Advertisement
  • দে । শ
  • জুন ৩০, ২০২৬

কড়া বার্তা হাইকোর্টের, ডিম ছোড়া নিয়ে এফআইআর দায়েরের নির্দেশ। ২০ জুলাইয়ের মধ্যে রিপোর্ট তলব

আরম্ভ ওয়েব ডেস্ক
কড়া বার্তা হাইকোর্টের, ডিম ছোড়া নিয়ে এফআইআর দায়েরের নির্দেশ। ২০ জুলাইয়ের মধ্যে রিপোর্ট তলব

বিরোধী নেতাদের লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনাকে কেন্দ্র করে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, ডিম ছুড়ে হেনস্থা বা আক্রমণের অভিযোগে অবশ্যই এফআইআর দায়ের করতে হবে। একই সঙ্গে আদালতের পর্যবেক্ষণ, কোনও ব্যক্তি বা গোষ্ঠী নিজেদের হাতে আইন তুলে নিতে পারেন না। আইনশৃঙ্খলা বজায় রাখা এবং প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাজ্যের দায়িত্ব।
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, এ ধরনের ঘটনার মোকাবিলায় রাজ্য সরকারকে একটি সুস্পষ্ট গাইডলাইন তৈরি করতে হবে এবং তা জনসমক্ষে ব্যাপকভাবে প্রচার করতে হবে। পাশাপাশি, ডিম ছোড়ার মতো ঘটনায় কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে, সেই বিষয়েও সাধারণ মানুষকে সচেতন করার নির্দেশ দিয়েছে আদালত।
হাইকোর্ট আরও নির্দেশ দিয়েছে, ডিম ছোড়ার ঘটনাকে কেন্দ্র করে এখনও পর্যন্ত রাজ্যে কতগুলি মামলা দায়ের হয়েছে, তার বিস্তারিত তথ্য আগামী ২০ জুলাই হলফনামা আকারে আদালতে জমা দিতে হবে। সেই সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে কী কী আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে, তাও জানাতে হবে রাজ্য সরকারকে।
ডিম ছোড়ার একাধিক ঘটনা নিয়ে এর আগেও মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী এবং রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁরা বারবার এ ধরনের ঘটনার কড়া নিন্দা করে জানিয়েছেন, কোনও নাগরিকেরই আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত নয়। কোনও অভিযোগ থাকলে তা পুলিশ বা প্রশাসনের কাছে জানাতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা আইন অনুযায়ী পুলিশ-প্রশাসনই নেবে।
গত কয়েক মাসে রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূলের একাধিক নেতাকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা সামনে এসেছে। কোথাও স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করতে ডিম ছুড়েছেন, আবার কোথাও অভিযুক্ত তৃণমূল নেতাদের গ্রেপ্তারের সময় বা আদালতে তোলার সময়ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। এই প্রেক্ষাপটেই জনস্বার্থ মামলার শুনানিতে কড়া অবস্থান নেয় কলকাতা হাইকোর্ট।

  • Tags:
❤ Support Us
error: Content is protected !!