Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ৩০, ২০২৬

২১ জুলাই সভা নয় ধর্মতলায়, ভিক্টোরিয়া হাউস ঘিরে টানাপড়েনের মধ্যে তৃণমূলের দুই শিবিরকেই পুলিশের ‘না’

আরম্ভ ওয়েব ডেস্ক
২১ জুলাই সভা নয় ধর্মতলায়, ভিক্টোরিয়া হাউস ঘিরে টানাপড়েনের মধ্যে তৃণমূলের দুই শিবিরকেই পুলিশের ‘না’

২১ জুলাইয়ের শহিদ দিবস উপলক্ষে ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করার অনুমতি এবার দেওয়া হবে না বলে জানিয়ে দিল কলকাতা পুলিশ। লালবাজারের তরফে স্পষ্ট করা হয়েছে, শহরের অন্যতম ব্যস্ত এলাকায় রাস্তা আটকে রাজনৈতিক কর্মসূচি করা যাবে না। ফলে কালীঘাটপন্থী তৃণমূল এবং ঋতব্রত শিবির—উভয় পক্ষের আবেদনই কার্যত বাতিল হয়েছে।

এই ঘটনায় আগেই রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছিল। দুই শিবিরই ভিক্টোরিয়া হাউসের সামনে সভার অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন জানায়। তার আগেই রবিবার কালীঘাট শিবিরের কুণাল ঘোষ ও দোলা সেনদের সেখানে ফিতে দিয়ে মাপজোক করতে দেখা যায়, যা নিয়ে বিতর্ক আরও বাড়ে। পরে বিষয়টি নিয়ে বিধানসভায় কটাক্ষ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি মাপজোকের প্রসঙ্গ টেনে সমালোচনা করেন এবং বড় সমাবেশের কথা বলে ব্রিগেডে যাওয়ার পরামর্শ দেন।

এরপরই মাপজোকের মাধ্যমে যান চলাচলে বাধা দেওয়ার অভিযোগে দোলা সেন ও কুণাল ঘোষের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হয়। ঠিক তার পরদিনই লালবাজার জানিয়ে দেয়, ধর্মতলায় ওই স্থানে সভা করা যাবে না।

এই সিদ্ধান্তের পর কালীঘাট শিবিরের শুভাশিস চক্রবর্তী জানান, এখনও পুলিশের লিখিত নির্দেশ হাতে আসেনি, তাই এ বিষয়ে এখনই মন্তব্য করা সম্ভব নয়। অন্যদিকে ঋতব্রত শিবিরের আখরুজ্জামান বলেন, শহিদ দিবস পালন করা হবেই, তবে তা মানুষের অসুবিধা না করে এবং আলোচনার মাধ্যমেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

দলীয় বিভাজনের আবহে এ বছর ২১ জুলাই কর্মসূচি নিয়ে প্রথমে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ধর্মতলাতেই নির্ধারিত জায়গায় সমাবেশ হবে এবং সেখানেই বিস্তারিত বক্তব্য রাখা হবে। অতীতের মতোই এই দিনকে কেন্দ্র করে বড় জমায়েতের প্রস্তুতির ইঙ্গিতও দেন তিনি।

উল্লেখ্য, তৃণমূল কংগ্রেস বিরোধী দলে থাকাকালীন সময় থেকেই ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে ২১ জুলাইয়ের শহিদ দিবস পালন করে আসছে। ৩৩ বছরের মধ্যে কয়েকটি ব্যতিক্রম ছাড়া, যেমন ২০১১ সালে ব্রিগেড ময়দানে এবং ২০২০–২১ সালে কোভিড পরিস্থিতির কারণে, এই কর্মসূচি ধর্মতলা থেকে সরেনি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!