Advertisement
  • বি। দে । শ
  • মে ১৮, ২০২৬

মাঝআকাশে ভয়াবহ সংঘর্ষ ! এয়ার শো চলাকালীন মুখোমুখি ধাক্কা দুই মার্কিন যুদ্ধবিমান, অল্পের জন্য রক্ষা চার পাইলটের

আরম্ভ ওয়েব ডেস্ক
মাঝআকাশে ভয়াবহ সংঘর্ষ ! এয়ার শো চলাকালীন মুখোমুখি ধাক্কা দুই মার্কিন যুদ্ধবিমান, অল্পের জন্য রক্ষা চার পাইলটের

আমেরিকার আইডাহো প্রদেশে এয়ার শো চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা। রবিবার স্থানীয় সময় দুপুরে মাউন্টেন হোম বায়ুসেনা ঘাঁটির আকাশে মাঝউড়ানে সংঘর্ষে জড়িয়ে পড়ে মার্কিন নৌবাহিনীর দুটি ‘ইএ-১৮জি গ্রোলার’ যুদ্ধবিমান। সংঘর্ষের পর মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে একসঙ্গে পাক খেতে খেতে মাটির দিকে নামতে থাকে যুদ্ধবিমান দুটি। পরে সেগুলি বায়ুসেনা ঘাঁটি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে ভেঙে পড়ে এবং সঙ্গে সঙ্গেই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের জেরে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়।
তবে বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে পাইলটদের তৎপরতায়। যুদ্ধবিমান দুটি মাটিতে আছড়ে পড়ার আগেই চার জন পাইলট নিরাপদে ইজেক্ট করতে সক্ষম হন। পরে প্যারাশুটে ভেসে নেমে তাঁরা প্রাণে বাঁচেন। মার্কিন নৌবাহিনীর তরফে জানানো হয়েছে, চার জন পাইলটই নিরাপদ রয়েছেন এবং কারও গুরুতর আঘাত লাগেনি।
ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যদিও সেই ভিডিয়োর সত্যতা এখনও আনুষ্ঠানিকভাবে যাচাই করা হয়নি। ভাইরাল সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, প্রদর্শনীর সময় আকাশে কসরত করতে গিয়ে আচমকাই খুব কাছাকাছি চলে আসে যুদ্ধবিমান দুটি। কয়েক সেকেন্ডের মধ্যেই সেগুলির মধ্যে সংঘর্ষ হয়। তারপর আগুনের স্ফুলিঙ্গ ছড়াতে ছড়াতে বিমান দু’টি নিয়ন্ত্রণ হারিয়ে পাক খেতে শুরু করে। ঠিক সেই সময় চারটি প্যারাশুট খুলতে দেখা যায়, যা থেকে বোঝা যায় পাইলটেরা সফলভাবে বিমান থেকে বেরিয়ে এসেছেন।
কী কারণে এই দুর্ঘটনা ঘটল, কেন এত কাছাকাছি চলে এসেছিল যুদ্ধবিমান দুটি— তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে মার্কিন নৌবাহিনী। নৌবাহিনীর মুখপাত্র অ্যামেলিয়া ইমায়ম জানিয়েছেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চলছে এবং তদন্তে নতুন তথ্য সামনে এলে তা প্রকাশ করা হবে।
উল্লেখ্য, মাউন্টেন হোম বায়ুসেনা ঘাঁটিতে এ ধরনের দুর্ঘটনা এই প্রথম নয়। ২০১৮ সালে একই ঘাঁটিতে এয়ার শো চলাকালীন একটি বিমান রানওয়েতে ভেঙে পড়ে এবং সেই ঘটনায় এক পাইলটের মৃত্যু হয়েছিল। তারও আগে, ২০০৩ সালে আরেকটি বিমান দুর্ঘটনায় পড়লেও শেষ মুহূর্তে পাইলট প্রাণে বেঁচে যান। রবিবারের এই দুর্ঘটনা ফের প্রশ্ন তুলে দিল এয়ার শো-র নিরাপত্তা ব্যবস্থা এবং আকাশে উচ্চগতির প্রদর্শনীর ঝুঁকি নিয়ে।

  • Tags:
❤ Support Us
error: Content is protected !!