Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • জুলাই ৭, ২০২৬

হরমুজে আবার উত্তেজনা, দুটি জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, হুমকির মুখে চুক্তি

আরম্ভ ওয়েব ডেস্ক
হরমুজে আবার উত্তেজনা, দুটি জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, হুমকির মুখে চুক্তি

ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তি নিয়ে আলোচনা চলছে। এই আলোচনার মাঝেই হরমুজ প্রণালীতে উত্তেজনা আবারও বেড়েছে। সোমবার রাতে ইরানি বাহিনী হরমুজ প্রণালী অতিক্রমকারী দুটি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এমনই দাবি করেছে মার্কিন কর্মকর্তারা। দুটি জাহাজই ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। এই ঘটনাটি এই অঞ্চলে উত্তেজনাকে নতুন করে উস্কে দিয়েছে। সংকটে ফেলে দুই দেশের মধ্যে চুক্তিকে।
হরমুজ প্রণালীতে হামলা বন্ধ রাখার জন্য মর্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এক সপ্তাহব্যাপী চুক্তির মেয়াদ শেষ হওয়ার মাত্র কয়েকদিন পরেই এই হামলার ঘটনাটি ঘটল। মার্কিন কর্মকর্তারা বলেছেন, এই হামলাটি প্রায় তিন সপ্তাহ আগে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত ১৪ দফা সমঝোতা স্মারককেও (এমওইউ) হুমকির মুখে ফেলেছে। মনে করা করা হচ্ছে, হরমুজ প্রণালীতে জাহাজের ওপর ইরানের এই ক্ষেপনাস্ত্র হামলার  প্রতিশোধ হিসেবে পাল্টা হামলা চালাতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র।
ব্রিটেনের ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) সোমবার জানিয়েছে, তাদের জানানো হয়েছে যে, ওমানের উপকূলের কাছে দক্ষিণ দিকে যাওয়া একটা তেল ট্যাঙ্কার ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়েছে। যার ফলে জাহাজটিতে আগুন লেগে যায়। একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, দ্বিতীয় একটা বাণিজ্যিক জাহাজও ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। উভয় জাহাজই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সৌভাগ্যবশত, কোনও নাবিক নিহত বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
গত সপ্তাহের শুরুতে কাতারের রাজধানী দোহায় হরমুজ প্রণালী নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। তবে, এই আলোচনায় কোনও উল্লেখযোগ্য ফলাফল আসেনি। এদিকে, দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, আক্রান্ত জাহাজগুলোর মধ্যে কাতারের এলএনজি ট্যাংকার ‘আল রেকায়াত’ থাকতে পারে। এই জাহাজটি কাতারের এলএনজি শিপিং কোম্পানি নাকিলাতের মালিকানাধীন।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর বলে দাবি করা একটা অডিও রেকর্ডিংয়েরও উল্লেখ করা হয়েছে। সেই অডিওতে জাহাজগুলোকে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জন্য প্রস্তুত থাকার বিষয়ে সতর্ক করা হয়েছে। রেডিও বার্তা অনুসারে, ক্ষেপণাস্ত্রটি আল রেকায়াত জাহাজের ওপরের বাম দিকের ইঞ্জিন রুমে আঘাত হানে, যার ফলে ধোঁয়া ও আগুন ধরে যায়। তবে, জাহাজে থাকা সকল নাবিক নিরাপদে আছেন।
হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ। বিশ্বের তেল ও গ্যাসের একটি উল্লেখযোগ্য অংশ এর মধ্য দিয়ে যায়। নতুন করে শুরু হওয়া এই হামলাগুলো বৈশ্বিক তেল সরবরাহ, জ্বালানি বাজার এবং পশ্চিম এশিয়ার নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!