Advertisement
  • বি। দে । শ
  • জুলাই ১০, ২০২৬

চিনের জিনজিয়াংয়ে জুতো তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

আরম্ভ ওয়েব ডেস্ক
চিনের জিনজিয়াংয়ে জুতো তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮

পূর্ব চিনের ফুজিয়ান প্রদেশের হুইটেং জুতো তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। জিনজিয়াং শহরের চেনদাই টাউনশিপের জিয়াংতোউ গ্রামের কাইতুও রোড ইস্টে অবস্থিত এই হুইটেং জুতো কারখানা। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১২টা নাগাদ আগুন লাগে। কয়েক মিনিটের মধ্যেই পুরো কারখানাটিকে আগুন গ্রাস করে ফেলে এবং আকাশে ঘন কালো ধোঁয়া উড়তে থাকে।

আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নিকটবর্তী কুয়ানঝৌ কর্তৃপক্ষ ১৮৩ জন দমকলকর্মী ও ৩৫টি দমকলের গাড়ি পাঠায়। উদ্ধারকারী দলগুলি ঘণ্টার পর ঘণ্টা প্রচেষ্টার পর অবশেষে বিকেলের দিকে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হয়। চিনের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা এক ভিডিওতে কারখানার ভয়াবহ আগুনের দৃশ্য দেখা গেছে। আগুনের শিখা কারখানার বিশাল অংশ গ্রাস করে ফেলেছিল এবং ঘন ধোঁয়া আকাশে উড়ছিল। কারখানার ছাদে বেশ কয়েকজন আটকে পড়েন। তাঁরা সাহায্যের জন্য হাত নাড়তে থাকেন। উদ্ধারকারী দল তাঁদের কাছে পৌঁছনোর চেষ্টা করে। রাত পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি।
চিনের রাষ্ট্রপতি শি জিনপিং কারখানার ভেতরে আটকে পড়া প্রত্যেককে উদ্ধার করতে ও আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে কর্তাদের নির্দেশ দিয়েছেন। সিনহুয়ার তথ্যমতে, শি জিনপিং ক্ষতিগ্রস্ত পরিবারবর্গকে যথাযথ সহায়তা করতে এবং আগুন লাগার কারণ খুঁজে বার করার জন্য দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, দোষীদের জবাবদিহি করতে হবে এবং তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।

শি জিনপিং জানান যে, এ বছর চিনে বেশ কয়েকটি বড় শিল্প নিরাপত্তা দুর্ঘটনা ঘটেছে এবং তিনি সারা দেশের কর্মকর্তাদের এই সাম্প্রতিক ঘটনা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান। জিনপিং বলেছেন, ‘‌সব বিভাগের উচিত এই ঘটনাগুলি থেকে শিক্ষা নেওয়া এবং উন্নয়ন ও নিরাপত্তার মধ্যে আরও ভাল সমন্বয় সাধন করা। শিল্প নিরাপত্তার ওপর সর্বদা কড়া নজর রাখা উচিত।’‌ চিনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধারকার্য পরিচালনা করতে এবং আগুন লাগার সময় কারখানার ভেতরে কতজন শ্রমিক ছিলেন তা নির্ধারণ করতে তারা জাতীয় অগ্নিনির্বাপণ ও উদ্ধার প্রশাসনের সঙ্গে একটা যৌথ টাস্ক ফোর্স জিনজিয়াং-এ পাঠিয়েছে।

আগুন লাগার ঘটনাটি চিনের অন্যতম গুরুত্বপূর্ণ উৎপাদন কেন্দ্রে ঘটেছে। চেনদাই টাউনশিপকে শিনজিয়াং-এর জুতো শিল্পের কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়। এই এলাকাটি প্রতি বছর এক বিলিয়নেরও বেশি স্পোর্টস শু উৎপাদন করে, যা এটাকে বিশ্বের অন্যতম বৃহত্তম জুতো উৎপাদন কেন্দ্রে পরিণত করেছে। বিশ্বব্যাপী উৎপাদিত প্রতি পাঁচটি অ্যাথলেটিক জুতোর মধ্যে একটা শুধুমাত্র জিনজিয়াংয়েই তৈরি হয়, যা দেশীয় ও আন্তর্জাতিক উভয় বাজারেই পণ্য সরবরাহ করে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!