Advertisement
  • দে । শ
  • জুন ৩০, ২০২৬

ভোট-পরবর্তী হিংসার অভিযোগ, ঘরছাড়াদের আইনি সহায়তায় ‘এক ডাকে অভিষেক’। চালু বিশেষ হেল্পলাইন

আরম্ভ ওয়েব ডেস্ক
ভোট-পরবর্তী হিংসার অভিযোগ, ঘরছাড়াদের আইনি সহায়তায় ‘এক ডাকে অভিষেক’। চালু বিশেষ হেল্পলাইন

ভোট-পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন জেলায় তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপর হামলা, ঘরছাড়া এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় জড়ানোর অভিযোগ তুলে তাঁদের আইনি সহায়তা দিতে নতুন উদ্যোগ নিল তৃণমূল কংগ্রেস। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হয়েছে ‘এক ডাকে অভিষেক’ নামে বিশেষ কর্মসূচি। এই কর্মসূচির আওতায় চালু করা হয়েছে একটি বিশেষ হেল্পলাইন নম্বর—৭৮৮৭৭৭৮৮৭৭।
তৃণমূলের দাবি, নির্বাচনের পর রাজ্যের বিভিন্ন এলাকায় তাঁদের বহু কর্মী বিজেপির অত্যাচারের শিকার হয়েছেন। অনেককে ঘরছাড়া হতে হয়েছে এবং একাধিক কর্মীর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত কর্মীদের আইনি সহায়তা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার লক্ষ্যেই ‘এক ডাকে অভিষেক’ কর্মসূচি চালু করা হয়েছে।
অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই ফেসবুক পোস্টের মাধ্যমে এই উদ্যোগের কথা ঘোষণা করেছেন। কর্মসূচির পোস্টারে লেখা হয়েছে, ‘নির্বাচন পরবর্তী হিংসায় বিজেপির অত্যাচারে ঘরছাড়া, নিপীড়িত এবং রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যে মামলায় জড়িত কর্মীদের সুবিধার্থে… যে কোনও আইনি সহায়তার জন্য যোগাযোগ করুন।’
অন্যদিকে, বিজেপি এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূলের অভিযোগের সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই। পাশাপাশি, দলের তরফে জানানো হয়েছে, কোনও বিজেপি কর্মীর বিরুদ্ধে আইনভঙ্গের অভিযোগ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, ভোট-পরবর্তী সময়ে তৃণমূলের একাংশের নেতা, বিধায়ক ও সাংসদের দলত্যাগ এবং রাজনৈতিক অবস্থান বদল নিয়েও রাজ্যের রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে। এই আবহে তৃণমূলের নতুন আইনি সহায়তা কর্মসূচি কতটা কার্যকর হয় এবং ক্ষতিগ্রস্ত কর্মীদের পাশে কতটা পৌঁছতে পারে, সেদিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।
অন্যদিকে, নিরাপত্তা ব্যবস্থাও আরও জোরদার করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির গেটেও ভিউ কাটার বসানোর কাজ শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে তাঁর বাড়ির প্রবেশদ্বার ঢেকে দেওয়ার কাজ করতে দেখা যায়। এর ফলে বাইরে থেকে আর বাড়ির ভিতরের অংশ দেখা যাবে না।

  • Tags:
❤ Support Us
error: Content is protected !!