Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • জুন ৩০, ২০২৬

হলদিয়া পেট্রোকেমিক্যালে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে আহত ৩৫, গুরুতর ৫

আরম্ভ ওয়েব ডেস্ক
হলদিয়া পেট্রোকেমিক্যালে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে আহত ৩৫, গুরুতর ৫

মঙ্গলবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল হলদিয়া পেট্রোকেমিক্যালে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, প্রবল বৃষ্টির মধ্যে বজ্রপাতের জেরে সংস্থার একটি ন্যাপথা পাইপলাইনে লিকেজ তৈরি হয়। এরপর মুহূর্তের মধ্যেই পাইপলাইনে আগুন ধরে যায় এবং তা দ্রুত আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এই ঘটনায় অন্তত ৩৫ জন ঝলসে গিয়েছেন বলে খবর। তাঁদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।
ঘটনার খবর পেয়েই দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর পাশাপাশি পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরাও।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ভোররাত থেকেই এলাকায় প্রবল বৃষ্টি ও একের পর এক বজ্রপাত হচ্ছিল। সেই সময় আচমকাই ন্যাপথা পাইপলাইন থেকে লিকেজ শুরু হয় এবং অল্প সময়ের মধ্যেই সেখানে ভয়াবহ আগুন লেগে যায়। আগুনের তীব্রতা এতটাই ছিল যে আশপাশের কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়ে ভস্মীভূত হয়েছে বলে স্থানীয়দের দাবি।
অগ্নিকাণ্ডের জেরে হলদিয়া পেট্রোকেমিক্যাল চত্বরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে কর্মীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। স্থানীয়দের অভিযোগ, আগুন লাগার পর যাঁরা দ্রুত বাইরে বেরিয়ে আসার চেষ্টা করেছিলেন, তাঁদের অনেকেই আগুনে ঝলসে যান।
আহতদের দ্রুত উদ্ধার করে হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত ৫ জন-সহ আরও কয়েকজনকে তমলুক মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাকি আহতদের চিকিৎসা চলছে হলদিয়া মহকুমা হাসপাতালেই।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। তিনি প্রশাসনের তৎপরতার প্রশংসা করেন এবং আহতদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
যদিও ঠিক কী কারণে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। দমকলের প্রাথমিক অনুমান, বজ্রপাতের জেরেই পাইপলাইনে আগুন লেগে থাকতে পারে। ঘটনার প্রকৃত কারণ জানতে ইতিমধ্যেই হলদিয়া পেট্রোকেমিক্যাল কর্তৃপক্ষ এবং পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে।
এক বিবৃতিতে হলদিয়া পেট্রোকেমিক্যাল কর্তৃপক্ষ জানিয়েছে, গোটা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বর্তমানে সংস্থার প্রধান লক্ষ্য সমস্ত কর্মীর নিরাপত্তা নিশ্চিত করা এবং আহতদের প্রয়োজনীয় সহায়তা প্রদান। তদন্ত শেষ হলে ঘটনাটি নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে।

  • Tags:
❤ Support Us
error: Content is protected !!