- বি। দে । শ
- মে ১৯, ২০২৬
গোলাগুলিতে কেঁপে উঠল তুরস্ক, নিহত ৪ আহত বহু
গোলাগুলিতে কেঁপে উঠল তুরস্ক। তুরস্কের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ মেরসিনে এক কিশোরের গুলিতে ৪ জন নিহত এবং আরও ৮ জন আহত হয়েছেন। নিহত ও আহতদের পরিচয় এখনও জানা যায়নি। নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে এবং তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, ১৭ বছর বয়সী এক কিশোর এই হামলাকারী। স্থানীয় গণমাধ্যম এবং সংবাদ সংস্থাগুলোর (ডিএইচ ও আইএএইচ) তথ্যমতে, ঘটনাটি মেরসিন থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তর–পূর্ব শহর তারসুসে ঘটেছে।
ডিএইচএ এবং আইএইচএ-এর প্রতিবেদন অনুসারে, তুরস্কের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ মেরসিনে ১৭ বছর বয়সী এক কিশোর একটা রেস্তোরাঁয় ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। ঘটনাস্থলেই দুজন নিহত হন। এরপর সে আরও দুজনকে গুলি করে একটা গাড়িতে করে পালিয়ে যায়। কিশোরের এলোপাথাড়ি গুলিতে চারজন নিহত এবং আরও আটজন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। ঘটনার পেছনের উদ্দেশ্যও জানা যায়নি। জানা গেছে, একটা শটগান নিয়ে ওই কিশোর হামলা চালিয়েছিল।
ঘটনার খবর পেয়েই পুলিশ ও নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে। হেলিকপ্টারের সাহায্যে পুরো এলাকাটি ঘিরে ফেলা হয়েছে। সংবাদমাধ্যমের সূত্র অনুযায়ী, হামলাকারী কিশোর স্থানীয় বাসিন্দা। পুলিশ অভিযুক্ত সম্পর্কে যাবতীয় সংগ্রহ করেছে। পুলিশের দাবি, তারা তল্লাশি চালাচ্ছে এবং তাকে শীঘ্রই গ্রেফতার করা হবে।
সংবাদ সংস্থাগুলো দাবি করেছে, তুরস্কে কিশোরদের দ্বারা সংঘটিত ধারাবাহিক গুলি চালানোর ঘটনাগুলোর মধ্যে এটা সাম্প্রতিকতম। এক মাস আগে ঘটা দুটি পৃথক ঘটনায় প্রথমটিতে ১৬ জন আহত হন এবং দ্বিতীয়টিতে ১০ জন নিহত হন, যাদের অধিকাংশই ছিল স্কুলছাত্র। সংবাদ সংস্থার দাবি, যদিও যুক্তরাষ্ট্রের মতো দেশগুলোতে এ ধরনের ঘটনা বেশি ঘটে, তবে সম্প্রতি তুরস্কেও তা ঘটতে শুরু করেছে। পুলিশ বর্তমানে হামলাকারীকে শনাক্ত করতে এবং হামলার পেছনের উদ্দেশ্য উদঘাটনের চেষ্টা করছে।
❤ Support Us








