- বি। দে । শ
- জুলাই ২৯, ২০২৬
ইরান–মার্কিন যুদ্ধে জড়িয়ে পড়ল সৌদি আরব, ইরাকের জঙ্গি ঘাঁটিতে ব্যাপক বোমাবর্ষণ
মধ্যপ্রাচ্যে ইরান–মার্কিন যুক্তরাষ্ট্র চলমান উত্তেজনার মধ্যে এবার সরাসরি জড়িয়ে পড়ল সৌদি আরবও। মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় ইরাকে ব্যাপক বোমাবর্ষণ শুরু করেছে সৌদি আরব বাহিনী। ব্যাপক হামলা চালিয়ে পূর্ব ইরাকে ইরান সমর্থিত জঙ্গি সংগঠনের বেশ কয়েকটি অস্ত্র ও রসদ ঘাঁটি সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে সৌদি আরবের যুদ্ধবিমান। সৌদি আরবের সঙ্গে যোগ দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানও। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের হামলার জবাবে এই যৌথ পদক্ষেপ নেওয়া হয়েছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে যে, গত তিন দিনে ‘আইআরজিসি’–র নির্দেশে ৩০টিরও বেশি ড্রোন হামলা চালানো হয়েছে। এর জবাবে মার্কিন ও সৌদি আরবের যুদ্ধবিমান পূর্ব ইরাকে মিলিশিয়াদের বেশ কয়েকটি অস্ত্র ও সরঞ্জাম রাখার গুদামে হামলা চালিয়েছে। ওয়াশিংটন সতর্ক করেছে যে, ‘আইআরজিসি’ ও তার মিত্ররা এই ড্রোন হামলা বন্ধ না করলে মার্কিন যুক্তরাষ্ট্র আরও কঠোর ব্যবস্থা নিতে পারে। সৌদি আরব মঙ্গলবার জানিয়েছে, তারা টানা দ্বিতীয় দিনের মতো ইরাক থেকে ইরান–সমর্থিত মিলিশিয়াদের পাঠানো ড্রোন ভূপাতিত করেছে। যেগুলি দেশটির পূর্বাঞ্চলের তেল স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছিল। সোমবার একই ধরনের হামলার অভিযোগের পর ইরাকের প্রধানমন্ত্রী আলী আল–জাইদি নিরাপত্তা সংস্থাগুলোকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
ইরাকি সংগঠনগুলি অবশ্য ড্রোন হামলার কথা অস্বীকার করেছে। ইরান–সমর্থিত গোষ্ঠীগুলির সমন্বিত সংগঠন, ‘ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক’, সৌদি আরবের অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে অভিহিত করেছে। তারা বলেছে, সোমবারের হামলাগুলি হুথি বিদ্রোহীরা চালিয়েছে। হুথিরা নিজেরাই সৌদি আরবের তেল স্থাপনাগুলিতে হামলার দায় স্বীকার করেছে। তবে, তেহরানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করা হয়নি।
ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ঘোষণা করলেও উত্তেজনা এখনও চরমে রয়েছে। কর্মকর্তারা বলছেন, দুই দেশকে আলোচনায় ফিরিয়ে আনতে মধ্যস্থতাকারীরা কিছুটা অগ্রগতি করেছেন। মঙ্গলবার ইরান জানিয়েছে, পূর্ববর্তী হামলায় মার্কিন যুক্তরাষ্ট্র তাদের একটা বিমানবন্দর ও একটা সমুদ্র নিয়ন্ত্রণ টাওয়ার সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে এবং ১২টি সেতু ও দুটি সুড়ঙ্গেরও ক্ষতি করেছে।
❤ Support Us







