Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুলাই ৭, ২০২৬

কলকাতায় ফের ইডি অভিযান, তৃণমূল ঘনিষ্ঠ চার্টার্ড বিমান সংস্থার মালিকের বাড়িসহ পাঁচ জায়গায় তল্লাশি

আরম্ভ ওয়েব ডেস্ক
কলকাতায় ফের ইডি অভিযান, তৃণমূল ঘনিষ্ঠ চার্টার্ড বিমান সংস্থার মালিকের বাড়িসহ পাঁচ জায়গায় তল্লাশি

তৃণমূলের দলীয় তহবিল সংক্রান্ত মামলার তদন্তে মঙ্গলবার সকাল থেকে একযোগে অভিযান শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) । কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা কলকাতা ও সল্টলেক-সহ মোট পাঁচটি জায়গায় তল্লাশি চালাচ্ছেন । কলকাতার লালবাজার সংলগ্ন একটি ঠিকানা এবং সল্টলেকের সিজি ব্লকের এক ব্যবসায়ীর বাড়িও রয়েছে ।
তদন্ত সূত্রে জানা গিয়েছে, ওই ব্যবসায়ীর একাধিক সংস্থা রয়েছে । তার মধ্যে চার্টার্ড বিমান পরিষেবা প্রদানকারী সংস্থা কেয়ারওয়েল অ্যাভিয়েশন-ও রয়েছে । অভিযোগ, অতীতে এই সংস্থা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ তৎকালীন শাসকদলের একাধিক ভিভিআইপি নেতাকে চার্টার্ড বিমান পরিষেবা দিয়েছিল । সেই সূত্র ধরেই সংস্থার মালিকের বাড়িতেও তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকেরা ।
মামলার সূত্রপাত হয় তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্টকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কের পর । বিধানসভা নির্বাচনে দলের খারাপ ফল এবং তার পরবর্তী রাজনৈতিক ভাঙনের আবহে প্রাক্তন কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানিয়েছিলেন । ব্যাঙ্ক কর্তৃপক্ষের কাছে পাঠানো চিঠিতে তিনি নিজেকে দলের কোষাধ্যক্ষ হিসেবেই উল্লেখ করেছিলেন ।
গত ১৮ জুন দক্ষিণ ২৪ পরগনার এক বিধায়ক বিধাননগর সাইবার থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ ছিল, একটি বৃহৎ সাইবার প্রতারণা চক্রের অর্থ কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রবেশ করেছে এবং সেই অ্যাকাউন্টগুলির মধ্যে তৃণমূল কংগ্রেসের কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্টও থাকতে পারে বলে সন্দেহ রয়েছে।
অভিযোগের ভিত্তিতে পুলিশ এফআইআর দায়ের করে। পরদিনই সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলিকে তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অর্থ উত্তোলন বা ডেবিট লেনদেন সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয় । পরবর্তীতে এই মামলার তদন্তভার গ্রহণ করে ইডি । সেই তদন্তের অংশ হিসেবেই মঙ্গলবার সকাল থেকে একাধিক জায়গায় তল্লাশি অভিযান শুরু হয়েছে ।
উল্লেখ্য, সম্প্রতি পূর্বতন সরকারের আমলে তৎকালীন শাসকদলের বিভিন্ন নেতার চার্টার্ড বিমানে যাতায়াত নিয়ে তৃণমূলের অন্দরে বিতর্ক তৈরি হয়েছিল । ঋতব্রত শিবির এবং কালীঘাট শিবির — উভয় পক্ষই প্রকাশ্যে এ বিষয়ে মন্তব্য করে । সেই বিতর্কের আবহ কাটতে না কাটতেই তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তদন্তে চার্টার্ড বিমান সংস্থার মালিকের বাড়িতে ইডির অভিযান নতুন করে রাজনৈতিক তাৎপর্য তৈরি করেছে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!