- এই মুহূর্তে দে । শ
- জুন ২৬, ২০২৬
বঙ্কিমচন্দ্রের জন্মজয়ন্তীতে বড়ো ঘোষণা! রাজ্যে গড়ে উঠবে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম, জানালেন মুখ্যমন্ত্রী
সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯তম জন্মজয়ন্তী উপলক্ষে কলকাতার কলেজ স্ট্রিটে তাঁর ঐতিহাসিক বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে বড়ো ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, রাজ্যে জাতীয় মানের একটি ‘বন্দে মাতরম’ মিউজিয়াম গড়ে তোলা হবে। ইতিমধ্যেই এ প্রকল্পের জন্য রাজ্য বাজেটে অর্থ বরাদ্দ করা হয়েছে।
তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং কলকাতা পুরসভার যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বঙ্কিমচন্দ্রের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান। তিনি বলেন, এই প্রথমবার রাজ্য সরকারের উদ্যোগে কলেজ স্ট্রিটে অবস্থিত বঙ্কিমচন্দ্রের এই ঐতিহাসিক বাসভবনে তাঁর জন্মজয়ন্তী সরকারি ভাবে উদযাপিত হচ্ছে। অনুষ্ঠান মঞ্চ থেকে রাজনৈতিক মন্তব্যও করেন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন, বিগত তৃণমূল সরকার ছিল ‘তোষণের সরকার’। তাঁর দাবি, বর্তমানে রাজ্যে ‘রাষ্ট্রবাদী সরকার’ প্রতিষ্ঠিত হয়েছে, এবার উন্নয়নমূলক সমস্ত কাজ বাস্তবায়িত হবে। তৃণমূলের দুর্নীতি ও পরিবারতন্ত্রের সমালোচনা করে শুভেন্দু অধিকারী বলেন, ‘বঙ্কিমচন্দ্রের স্মৃতিবিজড়িত বাড়িতে কোনও চোর, ডাকাত, লম্পট, চিটিংবাজদের সম্পর্কে আলোচনা না করাই ভালো। এর জন্য অন্য জায়গা আছে।’
প্রসঙ্গত, দেশজুড়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ‘বন্দে মাতরম’-এর ১৫০ বছর পূর্তি উদযাপন চলছে। সে আবহেই সাহিত্য সম্রাটের জন্মজয়ন্তীর অনুষ্ঠানে জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম তৈরির ঘোষণা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এদিন গত বছরের একটি ঘটনারও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, গত বছর তাঁকে কলেজ স্ট্রিটে বঙ্কিমচন্দ্রের এই বাড়িতে প্রবেশ করতে দেওয়া হয়নি। যদিও সে সময় তিনি বাড়ির বাইরেই বঙ্কিমচন্দ্রের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছিলেন। সেই প্রসঙ্গ টেনে তিনি মন্তব্য করেন, ‘বন্দে মাতরমের ১৫০ বছরে এখানকার রাস্তা খুঁড়ে দিয়েছিল।’
রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এবার সেই ঐতিহাসিক বাড়িতেই সরকারি উদ্যোগে পালিত হল সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯তম জন্মজয়ন্তী। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর জাতীয় মানের ‘বন্দে মাতরম’ মিউজিয়াম গড়ে তোলার ঘোষণা নতুন করে গুরুত্ব পেয়েছে।
❤ Support Us





