Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • মার্চ ১৮, ২০২৬

অভিনব ইতিহাস মেলা কালনায়

আরম্ভ ওয়েব ডেস্ক
অভিনব ইতিহাস মেলা কালনায়

ইতিহাসের বুকে বাসা বাঁধা তৈজসের সম্ভার নিয়ে আয়োজন ‘ইতিহাস মেলা’র। প্রাচীন শহর কালনা মহারাজা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে বসা এমন অভিনব মেলাটির উদ্যোক্তা কালনা মহকুমা ইতিহাস ও পুরাতত্ত্ব চর্চা কেন্দ্র।

স্মৃতির সরণিতে ঠাঁই নেওয়া মহারাজাদের ব্যবহৃত জিনিস, পোকায় কাটা পুঁথি, নানান বাদ্যযন্ত্র, দেশ-বিদেশের প্রাচীন মুদ্রা, আদ্যিকালের ঘড়ি, হ্যাজাক, সেজবাতির মত জিনিসগুলি চাক্ষুষ করতে পড়ুয়া, গবেষক, শিক্ষক, কৌতূহলী মানুষজন ভিড় জমাচ্ছেন। এসব দেখে পূর্বপুরুষের জীবনযাত্রার স্মৃতি ফেরাচ্ছেন মেলায় পা রাখা লোকজন। ভিড় থেকে দাবি উঠছে, এইসব হারানো-ফুরনো প্রাচীন জিনিসপত্র সংরক্ষণ করে একটা সংগ্রহশালা তৈরির। যুক্তি, এমন সংগ্রহশালা হলে প্রাচীন ঐতিহ্য ও কৃষ্টির সঙ্গে বর্তমান প্রজন্ম যেমন পরিচিত হতে পারবে, তেমনি আগামী প্রজন্মও জীবনযাপন, শিক্ষা-সংস্কৃতির ধারাবাহিকতা সম্পর্কে অবহিত হতে পারবে। শুধু তাই নয়। ‘মন্দির-নগরী’ কালনার স্থাপত্য-সৌকর্যের টানে বছরভর দেশ-বিদেশের পর্যটকরা আসেন। লুপ্তপ্রায় ও প্রাচীন জিনিসপত্রের সংগ্রহশালা তাঁদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে।

এছাড়াও আয়োজকরা এই মেলায় ইতিহাসভিত্তিক ক্যুইজ প্রতিযোগিতা, সেমিনার ও বৈঠকী আড্ডার আসর বসিয়েছেন। বৈঠকে রাজা-রানীদের নানান গোপন কথা, একটার পর একটা মন্দির তৈরির ইতিহাস, পুরনো কালনার জীবন-জীবিকা, নাগরিক পরিষেবা-সহ স্মৃতির গর্ভে ঘাঁটি গাড়া নানান বিষয়ের উপর আলোকপাত করা হয়। উদ্যোক্তাদের তরফে বিশ্বজিৎ গাইন বলেন, ‘কালনার ইতিহাস ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই ইতিহাস মেলার আয়োজন।’ উল্লেখ্য যে মুর্শিদাবাদের পর বেসরকারি উদ্যোগে কালনায় এরকম ইতিহাস মেলার উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্যোক্তাদের তরফে কালনার বাসিন্দাদের কাছে আবেদন জানানো হয়েছে, বাড়িতে বহু পুরনো কোনো জিনিস থাকলে তা না ফেলে যত্ন করে রাখার। যদি রাখতে সমস্যা হয়, তাহলে কমিটিকে দিয়ে দিতে। কারণ, একটি সংগ্রহশালা গঠনের পরিকল্পনা রয়েছে। উদ্যোক্তাদের দাবি, ‘এখানে একটি সংগ্রহশালা তৈরি হলে আগামী প্রজন্মের কাছে তা মাইলস্টোন হয়ে থাকবে।’ এই দাবি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দিয়েছে কালনা পুরসভা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!