Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুলাই ৩, ২০২৬

রাজ্যে আরও ৯টি নতুন ফাস্ট ট্র্যাক কোর্টের অনুমোদন, ৩৬টি শূন্যপদে নিয়োগ

আরম্ভ ওয়েব ডেস্ক
রাজ্যে আরও ৯টি নতুন ফাস্ট ট্র্যাক কোর্টের অনুমোদন, ৩৬টি শূন্যপদে নিয়োগ

রাজ্যের গুরুত্বপূর্ণ ফৌজদারি মামলার দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করতে বড়ো পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। বৃহস্পতিবার অনুষ্ঠিত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে মোট ৯টি নতুন ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। একইসঙ্গে এই আদালতগুলির কার্যক্রম পরিচালনার জন্য মোট ৩৬টি নতুন শূন্যপদে নিয়োগেরও অনুমোদন মিলেছে। ফলে বিচার ব্যবস্থায় গতি আনার পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি হচ্ছে।

সূত্রের খবর, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, মালদা, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর এবং কলকাতার নগর দায়রা আদালতে একটি করে মোট ৯টি ফাস্ট ট্র্যাক কোর্ট স্থাপন করা হবে। বিশেষ করে যৌন নির্যাতন এবং ‘পকসো’  আইনের অধীনে দায়ের হওয়া মামলাগুলির দ্রুত বিচার ও নিষ্পত্তিতে এই আদালতগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রশাসনের আশা। দীর্ঘদিন ধরেই বিচার ব্যবস্থায় মামলার জট কমানো এবং সংবেদনশীল মামলাগুলির দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে আরও ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের দাবি উঠছিল। নতুন সিদ্ধান্ত সে দিকেই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, আগের সরকারের আমলে বাংলায় নতুন ফাস্ট ট্র্যাক কোর্ট গঠনের বিষয়ে কেন্দ্রীয় আইন মন্ত্রকের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছিল। তৎকালীন কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে জানিয়েছিলেন, পশ্চিমবঙ্গের জন্য মোট ১২৩টি বিশেষ ফাস্ট ট্র্যাক আদালত অনুমোদিত হয়েছে, যার মধ্যে ২০টি ছিল পকসো আদালত। তবে সে প্রস্তাবে রাজ্য সরকার সম্মতি দেয়নি বলে অভিযোগ করেছিলেন তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। কলকাতায় এক সাংবাদিক বৈঠকে তিনি এই অভিযোগ প্রকাশ্যে আনেন।

রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর নতুন করে ফাস্ট ট্র্যাক কোর্টের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। এর ফলে বিচার প্রক্রিয়া আরও দ্রুত ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, সাধারণ আদালতের তুলনায় ফাস্ট ট্র্যাক কোর্টে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সাক্ষ্যগ্রহণ, শুনানি এবং বিচার প্রক্রিয়া সম্পন্ন করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। তাই যৌন নির্যাতন, ‘পকসো’-সহ অন্যান্য সংবেদনশীল মামলার দ্রুত নিষ্পত্তিতে এই আদালতগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!