- এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
- জুলাই ২৯, ২০২৬
প্রয়াত বিষ্ণুপুর ঘরানার প্রবাদপ্রতিম শিল্পী অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়
প্রয়াত হলেন বিষ্ণুপুর ঘরানার প্রখ্যাত সঙ্গীতশিল্পী, গবেষক ও শিক্ষক অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়। বুধবার দুপুর ২টা ৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই শতায়ু শিল্পী। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ১০০ বছর। কয়েক মাস আগেই তিনি শতবর্ষ স্পর্শ করেছিলেন। সেই বিশেষ দিনেও প্রায় ৪০ মিনিট ধরে রাগ বেহাগ পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেছিলেন।
গত ৮ জুলাই কোমরের অস্থিভঙ্গের কারণে তাঁকে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হয়। তাঁর পুত্র শান্তনু বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, চিকিৎসায় তিনি সাড়া দিচ্ছিলেন। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় পাঁচ দিন আগে তাঁকে দক্ষিণ কলকাতার বাড়িতে ফিরিয়ে আনা হয়। তবে দু-দিন আগে হঠাৎই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর তাঁকে অনন্য হাসপাতালে ভর্তি করে ভেন্টিলেশনে রাখা হয়। শেষ পর্যন্ত বুধবার দুপুরে ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্টে তাঁর জীবনাবসান হয়।
১৯২৭ সালের ২১ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়। বিষ্ণুপুর ঘরানার অন্যতম শ্রেষ্ঠ শিল্পী হিসেবে তিনি দীর্ঘ কয়েক দশক ধরে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের জগতে গুরুত্বপূর্ণ অবদান রেখে গিয়েছেন। শতবর্ষের কাছাকাছি সময় পর্যন্তও তিনি নিয়মিত মঞ্চে গান গেয়েছেন এবং শিষ্য-শিষ্যাদের সঙ্গীত শিক্ষা দিয়েছেন। সঙ্গীতচর্চার পাশাপাশি তিনি সঙ্গীতের নন্দনতত্ত্ব নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। দীর্ঘদিন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন এবং তাঁর হাত ধরে গড়ে উঠেছে অসংখ্য সঙ্গীতশিল্পী।
পিতা সত্যকিঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কাছে তাঁর সঙ্গীতের প্রাথমিক ও দীর্ঘ তালিম হলেও, চিন্তাভাবনায় তিনি ছিলেন আধুনিক। ঘরানার ঐতিহ্যকে সম্মান জানিয়েও তিনি নিজেকে কখনও কঠোর সীমাবদ্ধতার মধ্যে আবদ্ধ রাখেননি। আনন্দবাজার ডট কম-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “পরিবর্তনকে যদি আমি গ্রহণ না করি, তা হলে আমাকে কেউ নেবে না— এই আমার ধারণা ছিল। যে কারণে আমি আমার ঘর থেকে সরে এসেছি।”
কিছুদিন আগে হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর তাঁর পুত্র জানিয়েছিলেন, একটি বড় লড়াই জয় করা সম্ভব হয়েছে এবং পরবর্তী লক্ষ্য ছিল আবার তাঁকে মঞ্চে ফিরিয়ে আনা। অনুরাগীরাও সেই আশাতেই প্রার্থনা করেছিলেন। কিন্তু সব আশা ভেঙে দিয়ে বুধবার চিরবিদায় নিলেন বিষ্ণুপুর ঘরানার এই কিংবদন্তি শিল্পী। অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের এক উজ্জ্বল অধ্যায়ের অবসান ঘটল। তাঁর সঙ্গীত, গবেষণা, শিক্ষাদান এবং শিল্পদর্শন আগামী প্রজন্মের কাছে চিরকাল প্রেরণার উৎস হয়ে থাকবে।
❤ Support Us








