- পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
- জুলাই ৫, ২০২৬
এক অর্ধ-গবেষকের বিদ্যাদাতা
কইরে রে আগের মানুষ কই
প্রশ্ন জাগতে পারে, কাছে-পিঠে জন্ম দিন নয়, মৃত্যুদিনও নয়, হঠাৎ কেন স্মরণে এলেন ইতিহাসবেত্তা সুজিৎ চৌধুরী ! এ বিষয়ে উত্তর আমাদের সংক্ষিপ্ত, অতীতের সঙ্গে নয়, ইতিহাসের সঙ্গেই বসবাস করতে চাই আমরা, এরকম বয়ানে আক্ষেপ নেই, বিষণ্নতা নেই, দাঁড়িয়ে আছে নির্মাণ আর বিনির্মাণের সঙ্কল্প।
গৌহাটি বিশ্ববিদ্যালয়ে [১৯৭৫-৭৯] কখনো মহেশ্বর নেওঁগ, কখনো হীরেন গোঁহাই-এর তত্ত্বাবধানে, দান্তে আর মহিউদ্দিন ইবনে আরবির দর্শন ও কবিতা নিয়ে গবেষণা করছি তখন, পড়াচ্ছি আরবি বিভাগে, পড়ানোর চেয়ে অপ্রাসঙ্গিক বিষয়আশয়ে ঝোঁক বেশি, গবেষণাজাত অনুসন্ধানেও বারবার বন্ধনহীনতা, অস্থিরতা ঘটছে — ক্লাস শেষে ক্যাম্পাসে আড্ডা দিই, হঠাৎ হঠাৎ টানা কয়েক ঘণ্টা ভার্সিটি লাইব্রেরির বইয়ের তাকে ঢুকে থাকি, প্রায়ই লক্ষ্য করতাম, শ্যামলা বর্ণের একজনকে, পরনে তাঁর পাঞ্জাবি পাজামা, কলাবিভাগ থেকে বেরিয়ে লাইব্রেরির দিকে ছুটে যাচ্ছেন, ফিরছেন নিঃসঙ্গ রাতে, দিন কয়েক পরেই কী করে যেন, সম্ভবত আমার আরেক পথদ্রষ্টা উষারঞ্জন ভট্টাচার্য ক্যান্টিনের আড্ডায় আলাপ করিয়ে দিয়ে বললেন, এর নাম বাহার, ওই যে আলাপের শুরু – তার শেষ নেই আজও, মৃত্যুর পরেও, সুজিৎ দা সঙ্গ দেন আমাকে। প্রেমিক মানুষ, প্রগাঢ় তাঁর জিজ্ঞাসা, আমার একান্ত ব্যক্তিগত প্রেমসঙ্কটে, কিংবা যে কোনো প্রশ্নের মীমাংসাতেও অন্তঃশ্রোতা, ব্রহ্মপুত্রের মতো তাঁর পরামর্শ, তাঁর উপদেশ অপরিহার্য হয়ে ওঠে। ক্যাম্পাসের আড্ডায়, বাইরের হাঁটাহাঁটিতে, বাড়িতে, প্রথাভেদী গবেষণা, অর্ধ-গবেষণার কাজ কর্মেও।
সুজিৎ দা-ই প্রথম শেখালেন, তোমাকে সামাজিক নৃতত্ত্ব পড়তে হবে, পড়তে হবে মরগান, ম্যাকসওয়েবার, টয়েন বি; নতুন করে বাংলার নবজাগরণকে খুঁজতে হবে এবং দেখতে হবে পূর্বসুর তোমার উত্তরসুরে কীভাবে বাজছে। আমার মতো অর্ধ-গবেষক, অর্ধ-প্রভাষকের দিনযাপনে, অর্ধ-সাংবাদিকতায়ওঁ সুজিৎ দা এমন এক বিদ্যাদাতা, যাঁকে ভুলে থাকা সম্ভব নয়। তাঁর সংস্পর্শে না এলে, সামাজিক নৃতত্ত্ব আমার নাগালের বাইরে থেকে যেত, ভাষাতত্ত্ব, সাহিত্যতত্ত্ব, ইতিহাসের পূর্ণপাঠ থেকেও ব্যক্তিগত অবস্থান অনেকানেক দূরে থাকত; স্বীকার করতে দ্বিধা নেই যে, আমি পুরোপুরি অসম্পূর্ণ এবং অস্থির এবং কিছুটা পল্লবগ্রাহী, খাঁচার ভেতরে মামুলি আমার ধাঁচ, সুজিৎ দা যা চেয়েছিলেন, ইহজাগতিতায় পূর্ণ হলো না তা।
♦–♦♦–♦♦–♦♦–♦
❤ Support Us




