- এই মুহূর্তে দে । শ
- জুলাই ৩০, ২০২৬
ফের বিক্ষোভের হুঁশিয়ারি সিজেপির, যন্তর মন্তরে কড়া নিরাপত্তা— মোতায়েন র্যাফ, দেওয়া হল ব্যারিকেড
দেশজুড়ে ফের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সেই সতর্কবার্তার জেরেই রাজধানী দিল্লির যন্তর মন্তর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ব্যাপকভাবে জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই এলাকাজুড়ে বসানো হয়েছে শত শত ব্যারিকেড। মোতায়েন করা হয়েছে র্যাফ (র্যাপিড অ্যাকশন ফোর্স)-সহ দিল্লি পুলিশের অতিরিক্ত বাহিনী। সম্ভাব্য অশান্তি এড়াতে গোটা এলাকাকে কার্যত নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে।
মঙ্গলবার সাংবাদিক বৈঠকে সিজেপি অভিযোগ করে, আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ নেওয়া হবে না বলে সরকার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি বলে দাবি দলের। সিজেপির মুখপাত্র আশুতোষ রাঙ্কার অভিযোগ, বিজেপি-শাসিত বিভিন্ন রাজ্যে শত শত ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে। আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত এফআইআর অবিলম্বে প্রত্যাহার এবং গ্রেপ্তার হওয়া সকলকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানান তিনি।
এই দাবিগুলি পূরণ না হলে দেশজুড়ে নতুন করে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেন আশুতোষ রাঙ্কা। এরপর থেকেই রাজধানীতে নতুন করে বিক্ষোভের আশঙ্কা তৈরি হয়েছে।
উল্লেখ্য, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে এর আগে যন্তর মন্তরে টানা ৩৬ দিন ধরে আন্দোলন চালিয়েছিল ‘আরশোলা’রা। সেই আন্দোলনের জেরে একাধিকবার উত্তপ্ত হয়েছিল এলাকা। নতুন করে সিজেপির আন্দোলনের ডাক ঘিরে এবারও যন্তর মন্তর উত্তপ্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে প্রশাসন।
❤ Support Us







