Advertisement
  • বৈষয়িক
  • ডিসেম্বর ২৫, ২০২৫

বিদেশি লগ্নি প্রত্যাহার বাড়ছে দেশে, বিরোধী প্রশ্নের মুখে কেন্দ্র

আরম্ভ ওয়েব ডেস্ক
বিদেশি লগ্নি প্রত্যাহার বাড়ছে দেশে, বিরোধী প্রশ্নের মুখে কেন্দ্র

দেশে প্রত্যক্ষ বিদেশি লগ্নির হার কমছে ক্রমাগত । বিনিয়োগের থেকে প্রত্যাহারের হার বেশি থাকায় প্রশ্নের মুখে কেন্দ্র । একদিকে আন্তর্জাতিক বাজারে ভারতীয় পণ্যের অস্থিতি, অন্যদিকে বিদেশি এবং বহুজাতিক সংস্থা ক্রমশই লগ্নি উৎসাহ হারাচ্ছে বাজারে । যা দেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক বৃদ্ধির জন্য উদ্বেগজনক বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা ।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, চলমান ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের চাপানো শুল্কের মতো আন্তর্জাতিক কারণ বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি করছে । এর জেরে অনেকেই ঝুঁকি কমাতে বিনিয়োগ প্রত্যাহারের পথে হাঁটছেন । গত এক দশকে, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলিতে বিদেশি বিনিয়োগ থেকে প্রাপ্ত রিটার্ন উল্লেখযোগ্যভাবে কমেছে । এই কম রিটার্ন নতুন বিনিয়োগকে নিরুৎসাহিত করছে বলেই মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা । অন্যদিকে ভারতীয় সংস্থাগুলি বিদেশে বিনিয়োগ বাড়াচ্ছে । একদিকে এটি বিশ্ববাজারে ভারতের কর্পোরেট শক্তির ইঙ্গিত দিলেও, অন্যদিকে দেশের অভ্যন্তরে পর্যাপ্ত বিনিয়োগ না হওয়ার আশঙ্কাও বাড়াচ্ছে ।

কেন্দ্রের বাণিজ্য ও অর্থমন্ত্রকের তরফে এপ্রসঙ্গে বলা হয়েছে, সেমিকন্ডাক্টর, ইলেকট্রনিক্স, ইভি (EV) কম্পোনেন্টসের মতো খাতে উল্লেখযোগ্য গ্রিনফিল্ড বিনিয়োগ আসছে । এই নতুন প্রকল্পগুলি ভবিষ্যতে কর্মসংস্থান ও উৎপাদন বাড়াবে বলে দাবি করা হচ্ছে । কেন্দ্রের যুক্তি, সারা বিশ্বেই এখন প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে ভাটার টান । সেই তুলনায় ভারতের পরিস্থিতি অনেকটাই ভালো এবং দেশ এখনও বিদেশি বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয় । সরকার ও কিছু বিশ্লেষকের মতে, দীর্ঘমেয়াদি FDI আর শেয়ার বাজারভিত্তিক স্বল্পমেয়াদি বিনিয়োগ (FII/FPI)-এর মধ্যে স্পষ্ট পার্থক্য করা প্রয়োজন । এই দুই ধরনের লগ্নিকে এক করে দেখার ফলে প্রকৃত চিত্র নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে ।

কংগ্রেসসহ বিরোধী দলগুলির দাবি, বিদেশি পুঁজি বিনিয়োগ কমার এই চিত্র কেন্দ্রের নীতিগত ব্যর্থতার ফল । এর প্রভাব পড়ছে কর্মসংস্থান সৃষ্টি ও সামগ্রিক অর্থনৈতিক বৃদ্ধির উপর ।

বিমা ক্ষেত্রে ১০০ শতাংশ FDI অনুমোদনের বিল নিয়েও বিতর্ক তুঙ্গে । বিরোধীদের অভিযোগ, এতে জালিয়াতি এবং গ্রাহকদের তথ্যের নিরাপত্তা নিয়ে গুরুতর ঝুঁকি তৈরি হতে পারে । সব মিলিয়ে, ভারত এখনও উচ্চ বিদেশি বিনিয়োগের প্রত্যাশিত বিশ্বের শীর্ষ ১০টি অর্থনীতির মধ্যে থাকলেও, বিনিয়োগ প্রত্যাহার এবং আন্তর্জাতিক অর্থনৈতিক চাপ সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে । আগামী দিনে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে এবং বিনিয়োগ বাড়াতে নীতিনির্ধারকদের কী পদক্ষেপ করা হয়, সেদিকেই এখন নজর অর্থনৈতিক মহলের ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!