- এই মুহূর্তে দে । শ
- আগস্ট ১২, ২০২৬
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ,জলোচ্ছ্বাসের সতর্কতা, কলকাতায় সহ চার জেলায় অতিভারী বর্ষণ ও দুর্যোগের সতর্কতা
বঙ্গোপসাগরের উপর তৈরি হচ্ছে নিম্নচাপ অঞ্চল। এর প্রভাবে দক্ষিণবঙ্গজুড়ে ঝড়-বৃষ্টির দাপট বাড়তে পারে। উপকূলবর্তী জেলাগুলিতে শনিবার পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া চলার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতাতেও ভারী বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে। বুধবার বিকেল পর্যন্ত সমুদ্রে জলোচ্ছ্বাসের আশঙ্কা থাকায় মৎস্যজীবীদের সাগরে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়-বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। সেই কারণে ওই চার জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।
কলকাতা, হাওড়া, হুগলি এবং বাঁকুড়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি বজ্রপাতের সতর্কতাও রয়েছে।
বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের সাত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান রয়েছে সেই তালিকায়। শুক্রবার চার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা বহাল থাকবে। এরপর মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস থাকলেও এখনও নতুন করে সতর্কতা জারির মতো পরিস্থিতি তৈরি হয়নি।
সমুদ্রও উত্তাল থাকার আশঙ্কা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, সমুদ্রে দমকা হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে। শনিবার পর্যন্ত পশ্চিমবঙ্গ ও ওড়িশা সংলগ্ন সমুদ্রে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে। বুধবার বিকেল পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূলে ঢেউয়ের উচ্চতা ১.২ থেকে ১.৩ মিটার পর্যন্ত হতে পারে। পরিস্থিতির দিকে নজর রাখতে স্থানীয় প্রশাসনকেও সতর্ক করা হয়েছে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ঝড়-বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। বুধবার জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি রয়েছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড়-বৃষ্টির সতর্কতা রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। সপ্তাহান্তে উত্তরবঙ্গে দুর্যোগ আরও বাড়তে পারে বলে পূর্বাভাস। আগামী মঙ্গলবার পর্যন্ত পাহাড় ও সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সব মিলিয়ে বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে আগামী কয়েক দিন রাজ্যের বিভিন্ন প্রান্তে ঝড়-বৃষ্টি চলতে পারে। বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির পাশাপাশি সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কায় প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে।
❤ Support Us







