববোধ— যা তাঁর মতে ‘বিকশিত ভারতের’ ভিত্তি গড়ে তুলবে।

যোগীর কথায়, “একটি উন্নত সমাজ ও উন্নত জাতির জন্য সমাজকে নেতৃত্ব দিতে হবে, আর সরকারকে সেই পথ অনুসরণ করতে হবে।”


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!