Advertisement
  • দে । শ
  • জুলাই ২০, ২০২৬

নাড্ডার সঙ্গে বৈঠকে বসছে ককরোচ পার্টি ! হাসপাতাল থেকে কিছুক্ষণের ‘ছুটি’ চাইলেন ওয়াংচুক

আরম্ভ ওয়েব ডেস্ক
নাড্ডার সঙ্গে বৈঠকে বসছে ককরোচ পার্টি ! হাসপাতাল থেকে কিছুক্ষণের ‘ছুটি’ চাইলেন ওয়াংচুক

অবশেষে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে কেন্দ্রীয় সরকার। সোমবার সিজেপি-র সংসদ ভবন অভিযান চলাকালীন সরকারের তরফে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয় বলে দাবি করেছেন দলের নেতারা। সিজেপি-র প্রধান মুখপাত্র সৌরভ দাস এবং দলের অন্যতম মুখপাত্র আশুতোষ রাঙ্কা কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন।
যদিও এ বিষয়ে কেন্দ্রের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে সিজেপি নেতারা জানিয়েছেন, নড্ডা তাঁদের সঙ্গে আলোচনায় বসার জন্য সময় দিয়েছেন। সেই অনুযায়ী সোমবার সকালেই নড্ডার সঙ্গে দেখা করতে রওনা হন সৌরভ ও আশুতোষ।
সৌরভ দাস সমাজমাধ্যমে লেখেন, ‘‘আমি এবং আশুতোষ রাঙ্কা ককরোচ জনতা পার্টির তরফে জেপি নড্ডার সঙ্গে দেখা করতে যাচ্ছি। সকালে সরকার আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল। আমাদের দাবি একেবারেই স্পষ্ট। তরুণ প্রজন্ম বিপুল সংখ্যায় আমাদের সঙ্গে যোগ দিয়েছে।’’
শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট (NEET) পরীক্ষার প্রশ্নফাঁসের প্রতিবাদে গত ২৮ জুন থেকে দিল্লির যন্তর মন্তরে অনশনে বসেছিলেন সোনম ওয়াংচুক। তিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিও তুলেছিলেন। ককরোচ জনতা পার্টির দাবিগুলিকেও তিনি সমর্থন জানিয়েছিলেন।
অনশনের ২১তম দিনে, গত শনিবার সোনম ওয়াংচুককে বিক্ষোভস্থল থেকে সাদা পোশাকের পুলিশ সরিয়ে নিয়ে যায়। বর্তমানে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে রাখা হয়েছে। তাঁকে বেআইনি ভাবে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন সোনম।
সোমবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে একটি চিঠি দিয়ে তিনি সাময়িক ভাবে হাসপাতাল ছাড়ার অনুমতি চান। চিঠিতে সোনম লেখেন, ‘‘আমি আজ খুব ভাল আছি। আমার স্বাস্থ্যের সমস্ত সূচক স্বাভাবিক রয়েছে। দয়া করে আমাকে সাময়িক ভাবে হাসপাতাল ছাড়ার অনুমতি দিন, যাতে আমি সংসদ ভবন অভিযানে যোগ দিতে পারি।’’
এই চিঠির ছবি সমাজমাধ্যমেও প্রকাশ করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, ‘‘সোনম ওয়াংচুক আপনাদের সকলের সঙ্গে দেখা করার জন্য যথাসাধ্য চেষ্টা করছেন। তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানিয়েছেন যে তিনি সম্পূর্ণ সুস্থ। হাসপাতাল বলছে তাঁকে আটকে রাখা হয়নি। তাহলে এই নিষেধাজ্ঞা কেন?’’
এদিকে সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি জে আংমো তাঁকে সফদরজং হাসপাতাল থেকে অন্য হাসপাতালে স্থানান্তরের আবেদন জানিয়েছেন। এই বিষয়ে তিনি দিল্লি হাই কোর্টে মামলাও করেছেন। রবিবার সিঙ্গল বেঞ্চ তাঁর আবেদন খারিজ করে দেয়। এরপর তিনি ডিভিশন বেঞ্চের কাছে বিষয়টি উত্থাপন করেন।
সোমবার সিজেপি-র সংসদ ভবন অভিযানে প্রায় ১০ হাজার মানুষের জমায়েত হয় বলে দাবি করা হয়েছে। সোনম ওয়াংচুকের অনুরোধেই ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপক অনশন প্রত্যাহার করেন। পাশাপাশি, যন্তর মন্তরে অনশনরত তিন ছাত্রনেতাও তাঁদের আন্দোলন শেষ করার সিদ্ধান্ত নেন।

  • Tags:
❤ Support Us
Advertisement
error: Content is protected !!